২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তানভিরের স্পিন ঝলকে শাইনপুকুরে ডুবল শেখ জামাল

দুই ওভার, দুটিই মেডেন, উইকেট তিনটি! টি-টোয়েন্টি ক্রিকেটে বলা যায় স্বপ্নের মতো বোলিং। তানভির ইসলামের এই দুই ওভার গড়ে দিল দারুণ এক জয়ের ভিত। তারুণ্যনির্ভর শাইনপুকুর হারিয়ে দিল অভিজ্ঞতায় ঠাসা শেখ জামালকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2021, 06:07 PM

Updated : 10 Oct 2022, 06:00 PM

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের জয় ১০ রানে।

তানভির নিজের পরের দুই ওভারে অবশ্য রান দেন কিছু, উইকেট পাননি আর। তার পরও তার বোলিং ফিগার দুর্দান্ত, ৪-২-৮-৩। ম্যাচের সেরা এই বাঁহাতি স্পিনারই।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার ১৩৭ রানের পুঁজি নিয়ে শাইনপুকুর ১২৭ রানে আটকে দেয় শেখ জামালকে।

তানভিরের স্পিনের সঙ্গে শেখ জামাল ডুবেছে নিজেদের ভুলেও। রান আউট হয়েছেন তাদের তিনজন ব্যাটসম্যান।

টস জিতে ব্যাটিংয়ে নামা শাইনপুকুরের ইনিংস শুরু হয় প্রথম ওভারে নাসির হোসেনের বলে সাব্বির হোসেনের ছক্কায়। আগের দুই ম্যাচে মন্থর ব্যাটিং করা তানজিদ হাসান তামিমের ব্যাটেও এ দিন দেখা যায় দ্রুত রানের তাড়া।

তবে পরে আর সময়ের সঙ্গে তাল মেলাতে পারেননি দুজনই। ৫৪ রানের উদ্বোধনী জুটিতে বল লেগে যায় ৪৯টি।

জিয়াউর রহমানের বল লেগে ঘোরাতে গিয়ে ফিরতি ক্যাচ দেন সাব্বির (২৩ বলে ২০)। অভিজ্ঞ জিয়া নিজের পরের ওভারে ফিরিয়ে দেন মাহিদুল ইসলাম অঙ্কনকে।

এই দুই উইকেটের মাঝে অফ স্পিনার এনামুল হককে পুল করতে গিয়ে আউট হন তানজিদ (৩১ বলে ৩৪), লেংথ বল নিচু হয়ে লাগে তার প্যাডে।

চতুর্থ উইকেটে তৌহিদ হৃদয় ও রবিউল ইসলাম রবি গড়েন ৫৩ রানের জুটি। তবে লম্বা সময় উইকেটে কাটিয়েও ঠিক ছন্দ পাননি হৃদয়। শাইনপুকুর অধিনায়কের ৩০ বলে ২৮ রানের ইনিংস শেষ হয় ইবাদত হোসেনের ফুল টসে লাইন মিস করে, স্টাম্প ডিগবাজি খেয়ে পড়ে কিপারের কাছে।

রান বাড়ানোর কাজটি এসময় করেন মূলত রবি। অপরাজিত থাকেন তিনি ২৬ বলে ৩৪ রান করে। শেষ দিকে সালাউদ্দিন সাকিলকে বিশাল এক ছক্কা মারেন সুমন খান। শাইনপুকুর পায় লড়াইয়ের পুঁজি।

Image
দারুণ বোলিংয়ে ম্যাচের সেরা তানভির।

দারুণ বোলিংয়ে ম্যাচের সেরা তানভির।

শেখ জামালের রান তাড়া শুরু হয় প্রথম ওভারেই তিন বাউন্ডারিতে। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের দুটি শর্ট বলে চার মারেন সৈকত আলি। পঞ্চম বলে প্যাডল সুইপে চার মারেন মোহাম্মদ আশরাফুল। এরপরই ভর করে তার পুরনো রোগ। পরের বলে আবার প্যাডল খেলেন তিনি, এবার শর্ট ফাইন লেগে দুর্দান্ত ডাইভিং ক্যাচ নেন তানভির।

