প্রতিপক্ষ জিম্বাবুয়ে, বাংলাদেশের লড়াই অনেক
সিরিজ শুরুর আগের দিন, অথচ সিরিজ নিয়ে প্রশ্নই তেমন নেই। নেই প্রতিপক্ষ আর নিজেদের শক্তি-দুর্বলতা নিয়ে কাটাছেঁড়া। মাশরাফি বিন মুর্তজার অবসর প্রসঙ্গ যতটা উত্তাপ ছড়াল, সংবাদ সম্মেলন ততটাই নিরুত্তাপ মাঠের ক্রিকেটের প্রসঙ্গে। প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে, ওয়ানডেতে জয় যেন ধরাবাঁধা। কিন্তু শঙ্কার জায়গাটাও তো এখানেই। এই সিরিজ থেকে বাংলাদেশের প্রাপ্তির সুযোগ আছে সামান্যই, হারানোর আছে অনেক কিছু!
একমাত্র টেস্টে বাংলাদেশ জিতেছে দাপট দেখিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজের পালা। তিন ম্যাচ সিরিজের সবকটিই সিলেটে। প্রথম ম্যাচ রোববার, শুরু দুপুর ১টায়।
জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ১৩ ওয়ানডেতেই জিতেছে বাংলাদেশ। দেশের মাটিতে সবশেষ ১৬টি! ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশে জিম্বাবুয়ের সবশেষ জয় সেই ২০১০ সালে। সব মিলিয়েই তাই লড়াই শুরুর আগে বাতাসে নেই লড়াইয়ের ঝাঁঝ।
তবে অধিনায়ককে তো আর এই সাধারণ ভাবনায় ডুবে থাকলে চলে না। সীমিত ওভারের ক্রিকেটে প্রতিটি লড়াই একেকটি পরীক্ষা। শঙ্কা-সম্ভাবনার নতুন চারণ ভূমি। সিরিজ শুরুর আগেই অনেকের কাছে ‘বাংলাদেশ ৩: ০ জিম্বাবুয়ে’ হয়ে গেছে। কিন্তু মাশরাফি ঠিকই ভীষণ সাবধানী।
“জিম্বাবুয়ের কাছে আমরা হারতেও পারি। এমন তো না যে আমরা জিম্বাবুয়ের কাছে আগে হারিনি! যে ম্যাচগুলো আমরা জিতেছি, এরমধ্যে কিন্তু দুই-তিনটি ছিল যে আমরা প্রায় হারা ম্যাচ জিতে গেছি। তার মানে, তারা আমাদের হারাতে পারে। সুতরাং অতটুকু নিশ্চিত হয়েই আমাদের ক্রিকেট খেলতে হবে।”
ক্রিকেটীয় অনিশ্চয়তার বাইরে বাংলাদেশের আরেকটি দুর্ভাবনার জায়গা, দীর্ঘ সময় পর ওয়ানডে খেলতে নামা। গত ৩১ জুলাই শ্রীলঙ্কায় সবশেষ ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এরপর বদলে গেছে অনেক কিছু। কোচিং স্টাফে পরিবর্তন এসেছে অনেক। ওই সফরের স্কোয়াড থেকে এবারের দলে পরিবর্তন আছে ৭টি!
