২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাকনরকে তাড়া করে এক যুগ আগের ভুল

১১ বছর আগে আম্পায়ারিং থেকে অবসর নিয়েছেন স্টিভ বাকনর। কিন্তু অবসরের এক বছর আগে একটি টেস্ট ম্যাচের দুটি ভুল সিদ্ধান্ত এখনও যেন পিছু ছাড়ে না তার। সেই ভুলের জন্য অবশ্য কোনো অজুহাত দিচ্ছেন না এক সময়কার বিশ্ব ক্রিকেটের দারুণ শ্রদ্ধেয় এই আম্পায়ার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2020, 12:20 PM

Updated : 18 Aug 2022, 03:28 PM

১২৮টি টেস্ট ও ১৮১ ওয়ানডে পরিচালনা শেষে ২০০৯ সালের মার্চে অবসর নেন বাকনর। তার সেই আলোচিত ভুল ২০০৮ সালে অস্ট্রেলিয়া-ভারতের সিডনি টেস্টে। ভারতীয় এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই আম্পায়ার ফিরে তাকালেন এক যুগ আগের সেই ম্যাচে।

“ ২০০৮ সালের সিডনি টেস্টে আমি দুটি ভুল করেছিলাম। প্রথম ভুল, ভারত যখন ভালো খেলছিল, আমার সৌজন্যে অস্ট্রেলিয়ার একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিল। দ্বিতীয় ভুলে পঞ্চম দিনে হয়তো ভারতকে খেসারত দিতে হয়েছিল ম্যাচ হেরে।”

“ তার পরও, ৫ দিনে কেবল দুটিই তো ভুল। এক টেস্টে দুটি ভুল করা প্রথম আম্পায়ার কি আমিই? অথচ ওই দুটি ভুল যেন এখনও আমাকে তাড়া করে বেড়ায়।”

বাকনেরর প্রথম ভুলে ৩০ রানে বেঁচে গিয়েছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। পরে এই ব্যাটসম্যান খেলেছিলেন ১৬২ রানের ইনিংস। দ্বিতীয় ভুলে সাইমন্ডসের বলেই শেষ দিনে কট বিহাইন্ড হয়েছিলেন রাহুল দ্রাবিড়। যদিও বল ছিল ব্যাট থেকে বেশ দূরে।

দ্রাবিড় তখন থিতু হয়ে গিয়েছিলেন উইকেটে। বাকনরের ভুলে আউট হয়ে যান ১০৩ বলে ৩৮ রান করে। পরে ম্যাচ বাঁচানোর খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ম্যাচটি হেরে গিয়েছিল ভারত। মাইকেল ক্লার্ক ৫ বলের মধ্যে ভারতের শেষ ৩ উইকেট তুলে নিলে ম্যাচের ৬ মিনিট বাকি থাকতে নাটকীয় জয় পায় অস্ট্রেলিয়া।

ওই টেস্টের পর প্রবল সমালোচনা হয়েছিল বাকনরের। টানা পাঁচটি ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করা আম্পায়ারের আত্মবিশ্বাসও হয়তো নড়ে গিয়েছিল। ক্যারিয়ারের শেষ দিকে আরও কিছু ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন তিনি। পরে ২০০৯ সালে মার্চে বিদায় জানান আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংকে।

বাকনর বললেন, মাঠের অনেক বাস্তবতার কারণে আম্পায়ারদের কাজ অনেক সময় হয়ে ওঠে কঠিন।

“ সবার জানা উচিত, ভুল কেন হতে পারে। একই ভুল বারবার না হলেই তো হয়। আমি অজুহাত দিচ্ছি না, কিন্তু অনেক সময়ই মাঠে বাতাস থাকে তীব্র এবং বাতাসে শব্দ হারিয়ে যায়। ধারাভাষ্যকাররা ব্যাটে বল লাগার শব্দ শুনতে পান স্টাম্প মাইকে, কিন্তু আম্পায়াররা নিশ্চিত হতে পারেন না। দর্শকদের এসব বোঝা উচিত।”

৭৪ বছর বয়সী এই জ্যামাইকান এখন পরিবার নিয়ে থিতু হয়েছেন নিউ ইয়র্কে। স্থানীয় বিভিন্ন ক্রিকেট ও ফুটবল ম্যাচ পরিচালনা করেন। সেখানকার মজার ঘটনাও শোনালেন।

“ গতবছর নিউ ইয়র্কে একটি স্থানীয় ম্যাচে আম্পায়ারিং করছিলাম। একজন এসে বলল, ‘আমার ফোনে একটি ভিডিও আছে, আপনার ১০টি ভুল। দেখতে চান?’ আমি বললাম, ‘না, দেখার প্রয়োজন আমার নেই। নিজের ভুলগুলো আমি জানি। আমি নিশ্চিত যে ১০টির বেশি ভুল করেছি। তুমি যদি মনে করো, ১০টিই ভুল করেছি, তাহলে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রতি দুই বছরে আমার ভুল স্রেফ একটি করে। রেকর্ড তো তাহলে খুব ভালো, তাই না?”