২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জহুরুলের অসাধারণ ইনিংসে আবাহনীর জয়

উইকেটে তাজা সবুজ ঘাস, তবে বিচ্ছিন্ন ভাবে। সবুজের ফাঁকে তাকিয়ে আছে বাদামী অংশ। নতুন বলে মিলল মুভমেন্ট। অসমান বাউন্স ম্যাচ জুড়েই। কঠিন সেই উইকেটে আবাহনীকে চেপে ধরেছিল নবীন বিকেএসপি। কিন্তু জহুরুল ইসলামের অসাধারণ এক সেঞ্চুরি উদ্ধার করল চ্যাম্পিয়নদের। পেরে উঠল না ৯ অভিষিক্তকে নিয়ে মাঠে নামা বিকেএসপি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2019, 05:22 PM

Updated : 08 Apr 2022, 03:55 PM

ঢাকা প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে সেঞ্চুরি উপহার দিলেন জহুরুল। প্রিমিয়ারে উঠে আসা বিকেএসপিকে ৬০ রানে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল আবাহনী। 

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার ইনিংসের প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত খেলেছেন জহুরুল। ৫০ ওভারে আবাহনী তোলে ২১৬ রান। জহুরুল একাই করেছেন অপরাজিত ১২১, তার ক্যারিয়ার সেরা ইনিংস। উঠতি ক্রিকেটারদের নিয়ে গড়া বিকেএসপি ৫৫ বল বাকি থাকতে গুটিয়ে যায় ১৫৬ রানে।

আবাহনীর ইনিংসে জহুরুল ছাড়া মোহাম্মদ সাইফ উদ্দিন করেন ফিফটি, মোসাদ্দেক হোসেন ১৩। বাকি ৮ ব্যাটসম্যানের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

টস জিতে বোলিং নিয়ে আবাহনীকে নাড়িয়ে দেন বিকেএসপির নতুন বলের দুই বোলার সুমন খান ও আবু নাসের। সহায়ক উইকেটে দুই পেসারই ভোগান শক্তিশালী ব্যাটিং লাইন আপকে।

প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগের সেরা উদীয়মান বোলারের পুরস্কার জয়ী সুমন ফিরিয়ে দেন আবাহনীর শ্রীলঙ্কান ওপেনার কৌশল সিলভাকে। আবু নাসেরের শিকার নাজমুল হোসেন শান্ত।

বাজে সময়ের চক্রে থাকা শান্ত ছিঁড়তে পারছেন না বলয়। গত প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান স্কোরার এবার লিগ শুরু করলেন শূন্য রান দিয়ে।

এরপর অধিনায়ক মোসাদ্দেক হোসেন কাটা পড়েছেন রান আউটে। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের দারুণ ডেলিভারিতে বোল্ড সাব্বির রহমান। ষোড়শ ওভারে আবাহনী ধুঁকছিল ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে।

এক পাশে তখনও টিকে জহুরুল। আস্থা হয়ে টেনে নিয়েছেন দলকে। আরেকপাশে ভরসা জোগান সাইফ। পঞ্চম উইকেটে ১১২ রানের জুটি গড়েন দুজন।

৪০ ওভার পেরিয়ে যখন ঝড় তোলার সময়, সাইফ আউট হয়ে যান ৮০ বলে ৫৫ করে। এই জুটি ভাঙার পর আবার নিয়মিত উইকেট হারাতে থাকে আবাহনী। আবারও তাই শেষ পর্যন্ত টিকে থাকায় মন দিতে হয় জহুরুলকে। সেটি পেরেছেন তিনি দারুণভাবে, পাশাপাশি বাড়িয়েছেন রানও। ৭৯ বলে ছুঁয়ছিলেন ফিফটি। মুরাদকে স্কুপে বাউন্ডারি মেরে সেঞ্চুরি করেছেন ১৩২ বলে। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি তার তৃতীয় সেঞ্চুরি।

এরপরও দায়িত্ব নিয়ে জহুরুল শেষ করে এসেছেন ইনিংস। শেষ ওভারে তিনটি বাউন্ডারিতে বাড়ান দলের রান। ১৩ চার ও ১ ছক্কায় ১৪৭ বলে ১২১ রান করে মাঠ ছাড়েন অপরাজিত থেকে।

ব্যাটিং দুরূহ উইকেট ও আবাহনীর শক্তিশালী বোলিংয়ে এই মাঝারি রান তাড়াও অনভিজ্ঞ বিকেএসপির জন্য ছিল কঠিন চ্যালেঞ্জ। মূলত অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটারদের নিয়ে গড়া দল পারেনি সেই চ্যালেঞ্জর জবাব দিতে।

শুরুতে সাইফ ও রুবেল হোসেনের আগ্রাসী বোলিং চাপে ফেলে দেয় তরুণ ব্যাটসম্যানদের। পরে একের পর এক উইকেট নিয়েছেন আবাহনীর স্পিনাররা।

ওপেনিংয়ে রাতুল খান ৩৭ রান করতে বল খেলেছেন ৭৫টি। সাতে নেমে দলের সর্বোচ্চ অপরাজিত ৩৮ করেছেন অধিনায়ক আব্দুল কাইয়ুম। সেভাবে জয়ের সম্ভাবনাই জাগাতে পারেনি বিকেএসপি।

সংক্ষিপ্ত স্কোর:

আবাহনী: ৫০ ওভারে ২১৬/৯ (জহুরুল ১২১*, কৌশল সিলভা ৭, শান্ত ০, মোসাদ্দেক ১৩, সাব্বির ২, সাইফ ৫৫, জাভেদ ৯, সানজামুল ১, রুবেল ৪, আরিফুল ০, অপু ০*, সুমন ১/৪৯, নাসের ৩/৪৯, কাইয়ুম ০/৩৪, মুরাদ ২/৫৪, নওশাদ ১/২৯, শামিম ০/১০)।

বিকেএসপি: ৪০.৫ ওভারে ১৫৬ (রাতুল ৩৭, পারভেজ ৫, মাহমুদুল ৪, আমিনুল ৮, আকবর ৩, শামিম ১৮, কাইয়ুম ৩৮*, নওশাদ ৩, সুমন ১০, মুরাদ ১, নাসের ১২; সাইফ ১/১২, রুবেল ১/২০, মোসাদ্দেক ১/২৮, আরিফুল ১/১৭, অপু ৩/৩০, সানজামুল ২/৪১, সাব্বির ১/৩)।

ফল: আবাহনী লিমিটেড ৬০ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: জহুরুল ইসলাম