২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটে বন্ধ হয়ে যাবে বলে লালার ব্যবহার?

স্বাস্থ্য ঝুঁকির চিন্তায় আগেও টুকটাক প্রশ্ন উঠেছিল। সেসব নিয়ে খুব একটা গা করেননি কেউ। করোনাভাইরাসের সময়ে প্রশ্নটা উঠছে বেশ জোরেশোরে। এবার এড়িয়ে যাওয়ার উপায় নেই। তাহলে বলের এক পাশ চকচকে রাখতে লালার ব্যবহার কি থাকবে ক্রিকেটে?

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2020, 07:26 PM

Updated : 08 Apr 2022, 12:39 AM

বল চকচকে রাখতে লালা বা থুতুর ব্যবহার ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। বোলার-ফিল্ডারদের বলে থুতু দিয়ে ট্রাউজার বা জার্সির হাতায় ঘষতে দেখা ক্রিকেটের সবচেয়ে নিয়মিত দৃশ্যের একটি। করোনাভাইরাসের জন্য থমকে যাওয়া ক্রিকেট আবার শুরু হলে, যা হয়ে যেতে পারে নিষিদ্ধ। বল চকচকে রাখতে হয়তো ভাবতে হবে বিকল্প উপায়।  

বছরের পর বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নিউ জিল্যান্ডের মূল অস্ত্র সুইং বোলিং। থুতু দিয়ে বলের চকচকেভাব ধরে রাখা যদি নিষিদ্ধ হয়ে যায়, তাহলে তাদের এই ঐতিহ্য বড় একটা ধাক্কা খাবে। পেসার টিম সাউদি ভাবছেন বিকল্প কী হতে পারে।

“ঘাম একটা বিকল্প হতে পারে। তবে এর ব্যবহারও নিষিদ্ধ হয়ে যাবে না তো?”

থুতুর ব্যবহার নিষিদ্ধ হয়ে যেতে পারে, এই ভাবনাই মানতে পারছেন না ড্যানি মরিসন। নিউ জিল্যান্ডের সাবেক পেসারের কাছে, থুতু নিষিদ্ধের দিনটি হবে ক্রিকেটের জন্য দুঃখের এক দিন।

সেই দিন আসুক, চান না জশ হেইজেলউড। এমন সিদ্ধান্তে টেস্টে পেসারদের কাজ কতটা কঠিন হয়ে যাবে, তা নিয়ে ভেবেই কাতর অস্ট্রেলিয়ার এই পেসার।

“আমার মনে হয়, সাদা বলে ঠিকই থাকবে, কিন্তু টেস্ট ক্রিকেট বড় একটা ধাক্কা খাবে। বোলাররা বাতাসে যে কোনো ধরনের সুইংয়ের জন্য এর ওপর নির্ভর করে। যদি ৮০ ওভার বল কোনো রকম মেইনটেইন করা না হয়, তাহলে প্রাথমিক শাইনিং চলে যাওয়ার পর ব্যাট করা খুব সহজ হয়ে যাবে।”

“ঘাম হোক কিংবা থুতু, সম্ভবত কেবল একজন এটা করতে পারে। আমি নিশ্চিত নই। যখন আমরা মাঠে ফিরব তখন এটা নিয়ে আমাদের কথা বলতে হবে। আশা করি, একটা সমাধান আসবে।”

গত মার্চেই প্রশ্নটা এসেছিল। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডের আগে এ নিয়ে বলেছিলেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার।

“আমরা এই ব্যাপারে (থুতু ব্যবহার না করা) ভেবেছি। তবে এই মুহূর্তে আমি বলতে পারছি না, আমরা থুতু ব্যবহার করব কি-না। যদি আমরা থুতু ব্যবহার না করি, তাহলে বল চকচকে রাখব কীভাবে? তখন আমরা মার খাব এবং লোকে বলবে, ‘তোমরা ভালো বোলিং করছ না’।”

বৃষ্টির জন্য সেই ম্যাচ হয়নি। করোনাভাইরাসের জন্য পরের দুই ম্যাচ না খেলেই ভারত ছাড়ে দক্ষিণ আফ্রিকা। ভারত কিংবা দক্ষিণ আফ্রিকা থুতু ব্যবহার করত কি না, তা আর দেখা যায়নি।

থুতুর ব্যবহার কি নিষিদ্ধ হবে? নিষিদ্ধ হলে বিকল্প কী হতে পারে? সাবেক পেসার এবং সাসেক্স ও অ্যাডিলেইড স্টাইকার্স কোচ জেসন গিলেস্পি মনে করেন, এই সব প্রশ্নের জবাব পেতে অনেক আলোচনা প্রয়োজন।