স্মরণীয় দ্বৈরথ: স্টেইনকে ছক্কা মুশফিকের ‘ক্যারিয়ার সেরা মুহূর্ত’
ডেল স্টেইন তখন দুর্দান্ত ফর্মে। গতি, স্কিল আর আগ্রাসনে কাঁপাচ্ছেন ক্রিকেট দুনিয়া। সেই সময়টাতেই প্রতিআক্রমণে চার-ছক্কায় তাকে চমকে দিয়েছিলেন মুশফিকুর রহিম। এখনও মুশফিকের কাছে যা ক্যারিয়ারের সেরা মুহূর্ত। তরুণ মুশফিকের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে সেদিন তার পিঠ চাপড়ে দিয়েছিলেন বিশ্বের তখনকার এক নম্বর টেস্ট বোলার।
বিশ্বসেরা বোলারকে জবাব দিয়ে যে আত্মবিশ্বাস পেয়েছিলেন নবীন মুশফিক, সেই পথ ধরে হেঁটেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের সবসময়ের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে। পরিণত বয়সে ওয়েলিংটনের চ্যালেঞ্জিং কন্ডিশনে ট্রেন্ট বোল্ট, টিম সাউদির সুইং সামলে খেলেছেন দেড়শ ছাড়ানো ইনিংস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ধারাবাহিক আয়োজন, ‘স্মরণীয় দ্বৈরথ’-এ মুশফিক বলেছেন তার দুটি লড়াই জয়ের গল্প। প্রথমটি যখন তিনি টেস্ট ক্রিকেটে পায়ের নিচে মাটি শক্ত করার চেষ্টা করছেন। পরেরটি যখন ব্যাটসম্যান হিসেবে প্রমাণ দিয়েছেন নিজের সামর্থ্য, অভিজ্ঞতা আর প্রতিজ্ঞার।
‘ক্যারিয়ারের সেরা মুহূর্ত স্টেইনকে ছক্কা’
“একটা কথা সবকিছুর আগে বলে রাখা প্রয়োজন, ক্রিকেট মাঠে প্রতিটি লড়াই গুরুত্বপূর্ণ। সব লড়াই কঠিন। সব বোলারকেই সমীহ করে খেলতে হয়, সেটা মুত্তিয়া মুরালিধরন হোক বা তামিম ইকবাল। তাই লড়াই জয়ের প্রতিটি গল্পই কোনো না কোনোভাবে স্মরণীয়।”
“তারপরও কিছু লড়াই মনে আলাদা দাগ কেটে থাকে। আমি প্রথম যে লড়াইয়ের কথা বলব, সেটি ২০০৮ সালে আমাদের দক্ষিণ আফ্রিকা সফরে সেঞ্চুরিয়ন টেস্টে। আমার সেটি সম্ভবত মাত্র ১০-১১ নম্বর টেস্ট (দ্বাদশ)।”
“উইকেট ছিল বাউন্সি ও গতিময়। দক্ষিণ আফ্রিকা একাদশ সাজিয়েছিল ৫ জনের পেস আক্রমণ নিয়ে, ডেল স্টেইন, মাথায়া এনটিনি, মন্ডে জন্ডেকি, মর্নে মর্কেল ও জ্যাক ক্যালিস। কোনো স্পিনার ছিল না।”
“আমরা তখন খুবই অনভিজ্ঞ ও তরুণ একটি দল। স্বাভাবিকভাবেই এই কন্ডিশনে অমন বোলিং সামলানো ছিল কঠিন। ওপেনিংয়ে তামিম একটু টিকে ছিল (৩১ রান)। পরে জুনায়েদ ফিফটি করল (৬৭)। আর কেউ সেভাবে দাঁড়াতে পারেনি। আমি নেমেছিলাম ৮ নম্বরে, দল তখন মনে হয় দেড়শ রানে ৬ উইকেট হারিয়েছে (৬ উইকেটে ১৫৯)।”
