২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তানবীরের অবিশ্বাস্য ইনিংসেও পারল না উত্তরাঞ্চল

রোমাঞ্চের আঁচ লেগেছিল আগের দিনেই। শেষ দিনে উত্তেজনা বাড়ল আরও। সবুজ উইকেটে ম্যাচের চতুর্থ দিনে অসাধারণ এক ইনিংস খেললেন তানবীর হায়দার। তার দাপুটে ব্যাটিংয়ে একটা সময় জয়ের আশা জাগে উত্তরাঞ্চলের। কিন্তু চরম নাটকীয় লড়াইয়ে উল্টো তাদের হারিয়ে দিল মধ্যাঞ্চল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2020, 04:09 PM

Updated : 08 Apr 2022, 12:20 AM

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিসিএলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ছয় রানে জিতেছে মধ্যাঞ্চল।

৩০৭ বলে ২০ চার ও এক ছক্কায় ১৭৭ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন তানবীর। তার আগের সেরা ছিল ১২৯; ২০১৫-১৬ বিসিএলে মধ্যাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে। কিন্তু ৩৩০ রানের লক্ষ্যে এগোতে থাকা উত্তরাঞ্চলকে দুর্দান্ত বোলিংয়ে ৩২৩ রানে গুটিয়ে দেয় মধ্যাঞ্চল।

জয় থেকে ১৭৪ রান দূরে দাঁড়িয়ে শেষ দিনের খেলা শুরু করে উত্তরাঞ্চল। ৫ উইকেট হাতে থাকা দলটির শুরুটাও ছিল ইতিবাচক। হাফ সেঞ্চুরি করা তানবীর ও উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম দলকে দেখাচ্ছিলেন আশার আলো।

মাহিদুলকে ফিরিয়ে মধ্যাঞ্চল শিবিরে স্বস্তি আনেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। অধিনায়ক শুভাগত হোমের বোলিংয়ের সামনে বেশিক্ষণ টেকেননি নতুন ব্যাটসম্যান এনামুল জুনিয়র।

তবে সুমন খানের সঙ্গে জুটিতে জয়ের পথে এগোতে থাকেন তানবীর। তুলে নেন প্রথম শ্রেণির ক্যারিয়ারে তার সপ্তম সেঞ্চুরি।

দ্বিতীয় সেশনের শুরুতে মুস্তাফিজুর রহমানের তোপের সামনে দাঁড়াতে পারেননি সুমন ও তাসকিন আহমেদ। পরপর দুই ওভারে দুই জনকে সাজঘরে ফেরান প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া বাঁহাতি এই পেসার।

সাকিলের সঙ্গে শেষ উইকেট জুটিতে দেড়শ পূরণ করেন তানবীর। এই জুটিতে জয়ের দিকেই এগোচ্ছিল উত্তরাঞ্চল। কিন্তু মুকিদুলের বলে তানবীর বোল্ড হয়ে গেলে শেষ হয়ে যায় সব আশা।

মধ্যাঞ্চলের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন শহিদুল ইসলাম এবং দুটি করে উইকেট নেন মুস্তাফিজ, মুকিদুল ও শুভাগত।

সংক্ষিপ্ত স্কোরঃ

মধ্যাঞ্চল ১ম ইনিংসঃ ৪৮.৫ ওভারে ১৭০

উত্তরাঞ্চল ১ম ইনিংসঃ ৬৩.৪ ওভারে ১৬৬

মধ্যাঞ্চল ২য় ইনিংসঃ ৮৯.১ ওভারে ৩২৫

উত্তরাঞ্চল ২য় ইনিংসঃ ১০৪ ওভারে ৩২৩  (আগের দিন ১৫৬/৫) (তানবীর ১৭৭, মাহিদুল ২৩, এনামুল জুনিয়র ৪, সুমন ১৩, তাসকিন ০, সাকিল ১* ; মুকিদুল ১৩.৩-০-৪৫-২, শহিদুল ২০-১-৭৮-৩, মুস্তাফিজ ২১-৪-৫৪-২, আরাফাত সানি ২৮-৬-৭৫-১, শুভাগত ২২-২-৬২-২)

ফল: মধ্যাঞ্চল ৬ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: শুভাগত হোম