২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের বিপক্ষে শাইনপুকুরের নাটকীয় জয়

প্রথম চার ব্যাটসম্যানের ফিফটিতে বড় সংগ্রহ গড়লো মোহামেডান স্পোর্টিং ক্লাব। বোলিংয়েও শুরুটা দারুণ হল দলটির। তবে ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে রান তাড়ায় শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে পথ দেখালেন আফিফ হোসেন। শেষটায় ঝড় তুললেন সোহরাওয়ার্দী শুভ ও দেলোয়ার হোসেন। বারবার রঙ পাল্টানো ম্যাচে নাটকীয় জয় তুলে নিল দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2019, 07:37 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ডের ম্যাচে ২ উইকেটে জিতেছে শাইনপুকুর। ৩২৫ রানের লক্ষ্য ২ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা।

শেষ ২ ওভারে ২৩ রান প্রয়োজন ছিল শাইনপুকুরের। ভারতীয় অলরাউন্ডার রজত ভাটিয়াকে প্রথম চার বলে তিনটি ছক্কা হাঁকিয়ে সমীকরণ সহজ করে ফেলেন দেলোয়ার। তার শেষ ছক্কাটিতে মিশে ছিল ভাগ্যের ছোঁয়া। ডিপ স্কয়ার লেগে সহজ ক্যাচ অভিষেক মিত্রর হাত ফস্কে পড়ে সীমানার বাইরে।   

শেষ ৮ বলে প্রয়োজন ছিল ৫ রান। পঞ্চম বলে দেলোয়ার আউট হয়ে গেলে জাগে মোহামেডানের আশা। তবে টিপু সুলতানকে নিয়ে ঠাণ্ডা মাথায় দলকে জয় এনে দেন শুভ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে ইরফান শুক্কুরের সঙ্গে শতরানের জুটিতে মোহামেডানকে ভালো শুরু এনে দেন লিটন দাস। পাঁচ চারে ৫০ রান করা অভিষেককে ফিরিয়ে ২০ ওভার স্থায়ী জুটি ভাঙেন শুভ।

উইকেট ছিল পুরোপুরি ব্যাটিং সহায়ক। আসরে দ্বিতীয়বারের মতো খেলতে নামা লিটন ছুটছিলেন দারুণ গতিতে। শট খেলছিলেন উইকেটের চারপাশে। স্পিনের বিপক্ষে সবচেয়ে বেশি খেলছিলেন সুইপ, শেষ পর্যন্ত কাল হল সেটাই।

বাঁহাতি স্পিনার টিপুকে সুইপ করতে গিয়ে আউট হয়ে শেষ হয় লিটনের ৮৪ রানের ইনিংস। ৮৯ বলে খেলা এই ওপেনারের দাপুটে ইনিংস গড়া ৯ চার ও এক ছক্কায়।

তিনে নামা অভিষেক ফিরে যান তিন চারে ৫৯ বলে ৫০ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলে। ক্রিজে গিয়েই বোলারদের ওপর চড়াও হওয়া রকিবুল হাসান ৪৮ বলে ১১ চার ও এক ছক্কায় খেলেন ৭৪ রানের বিস্ফোরক এক ইনিংস।

শেষের দিকে সোহাগ গাজীর তিন ছক্কায় ২২ বলে ৪৫ রানের খুনে ইনিংসে মোহামেডানের স্কোর তিনশ ছাড়ায়। ৯ রানে শেষ ৬ উইকেট হারিয়ে তিন বল বাকি থাকতে গুটিয়ে যায় দলটি।

শেষের দিকে দুই ওভার মিলিয়ে ৬ বলের মধ্যে চার উইকেট তুলে নেওয়া দেলোয়ার শেষ পর্যন্ত ৫ উইকেট নেন ৪৬ রানে।

বড় রান তাড়ায় শুরুটা ভালো হয়নি শাইনপুকুরের। ১১৭ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। বোল্ড করে দুই ওপেনারকে বিদায় করেন অফ স্পিনার সোহাগ।