“আমি উইকেটে গিয়ে শুরুতে পেয়েছি এনটিনি আর জন্ডেকির বোলিং। এনটিনি দুর্দান্ত বল করছিল। আমি ঠিক করেছিলাম, আগেই ভয় পাব না, সহজে উইকেট দিয়ে আসব না। আগের টেস্টে ব্লুমফন্টেইনে ৪৮ রানের ইনিংস খেলেছিলাম একটি। ওই ইনিংসটা আত্মবিশ্বাস জোগাচ্ছিল যে, ৫ জনের পেস আক্রমণও সামলানো যায়।”
“সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অবশ্যই স্টেইনকে খেলা। সে তখন বিশ্বের এক নম্বর বোলার। এনটিনি আর মর্কেলের বড় শক্তি ছিল বাউন্স ও অ্যাঙ্গেল কাজে লাগানো, জন্ডেকি ছিল আগ্রাসী, ক্যালিস সুইং করাতো আর লাইন-লেংথ ভালো ছিল। কিন্তু স্টেইন ছিল সবকিছুর মিশেল, পরিপূর্ণ ফাস্ট বোলার।”
“সেদিন স্টেইনকেই সবচেয়ে ভালো খেলেছিলাম। একটু সময় উইকেটে কাটানোয় বিশ্বাস পাচ্ছিলাম। তার একটা বাউন্সারে হুক করে ছক্কা মারলাম। এখনও পর্যন্ত আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত সেটি। প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি বা সেরকম আরও অনেক মুহূর্ত আছে, যা ভোলার নয়। কিন্তু ওই বয়সে স্টেইনের মতো একজন বোলারকে যেভাবে দাপটে খেলতে পেরেছিলাম এবং পাল্টা জবাব দিয়েছিলাম, ওই মুহূর্তটিই আমার কাছে সেরা।”
“পরের বলে স্টেইন আবার শর্ট বল দিল। এবার পুল করে বাউন্ডারি মারলাম। স্টেইনের পরের ওভারে আবার ছক্কা মারলাম মিড উইকেট দিয়ে। তার পরের ওভারে পরপর দুই বলে বাউন্ডারি, একটি কাট করে, আরেকটি পুল।”
“দিনটি আরও স্পেশাল হয়ে গেছে দিনের খেলা শেষে। আমি ড্রেসিং রুম থেকে বেরিয়ে হেঁটে বাসের দিকে যাচ্ছিলাম। দক্ষিণ আফ্রিকার ওরা অনেকেই নিজেদের গাড়ীতে মাঠ ছেড়ে যাচ্ছিল। স্টেইন পেছন থেকে এসে পিঠ চাপড়ে দিয়ে বলল, ‘ওয়েল প্লেইড।’ আমার মনটা ভালোলাগায় ভরে গেল।”
“স্টেইনকে পরেও দেখেছি, মাঠের ভেতরে ও বাইরে খুবই ভদ্র। হ্যাঁ, ফাস্ট বোলারের একটা আগ্রাসন তো থাকবেই। তবে সব মিলিয়ে তার মতো ভদ্র ক্রিকেটার কম দেখেছি। ওই সময়ে তার ওই পিঠ চাপড়ে দেওয়া আমার এগিয়ে যাওয়ার বড় প্রেরণা ছিল।”
ওয়েলিংটনের সবুজে বীরত্বের ছবি
“আমার কাছে টেস্ট ক্রিকেটের লড়াই জয়ের গল্পই সবচেয়ে স্মরণীয়। তাই আরেকটি যে দ্বৈরথের কথা বলব, সেটিও টেস্টের, ২০১৭ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে।
