টস জিতে ফিল্ডিং নেওয়ার কথা ছিল বাংলাদেশের!
টস জিতে বাংলাদেশ কেন ব্যাটিং নিলো, অনেক সময় নিয়ে তার ব্যাখ্যা দিয়েছেন রাসেল ডমিঙ্গো। পরদিন ঠিক তার উল্টো কথা বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বাংলাদেশের প্রধান কোচ ও অধিনায়ক মুমিনুল হক নাকি বলেছিলেন, টস জিতলে ফিল্ডিং নেবেন তারা!
ইন্দোর টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। সিদ্ধান্ত ঠিক ছিল না বলে পরে স্বীকার করেন মুমিনুল। তবে সেই ম্যাচে ব্যাট করা ঠিক সিদ্ধান্ত ছিল বলে মনে করেন ডমিঙ্গো। কলকাতা টেস্টের পরও মুমিনুল টস জিতে ব্যাটিং নেন।
প্রথম ইনিংসে ৩০.৩ ওভারে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এটা আরেকটি সাহসী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন ডমিঙ্গো। আরও জানান, নিজেদের ক্রিকেট এগিয়ে নিতে এই ধরনের সাহসী সিদ্ধান্ত নিতেই থাকবে বাংলাদেশ।
তবে ইডেন গার্ডেনসে শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষে বিসিবি প্রধান জানান, টস জিতে ব্যাটিং নেওয়ায় ধাক্কা খেয়েছিলেন তিনি।
“যখন আমরা টসে জেতার পর ব্যাটিং নিতে দেখি, তখন প্রথম ধাক্কাটা খেয়েছি আমি। ভারতীয় যত জনের সাথে কথা হয়েছে, তারা বলেছে টসে জিতলে তারা ফিল্ডিংই নিতো।”
“প্রথমে ব্যাটিং নেওয়ায় সত্যিই আশ্চর্য হয়েছি, আমরা সকলেই হয়েছি। আগের দিন টিমের সাথে যখন আমি বসি, কোচ-অধিনায়ক দুজনেই বলেছে ‘টসে জিতলে ফিল্ডিং নেব’।”
প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ৯ উইকেটে ৩৪৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। ৬ উইকেটে ১৫২ রানে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে এখনও ৮৯ রান চাই তাদের।
