২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় কিপারকে ঘুষির হুমকি দিয়েছিলেন হেইডেন!

আইপিএলে খেলার সুবাদে এখন দুই জন বেশ ভালো বন্ধু। এক সময়ে যদিও সম্পর্কটা বেশ খারাপ ছিল। ১৬ বছর আগে ভারতীয় কিপার পার্থিব প্যাটেলকে ঘুষি মারার হুমকি দিয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2020, 06:10 PM

Updated : 08 Apr 2022, 12:44 AM

২০০৪ সালে প্রথম অস্ট্রেলিয়া সফরে যান পার্থিব। জিম্বাবুয়েকে নিয়ে খেলা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ব্রিজবেনে পঞ্চম ম্যাচে বাঁহাতি এই ব্যাটসম্যান ছিলেন দলের বাইরে। সেই ম্যাচে ঘটনাটি ঘটে।

৩০৩ রান তাড়ায় ১০৭ বলে ১০৯ রানের ইনিংস খেলে আউট হন হেইডেন। ঘটনার সূত্রপাত তার আউট হয়ে ফেরার সময়। ইউটিউবে একটি ভিডিওতে সেই গল্প শোনালেন ৩৫ বছর বয়সী পার্থিব।

“ব্রিজবেনের ওই ম্যাচে আমি মাঠে পানি নিয়ে যাচ্ছিলাম। ইরফান তাকে (হেইডেন) আউট করে দেয়। ও এরই মধ্যে সেঞ্চুরি করে ফেলেছিল এবং গুরুত্বপূর্ণ সময়ে ইরফান তাকে আউট করেছিল। তাকে পেরিয়ে যাওয়ার সময় বাজে কথা বলেছিলাম।”

“সে আমার ওপর খুবই রেগে গিয়েছিল। ব্রিজবেনের ড্রেসিং রুমের সামনে আমি দাঁড়িয়ে ছিলাম, যেটা দেখতে অনেকটা সুড়ঙ্গের মত। সেও সেখানে দাঁড়িয়ে ছিল এবং আমাকে বলল ‘যদি তুমি এটা আবার কর, আমি তোমার মুখে ঘুষি মারব।’ আমি বলেছিলাম ‘দুঃখিত’ এবং সেখানে দাঁড়িয়ে ছিলাম, সে চলে গিয়েছিল।”

পরে অবশ্য জমে উঠেছিল হেইডেন-পার্থিবের সম্পর্ক। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুবাদে দুইজন হয়ে ওঠেন বন্ধু। মাঠে ও মাঠের বাইরে কাটিয়েছেন দারুণ সময়। অস্ট্রেলিয়ায় নিজের বাড়িতে পার্থিবকে আমন্ত্রণও জানিয়েছিলেন হেইডেন।

“হ্যাঁ, হেইডেন আমাকে ব্রিজবেনে মারতে চেয়েছিল। কিন্তু এরপর আমরা ভালো বন্ধু হয়ে গেলাম। চেন্নাই সুপার কিংসে এক সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। একে অপরের সঙ্গ উপভোগ করেছি। তার সঙ্গে ওপেনিংয়ে ব্যাটিং করা মজার ছিল। মাঠের বাইরেও আমরা ভালো সময় কাটিয়েছি। ব্রিজবেনে কাণ্ডের পর আমরা মিলে গিয়েছিলাম।”

“আইপিএলের শেষে আমি ইমার্জিং দলের হয়ে অস্ট্রেলিয়া গিয়েছিলাম। হেইডেন আমাকে তার বাসায় ডেকেছিল, আমার জন্য চিকেন বিরিয়ানি ও ডাল তৈরি করেছিল।”