২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা খেলতাম দলের জন্য, ভারতীয়রা নিজেদের স্বার্থে: ইনজামাম

করোনাভাইরাসের এই সময়ে দুই প্রতিবেশী দেশের সাবেক ক্রিকেটারদের কথার লড়াই বেশ জমে উঠেছে। ইনজামাম-উল-হক যেন ছাড়িয়ে গেলেন সবাইকে। করলেন বিস্ফোরক এক মন্তব্য। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের মতে, তারা খেলতেন দলের জন্য আর ভারতের ব্যাটসম্যানরা খেলতেন নিজেদের স্বার্থে!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2020, 08:57 PM

Updated : 08 Apr 2022, 12:40 AM

নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক রমিজ রাজার সঙ্গে সম্প্রতি এক আলাপচারিতায় এমন দাবি করেন ইনজামাম। ভারতের যেসব ব্যাটসম্যানদের বিপক্ষে খেলেছেন, তাদের নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।

"আমরা যখন ভারতের বিপক্ষে খেলেছি, তখন ওদের ব্যাটিং কাগজে-কলমে আমাদের চেয়ে শক্তিশালী ছিল। আমাদের ব্যাটসম্যানরা ৩০-৪০ রান করলেও সেগুলো ছিল দলের জন্য। আর ভারতীয়রা ১০০ করলেও ওরা নিজেদের জন্য খেলত। দুই দলের মধ্যে পার্থক্য ছিল এটিই।”

১৯৯১ সালে অভিষেকের পর ইনজামাম পাকিস্তানের হয়ে খেলেছেন ১২০টি টেস্ট, ৩৭৮টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। সুদীর্ঘ ক্যারিয়ারে শচিন টেন্ডুলকার, মোহাম্মদ আজহারউদ্দিন থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি, বিরেন্দর শেবাগ, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিংয়ের মতো ভারতীয় ব্যাটসম্যানদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন তিনি।

ইনজামামের টেস্ট খেলার সময়ে এই সংস্করণে ১২ ম্যাচে ভারতের মুখোমুখি হয়ে পাঁচটিতে জিতেছে পাকিস্তান। হেরেছে চারটিতে, তিনটি হয়েছে ড্র। আর ওয়ানডেতে ৭৩ ম্যাচে মুখোমুখি হয়ে ৪০টিতে জিতেছে পাকিস্তান। ২৯টিতে জিতেছে ভারত, পরিত্যক্ত হয়েছে চারটি ম্যাচ।