২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন দিনাজপুর

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের ৩৯তম আসরের শিরোপা জিতেছে দিনাজপুর জেলা। ফাইনালে ময়মনসিংহ জেলাকে ৪ উইকেটে হারিয়েছে দিনাজপুর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2019, 08:59 PM

Updated : 08 Apr 2022, 03:59 PM

জাতীয় ক্রিকেটে এটি দিনাজপুরের দ্বিতীয় শিরোপা। দেশের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে উত্তরাঞ্চলের জেলাটি প্রথম শিরোপা জিতেছিল ২০১৩-১৪ মৌসুমে।

বুধবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা ময়মনসিংহ ৩৮.৫ ওভারে গুটিয়ে যায় ১২৮ রান করেই।

দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন জাতীয় দলের তারকা মোসাদ্দেক হোসেন। কাওসার হোসেন ফাহিমের ব্যাট থেকে আসে ২১ রান, সাইদুর রহমান সাদ করেন ১৯।

দিনাজপুরের নবিন ইসলাম ও আফসারুল আফরোজ নেন দুটি করে উইকেট।

দিনাজপুরের রান তাড়া খুব সহজ হয়নি। তবে পাঁচে নামা অধিনায়ক আরিফ রেজার ৪৬ রানের ইনিংস দলকে এগিয়ে নেয় জয়ের পথে। প্রত্যয় কুণ্ডু করেন ১৭ রান। ২৯.২ ওভারে জেতে দিনাজপুর।

ময়মনসিংহের গাজী সোহেল নেন ২৫ রানে ৩ উইকেট।

বল হাতে ১ উইকেট নেওয়ার পর ম্যাচ জেতানো ইনিংস খেলে ফাইনালের সেরা ক্রিকেটার দিনাজপুরের অধিনায়ক আরিফ রেজা।

১৫৪ রান করে ও ৯ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ময়মনসিংহের আসাদুজ্জামান প্রিন্স।