২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কনওয়ের ডাবল সেঞ্চুরির পর বার্নস-রুটের প্রতিরোধ

ডেভন কনওয়ের ব্যাটে পাওয়া দৃঢ় ভিত খুব একটা কাজে লাগাতে পারল না নিউ জিল্যান্ড। দ্বিতীয় দিন ঘুরে দাঁড়িয়ে কিউইদের চারশ রানের নিচে থামিয়ে দিল ইংল্যান্ড। অভিষিক্ত কনওয়ে যদিও প্রথম দিনের সেঞ্চুরিকে ডাবলে রূপান্তর করলেন ঠিকই। এরপর ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে স্বাগতিকরা প্রতিরোধ গড়ল ররি বার্নস ও জো রুটের ব্যাটে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2021, 12:29 AM

Updated : 10 Oct 2022, 06:00 PM

লর্ডস টেস্টে প্রথম দিনে দাপট দেখিয়েছিল নিউ জিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ম্যাচ প্রায় সমতায়। বৃহস্পতিবারের খেলা শেষে ইংল্যান্ডের রান ২ উইকেটে ১১১। এখনও ২৬৭ রানে পিছিয়ে আছে ইংলিশরা।

ফিফটি করে খেলছেন বার্নস। পঞ্চাশ ছোঁয়ার পথে আছেন অধিনায়ক রুট। তৃতীয় উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটির রান এরই মধ্যে হয়ে গেছে ৯৩।

৩ উইকেটে ২৮৮ রানের শক্ত অবস্থানে থেকে এ দিন নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩৭৮ রানে। শেষ ছয় ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যেতে পারেন কেবল একজন।  

শেষ ব্যাটসম্যান হিসেবে কনওয়ে আউট হন ঠিক ২০০ রানেই। ৩৪৭ বলের ইনিংসটি গড়া ২২ চার ও এক ছক্কায়।

এই প্রথম টেস্ট অভিষেকে ইংল্যান্ডে ডাবল সেঞ্চুরি করলেন কেউ। আগের সেরা ছিল সেই ১৮৯৬ সালে রণজিৎ সিংজির অপরাজিত ১৫৪। ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনে নেমে ইনিংসটি খেলেছিলেন ভারতে জন্ম নেওয়া এই ইংলিশ ব্যাটসম্যান।

লর্ডসের উইকেট যথারীতি ব্যাটিং সহায়ক দ্বিতীয় দিনেও। ৩ উইকেটে ২৪৬ রান নিয়ে দিন শুরু করে নিউ জিল্যান্ড। আগের দিন ৪৬ রানে অপরাজিত থাকা হেনরি নিকোলস ১৫৮ বলে ফিফটি পূর্ণ করেন স্টুয়ার্ট ব্রডকে বাউন্ডারি মেরে। কনওয়ে দেড়শতে পা রাখেন ২৫৮ বলে।

সফরকারীদের রান পৌঁছে যায় তিনশর কাছে। এরপরই ধস নামে ব্যাটিংয়ে। ৬ রানের মধ্যে হারায় তারা ৪ উইকেট।

Image
ররি বার্নসের ফিফটি উদযাপন।

ররি বার্নসের ফিফটি উদযাপন।

মার্ড উডের গতিময় বাউন্সারে পুল করার চেষ্টায় লং লেগ ফিল্ডারের হাতে ক্যাচ দেন নিকোলস। ১৭৫ বলে ৪টি চারে সাজানো তার ৬১ রানের ইনিংস।

উড এরপর ফিরিয়ে দেন বিজে ওয়াটলিংকে। অফ স্টাম্পের বল লেগ সাইডে খেলার চেষ্টায় স্লিপে ক্যাচ দেন এই কিপার-ব্যাটসম্যান।

কলিন ডি গ্র্যান্ডহোম ও মিচেল স্যান্টনার খুলতে পারেননি রানের খাতা। গ্র্যান্ডহোমকে এলবিডব্লিউ করে তৃতীয় শিকার ধরেন অভিষিক্ত অলি রবিনসন। ইংলিশরা উইকেটটি পায় রিভিউ নিয়ে। উডের শিকার স্যান্টনার।   