পরের ওভারে শুরু তানভিরের বোলিং ঝলক। তার টানা পাঁচ বলে রান করতে না পেলে শেষ বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন সৈকত আলি, টার্ন করে বেরিয়ে যাওয়া বলে তিনি অনায়াসেই হন স্টাম্পড।

শেখ জামাল অবশ্য ভড়কে যায়নি তাতে। নাসির হোসেন ও ইলিয়াস সানির পাল্টা আক্রমণে উল্টো চাপে পড়ে যায় শাইনপুকুরই। পাওয়ার প্লের ৬ ওভারে রান আসে ৫৫। ভালো ভিত গড়ে দেওয়ার পর নাসির নিজেই ডেকে আনেন নিজের পতন। অফ স্পিনার ইফতেখার সাজ্জাদকে ছক্কা মারার চেষ্টায় ধরা পড়েন লং অনে। ২১ বলে রান তার ২৮।

উইকেট-মেডেন প্রথম ওভারের পর তানভির আবার আক্রমণে আসেন দশম ওভারে। খেলার মোড় পাল্টে দেন তিনি চার বলের মধ্যে। ফিরে প্রথম বলেই আউট করেন শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহানকে। চতুর্থ বলে তার শিকার অভিজ্ঞ তানবীর হায়দার।

এই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি শেখ জামাল। দারুণ খেলতে থাকা ইলিয়াস সানি রান আউট হন ২৫ বলে ৩০ করে। ঝড় তোলার সামর্থ্য আছে যার, সেই জিয়াউর রহমানও কাটা পড়েন রান আউটে। সোহরাওয়ার্দী শুভ ২৩ বল খেলে বাউন্ডারি না পেয়ে আউট হন ১৫ রানে।

শেষের আগের ওভারে হাসান মুরাদকে দুটি ছক্কায় ম্যাচে কিছুটা নাটকীয়তার ইঙ্গিত দেন এনামুল হক। কিন্তু শেষ ওভারে এনামুলও (১২ বলে ১৯) রান আউট হলে শেষ হয়ে যায় শেখ জামালের শেষ আশাও।

তৃতীয় ম্যাচে শাইনপুকুরের এটি প্রথম জয়, শেখ জামালের দ্বিতীয় হার।

সংক্ষিপ্ত স্কোর:

শাইনপুকুর: ২০ ওভারে ১৩৭/৫ (সাব্বির ২০, তানজিদ ৩৪, হৃদয় ২৮, মাহিদুল ১, রবিউল ইসলাম ৩৪*, সুমন ৯, রবিউল ৫*; নাসির ১-০-৮-০, এনামুল ৩-০-১৭-১, ইবাদত ৪-০-২৭-২, সাকিল ৪-০-৩৫-০, জিয়াউর ৪-০-১৬-২, ইলিয়াস সানি ৩-০-২১-০, সোহরাওয়ার্দী ১-০-১৩-০)।

শেখ জামাল: ১৯.৫ ওভারে ১২৭ (সৈকত ৯, আশরাফুল ৪, নাসির ২৮, ইলিয়াস সানি ৩০, সোহান ১, তানবীর ০, সোহরাওয়ার্দী ১৫, জিয়াউর ৯, এনামুল ১৯, ইবাদত ৬, সাকিল ০*; মুরাদ ৪-০-৩৪-২, তানভির ৪-২-৮-৩, সুমন ২.৫-০-২৩-১, রবিউল ইসলাম ২-০-১৩-০, ইফতেখার ৪-০-২৭-১, রবিউল হক ১-০-১০-০, সাব্বির ১-০-৭-০, হৃদয় ১-০-৩-০)

ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ১০ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: তানভির ইসলাম।