২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ো ব্যাটিংয়ে রুমানার রেকর্ড

পাকিস্তান সফরে প্রথম ম্যাচটিতে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। তবে এই ম্যাচের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের পথে দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন রুমানা আহমেদ। দারুণ ব্যাটিংয়ে গড়েছেন তিনি বাংলাদেশের মেয়েদের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2019, 11:26 PM

Updated : 08 Apr 2022, 04:55 PM

লাহোরে শনিবার রুমানা খেলেছেন ৩০ বলে ৫০ রানের ইনিংস। ফিফটি ছুঁয়েছেন ২৮ বলে। বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির আগের রেকর্ড পেছনে পড়ে গেছে অনায়াসেই।

৩৯ বলে ফিফটির আগের রেকর্ড ছিল যৌথভাবে ফারজানা হক ও শামিমা সুলতানার। গত বছরের মে মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্লুমফন্টেইনে রেকর্ডটি গড়েছিলেন কিপার-ব্যাটার শামিমা। পরে জুলাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনে সেই রেকর্ড স্পর্শ করে ফারজানা।

রুমানা এই ম্যাচে ঝড়ো ফিফটির আগে বল হাতে ৪ ওভারে ১৪ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। তার এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও বাংলাদেশ হেরেছে ১৪ রানে।

মেয়েদের টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড সোফি ডিভাইনের। ২০১৫ সালে ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে ১৮ বলে ফিফটি করেছিলেন নিউ জিল্যান্ডের ব্যাটার।