২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যারিয়ারের সেরা সময়ে মর্গ্যান

দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। দলের প্রয়োজনে ব্যাটিং অর্ডারে প্রায়ই উঠা-নামা করছেন। কিন্তু এর কোনো নেতিবাচক প্রভাব নেই ব্যাটিংয়ে। যেকোনো পজিশনে একই রকম কার্যকর ওয়েন মর্গ্যান। পরিসংখ্যান যা বলছে তা অনুভব করছেন ইংল্যান্ডের সীমিত ওভার ক্রিকেটের অধিনায়কও, ক্যারিয়ারে কাটাচ্ছেন সেরা সময়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2020, 08:14 PM

Updated : 18 Aug 2022, 03:42 PM

পাকিস্তানের বিপক্ষে রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ে জিতেছে ইংল্যান্ড। দলটির বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতায় বড় অবদান মর্গ্যানের। ৪ ছক্কা ও ৬ চারে ৩৩ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ১৯৬ রানের বড় লক্ষ্য ইংল্যান্ড ছুঁয়ে ফেলে ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে।

দারুণ ছন্দে থাকা মর্গ্যান টি-টোয়েন্টিতে সবশেষ ১১ ম্যাচে রান করেছেন ৫৮-এর বেশি গড়ে। ক্যারিয়ারের ১৪ ফিফটির পাঁচটি এসেছে এই সময়ে; নেপিয়ারে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলেছেন ক্যারিয়ার সেরা ৯১ রানের ইনিংস।

কদিন আগে জন্মভূমি আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে করেন সেঞ্চুরি। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটসম্যান পাকিস্তান ম্যাচ শেষে জানান, ক্যারিয়ারের সেরা সময় পার করার কথা।

“আমার মনে হয়, আমি যেকোনো সময়ের চেয়ে ভালো খেলছি এবং আমার পরিসংখ্যানও সেকথা বলছে। পুরো ক্যারিয়ারে গত কয়েক বছর সবচেয়ে ফলপ্রসূ ছিল।”

“এই সিরিজ শুরুর আগে গত দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটে এবং কিছু ঘরোয়া ক্রিকেটেও আমার পরিসংখ্যান এখন পর্যন্ত সেরা, এটা দারুণ।”

২০০৯ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হওয়া বিস্ফোরক এই ব্যাটসম্যান এখন পর্যন্ত খেলেছেন ৯১ ম্যাচ। ৩১.২৩ গড়ে দুই হাজারের বেশি রান করা মর্গ্যান টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আছেন সাতে।