দৃষ্টিকটুভাবে রান আউট হয়ে ফিরেন তৌহিদ হৃদয়। তার ডাকে সাড়া দিয়ে রান নিতে ছুটেন নন স্ট্রাইকার উন্মুখ চাঁদ। হঠাৎ করেই সিদ্ধান্ত পাল্টে নিজের প্রান্তে ফিরে আসেন হৃদয়। তাকে উইকেট বিসর্জনের ইশারা দিচ্ছিলেন ভারতীয় ব্যাটসম্যান চাঁদ। তাতে কাজ না হওয়ায় এক পর্যায়ে একরকম ধাক্কা দিয়ই সতীর্থকে বের করে দেন তিনি! ততক্ষণ বল কুড়িয়ে বোলারকে বল ছুড়েন শর্ট থার্ড ম্যানের ফিল্ডার, রান আউট হয়ে যান হৃদয়।

৫১ বলে ৪৯ রান করা চাঁদ খানিক পর বোল্ড হয়ে গেলে ম্যাচ ঝুঁকে পড়ে মোহামেডানের দিকে।

ক্রিজে গিয়েই পাল্টা আক্রমণে শাইনপুকুরকে টানেন আফিফ। তরুণ কিপার-ব্যাটসম্যান অমিত হাসানের কাছ থেকে মিলে দারুণ সঙ্গ। ৪৩ করে অমিত ফিরে গেলে ভাঙে ১১৮ রানের জুটি।

শাহাদাত হোসেনকে টানা তৃতীয় ছক্কা হাকানোর চেষ্টায় ক্যাচ দিয়ে শেষ হয় আফিফের দাপুটে ইনিংস। আগের সেরা ৯৪ ছাড়িয়ে বাঁহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান ৮৬ বলে পাঁচ ছক্কা ও চারটি চারে করেন ৯৭ রান।

তখনও জয় ছিল বেশ দূরের পথ। শুভ ও দেলোয়ারের ৫৯ রানের জুটিতে লক্ষ্যের পথে এগিয়ে যায় শাইনপুকুর। ১৯ বলে ৩৪ করে দেলোয়ার ফিরে যান। জয়কে সঙ্গী করে মাঠ ছাড়েন শুভ।

অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন দেলোয়ার।

নয় ম্যাচে এটি শাইনপুকুরের চতুর্থ জয়। একটি ম্যাচ টাই করা দলটি ৯ পয়েন্ট নিয়ে উঠে এলো পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। সমান ম্যাচে পঞ্চম হারের স্বাদ পাওয়া মোহামেডান ৮ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। 

সংক্ষিপ্ত স্কোর:

মোহমেডান স্পোর্টি ক্লাব: ৪৯.৩ ওভারে ৩২৪ (লিটন ৮৪, ইরফান ৫০, অভিষেক ৫০, রকিবুল ৭৪, সোহাগ ৪৫, ভাটিয়া ১০, আলাউদ্দিন ৯, নাদিফ ০, নিহাদ ১, সাকলাইন ১, শাহাদাত ০; শরিফুল ১/৬৮, দেলোয়ার ৫/৪৬, টিপু ১/৪২, শুভাগত ০/৪৩, শুভ ২.৭২, সাব্বির ০/৫১)

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৪৯.৪ ওভারে ৩২৫/৮ (সাদমান ২১, সাব্বির ১৭, চাঁদ ৪৯, হৃদয় ৯, আফিফ ৯৭, শুভাগত ৫, আমিত ৪৩, শুভ ৩৪*, দেলোয়ার ৩৪, টিপু ১*; শাহাদাত ১/৭৫, সোহাগ ২/৪০, আলাউদ্দিন ১/৬৫, সাকলাইন ০/২২, নিহাদ ০/৪২, ভাটিয়া ২/৮০)

ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ২ উইকেটে জয়ী 

ম্যান অব দা ম্যাচ: দেলোয়ার হোসেন