৩ উইকেটে ২৮৮ থেকে দ্রুতই নিউ জিল্যান্ডের স্কোর হয়ে যায় ২৯৪/৭।

এরপর কাইল জেমিসন কিছুক্ষণ সঙ্গে দেন কনওয়েকে। কিন্তু লাঞ্চের পর প্রথম ওভারেই রবিনসনের শর্ট বল পুল করার চেষ্টায় জ্যাক ক্রলির দুর্দান্ত ডাইভিং ক্যাচে জেমিসন বিদায় নেন ২১ বলে ৯ রান করে।

অ্যান্ডারসন যখন নবম ব্যাটসম্যান হিসেবে টিম সাউদিকে ফিরিয়ে দেন, ডাবল সেঞ্চুরি থেকে তখনও১৪ রান দূরে কনওয়ে। এগারো নম্বরে নেমে দারুণ কিছু শট খেলেন নিল ওয়্যাগনার। অ্যান্ডারসনকে দৃষ্টিনন্দন শটে চার মারেন পয়েন্ট দিয়ে। কাভারের ওপর দিয়ে ছক্কায় ওড়ান ব্রডকে। ১৬ বলেই তিনি করে ফেলেন ২৪।

উডকে বাউন্ডারি মেরে কনওয়ে এগিয়ে যান মাইলফলকের দিকে। ওই ওভারেই ৯৪ থেকে ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি।

পরের ওভারে রান আউট হওয়ায় ‘ক্যারিং ব্যাট থ্রু আউট আ কমপ্লিটেড ইনিংস’ এর কীর্তি গড়া হয়নি কনওয়ের। ২১ বলে ৩ চার ও এক ছক্কায় ২৫ রানে অপরাজিত থাকেন ওয়্যাগনার। দশম উইকেট জুটিতে ৩৩ বলে ৪০ রান যোগ করেন এই দুজন।

৭৫ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার অভিষিক্ত রবিনসন।

বোলিংয়ে ইংল্যান্ড ঘুরে দাঁড়ালেও ব্যাটিংয়ে শুরুটা তাদের ভালো হয়নি মোটেও। চতুর্থ ওভারে ডম সিবলিকে শূন্য রানে এলবিডব্লিউ করে দেন জেমিসন। রিভিউ নিয়েও রক্ষা পাননি দুঃসময়ের ভেতরে দিয়ে যাওয়া ওপেনার। এই নিয়ে টানা ছয় ইনিংসে দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হলেন তিনি।

একটু পর সাউদির  অফ স্টাম্পের বাইরের বলে আলগা শট খেলে কট বিহাইন্ড হন ক্রলি। তখন ১৮ রানে নেই ২ উইকেট।

শুরুর সেই ধাক্কা তারা সামাল দেয় বার্নস ও রুটের ব্যাটে। মাটি কামড়ে উইকেটে পড়ে থেকে দলকে এগিয়ে নেন এই দুজন।

বার্নস ফিফটি পূর্ণ করেন ৯০ বলে। দিন শেষ করেন তিনি ৫৯ রানে। ৪২ রানে অপরাজিত রুট।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১২২.৪ ওভারে ৩৭৮ (আগের দিন ২৪৬/৩) (কনওয়ে ২০০, নিকোলস ৬১, ওয়াটলিং ১, ডি গ্র্যান্ডহোম ০, স্যান্টনার ০, জেমিসন ৯, সাউদি ৮, ওয়্যাগনার ২৫*; অ্যান্ডারসন ২৮-৭-৮৩-২, ব্রড ২৭-৫-৭৯-০, রবিনসন ২৮-৬-৭৫-৪, উড ২৭-৮-৮১-৩, রুট ১২.৪-১-৩৮-০)

ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৩ ওভারে ১১১/২ (বার্নস ৫৯*, সিবলি ০, ক্রলি ২, রুট ৪২; সাউদি ১১-৪-১৭-১, জেমিসন ১০-৪-২৯-১, ডি গ্র্যান্ডহোম ৯-৩-১২-০, ওয়্যাগনার ১০-১-৩৬-০, স্যান্টনার ৩-১-১৪-০)।