“বোল্ট, সাউদি, কলিন ডি গ্র্যান্ডহোম ও নিল ওয়েগনার ছিল ওদের পেস আক্রমণে। বোল্টকে খেলাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাউদি, ডি গ্র্যান্ডহোমরাও সুইং করায়। তবে বোল্টের গতি তাদের চেয়ে বেশি। আর সে বল ভেতরেও আনতে পারে (ডান হাতি ব্যাটসম্যানের জন্য)। বেশি বিপজ্জনক তাই বোল্টই।”
“ওই বোলিং খেলে ১৫৯ রান করলাম। সাকিব ডাবল সেঞ্চুরি করল (২১৭)। দুই জনের বিশাল একটা জুটি হলো (৩৫৯ রানের)। তবে বড় একটা কৃতিত্ব দিতে হবে তামিম ও মুমিনুলকে। টস হেরে আমরা ব্যাটিংয়ে নেমেছিলাম। সত্যি বলতে, সবুজ উইকেটে ও ওয়েলিংটনের প্রবল বাতাসে আগে ব্যাটিং, একটু শঙ্কিত ছিলাম সবাই। কিন্তু ইমরুল (১) দ্রুত আউট হওয়ার পর তামিম ও মুমিনুল যেভাবে খেলেছে, নতুন বলে যেভাবে ওরা ব্যাটিং করেছে, সেটিই আমাদের সবাইকে আত্মবিশ্বাসী করে তুলেছিল। ফিফটি করেছিল দুজনই (তামিম ১১ চারে ৫০ বলে ৫৬, মুমিনুল ১০ চার ও ১ ছক্কায় ৬৪)।”
“ওরা যেভাবে খেলেছে, পরে ড্রেসিং রুমে এসেও বলেছে যে, সবুজ উইকেট হলেও চাইলে এখানে রান করা যায়। যদি ইতিবাচক মানসিকতা থাকে, বল সিলেকশন ভালো হয়, এখানে টিকে থাকা সম্ভব। আমাদের সাহস তাতে বেড়ে গিয়েছিল। উইকেটে যাওয়ার পর সেভাবেই খেলার চেষ্টা করেছি। সাকিবও খুব ভালো খেলেছে।”
“ইনিংসটির সময় আমার একটা কঠিন সময় গেছে, ওরা যখন দ্বিতীয় নতুন বল নিল। বোল্ট অসাধারণ বোলিং করছিল। আমি চেষ্টা করেছি উইকেট আঁকড়ে রাখার। ওয়েগনারও ভালো বল করেছে। তবে ওয়েগনারের ব্যাপার হলো, সে তো শুধু শরীর তাক করে বোলিং করে যায়। কঠিন খেলা, তবু আমি জানি কেমন বল আসছে। কিন্তু বোল্ট যখন দুই দিকেই সুইংয়ের ফাঁকে আচমকা গতিময় বাউন্সার ঠুকে দেয়, কাজ কঠিন হয়ে যায়। ব্যাটসম্যানকে সবসময় ভাবনায় রাখে সে। আর ওয়েলিংটনের বাতাসের কারণেও অনেক সময় সুইং বোঝা কঠিন।”
“ওই স্পেল কাটিয়ে দেওয়ার পর আরও আত্মবিশ্বাস পেয়েছি। ওখানকার যে আবহাওয়া, তাতে বোলাররা কিন্তু ক্লান্ত হয় না। টানা ৮-১০ ওভারের স্পেল করে, একটু বিশ্রাম নিলেই আবার তরতাজা হয়। চ্যালেঞ্জ তাই ইনিংস জুড়েই ছিল।”
“ওই ইনিংসের আগে নিউ জিল্যান্ডে আমার টেস্ট রেকর্ড খুব বাজে ছিল (৬ ইনিংসে ৫০ রান)। নিজের ভেতর তাই একটা তাগিদ ছিল ভালো করার। আরেকটা ব্যাপার ছিল, মাত্র ইনজুরি থেকে এসেছিলাম। সব মিলিয়েই ওই চ্যালেঞ্জ জয় ছিল দারুণ তৃপ্তিদায়ক।”
