বিশ্বকাপ ফাইনালের জার্সি দান করছেন নিকোলস
অভিষেক বিশ্বকাপের প্রতিটি স্মারক নিঃসন্দেহে খুব মূল্যবান হেনরি নিকোলসের কাছে। কিন্তু যুদ্ধ যখন জীবন বাঁচানোর, সাহায্যের হাত বাড়াতে দ্বিধা করেননি নিউ জিল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটসম্যান। ইউনিসেফ নিউ জিল্যান্ডকে দান করছেন ২০১৯ বিশ্বকাপ ফাইনালের জার্সি।
বিশ্বকাপ দলের সব ক্রিকেটারের স্বাক্ষর রয়েছে জার্সিটিতে।
তবে জার্সিটি কোনো নিলামে তোলা হচ্ছে না বলে নিউ জিল্যান্ডের সংবাদ মাধ্যম স্টাফকে বৃহস্পতিবার জানিয়েছেন নিকোলস। আগামী সোমবার পর্যন্ত জার্সিটি নিতে আগ্রহীরা যার যা সামর্থ্য সে অনুসারে দান করতে পারবেন। এরপর একটি লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে, জার্সিটি কে পাবেন।
“আমি নিলামের মত জিনিস থেকে দূরে থাকতে চেয়েছি, যেখানে সর্বোচ্চ মূল্য হাঁকানোরা জিতে যায়। আমি ব্যাপ্তি আরও বাড়াতে চেয়েছি, যেন যে কেউ ৫ কিংবা ১০ ডলার দান করতে পারে এবং লটারিতে জার্সিটি জেতার সুযোগ পেতে পারে।”
লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে কিউইদের দারুণ শুরু এনে দিয়েছিলেন নিকোলস। ৭৭ বলে ৫৫ রানের ইনিংস খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। একের পর এক নাটকীয়তায় ম্যাচটি হয়ে গেছে ক্রিকেট গল্প-কথার অংশ। মূল ম্যাচের পর টাই হয় সুপার ওভারও। বাউন্ডারিতে এগিয়ে থাকায় শিরোপা জেতে ইংল্যান্ড।
এই ম্যাচের জার্সির মাধ্যমে মানুষের দান করার আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ নিয়েছেন ২৮ বছর বয়সী নিকোলস।
“যখন থেকে লকডাউন শুরু হয়েছে, পুরো নিউ জিল্যান্ডে পার্সেল খাদ্যের চাহিদা তিনগুন বেড়ে গেছে। … আমি চিন্তা করেছি, দানের জন্য মানুষের আগ্রহ বাড়াতে জার্সিটি ব্যবহার করতে পারি।”
