নিষিদ্ধ শ্রীলঙ্কার সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট
দল নির্বাচনে প্রভাব ফেলতে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীকে ঘুষ দিতে চেয়েছিলেন সানাৎ জয়াসুন্দরা। অভিযোগ প্রমাণ হওয়ায় শাস্তি পেয়েছেন সাবেক এই পারফরম্যান্স অ্যানালিস্ট।
আইসিসি সোমবার এক বিবৃতিতে জানায়, জয়াসুন্দরাকে সব ধরনের ক্রিকেট থেকে ৭ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানায়, ২০১৯ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কা ‘এ’ দলের সফরে দল নির্বাচনে প্রভাব রাখার জন্য ক্রীড়ামন্ত্রীকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন জয়াসুন্দরা।
২০১৮ সালের ডিসেম্বরে মন্ত্রীর দায়িত্ব নেন হারিন ফার্নান্দো। পরের মাসেই পাওয়া এই প্রস্তাবের কথা সঙ্গে সঙ্গে দুর্নীতি বিরোধী বিভাগকে জানিয়েছিলেন তিনি। এরপর থেকে তদন্ত শুরু করে আইসিসির দুর্নীতি দমন বিভাগ।
অভিযোগ ওঠার পর ওই বছরের ১১ মে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ওই সময় থেকেই বিবেচনা করা হবে তার নিষেধাজ্ঞার মেয়াদ।