চোটের কারণে সেই শ্রীলঙ্কা সফরে না যাওয়া মাশরাফি ফিরেছেন নেতৃত্বে। ওয়ানডেবিহীন এই দীর্ঘ সময়েও ওয়ানডে অধিনায়ককে নিয়ে দেশের ক্রিকেটে চর্চা হয়েছে নিয়মিত। ক্রিকেট অনুসারীরা, সংবাদমাধ্যম এমনকি ক্রিকেট বোর্ড, সবাই অনুসন্ধানে ব্যস্ত ছিলেন, কবে হবে মাশরাফির অবসর। সেই প্রশ্নদের ভীড় সামলে, কৌতূহলের প্রতিকূল স্রোত ঠেলে দেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ঠিকই টস করতে নামছেন আরেকটি সিরিজে।
পারিপার্শ্বিকতার সঙ্গে মাশরাফিকে যেমন লড়াই করতে হয়েছে, তেমনি এই লম্বা সময়ে সতীর্থদের সঙ্গে তার সম্পর্কের সুতোও ঢিলে হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। স্রেফ দুই দিনের প্রস্তুতিতে সেটি পোক্ত করা, দলকে ওয়ানডের ঘরানায় নিয়ে আসা যথেষ্টই চ্যালেঞ্জিং হওয়ার কথা।
অধিনায়ক অবশ্য আস্থা রাখছেন সতীর্থদের পেশাদারীত্বে।
“এর আগেও হয়েছে এরকম, তিন-চার-পাঁচ মাস ওয়ানডে খেলা নেই। এসে অধিনায়কত্ব করতে হয়েছে। নতুন কিছু নয়। একই সঙ্গে বলব, সবাই পেশাদার, সবাই সবার কাজটা ভালো করেই জানে।”
গত জুলাইয়ের পর প্রথম ওয়ানডে খেলতে নামছে জিম্বাবুয়েও। এই সিরিজ দিয়ে প্রথমবার দেশকে নেতৃত্ব দেবেন সীমিত ওভারে তাদের নতুন অধিনায়ক চামু চিবাবা।
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে লম্বা সময় দলে থিতু হতে পারেননি এই বাটসম্যান। তবে নেতৃত্বের পথচলা শুরুর আগে তার আত্মবিশ্বাসের কমতি নেই। বাংলাদেশের বিপক্ষে জয় খরা কাটানোর প্রত্যয় শোনা গেল তার কণ্ঠে।
“দলকে নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত। গত কয়েক বছরে আমরা বাংলাদেশের আঙিনায় খুব ভালো করতে পারিনি। তবে সেটি আমরা বদলাতে চাই। ড্রেসিং রুমের মানসিকতা বদলাতে চাই। এই কন্ডিশনে জয়ের সামর্থ্য আমাদের আছে। প্রস্তুতিও ভালো হয়েছে। ছেলেদের প্রাণশক্তি দারুণ। সবাই শান্ত ও স্থির আছে।”
২০১৮ সালে সিলেটের টেস্ট অভিষেকে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছিল জিম্বাবুয়ে। সেই জয়ও চিবাবাদের জোগাচ্ছে অনুপ্রেরণা।
“যখন আমরা শীর্ষ এক-দুই নম্বর দলের বিপক্ষে খেলি, তখন তারা চাপ অনুভব করে। খুবই স্বাভাবিক। আন্তর্জাতিক ক্রিকেট এমন ব্যাপার, যার বিপক্ষেই খেলেন না কেন, মিডিয়া, দর্শকের প্রত্যাশা থাকে। যখনই লাল সবুজের জার্সিটা গায়ে উঠবে, তখনই অটোমেটিক একটা চাপ থাকেই। খুব স্বাভাবিক। এটাকে সামলানোর সামর্থ্য এই দলের অবশ্যই আছে।”
অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের ভাবনার আরেকটি জায়গা, সেরা একাদশ। আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈম শেখ প্রথমবার সুযোগ পেয়েছেন ওয়ানডে স্কোয়াডে। নাজমুল হোসেন শান্ত ফিরেছেন। একাদশ গড়ায় ভবিষ্যতের দিকে তাকাতে যেমন হবে, তেমনি বর্তমান প্রাপ্তির সঙ্গেও আপোসের সুযোগ নেই। ম্যাচ জিততেই হবে।
তাই শুধু প্রতিপক্ষই নয়, বাংলাদেশের লড়াই নিজেদের সঙ্গে। পারিপার্শ্বিকতার সঙ্গে। বাস্তবতার সঙ্গে। অধিনায়কের ব্যক্তিগত লড়াইও আছে, নিজেকে মেলে ধরার। সবগুলো বক্সে টিক চিহ্ন পড়লেই তাই কেবল সফল হতে পারে সিরিজ। সামান্য খামতি থাকলেও উঠতে পারে হাহাকার!
