গাজী গ্রুপ-দোলেশ্বরের ম্যাচ রিজার্ভ ডেতে
টসের নির্ধারিত সময়ের বেশ আগেই আকাশ ছেয়ে গেল কালো মেঘে। পরে শুরু হলো ভারী বৃষ্টি। গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাবের ম্যাচে টসই হতে পারল না। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সেমি-ফাইনালে ওঠার লড়াই গড়াল রিজার্ভ ডেতে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় হতে না পারা ম্যাচটি এখন হবে বৃহস্পতিবার দুপুর ১২টায়।
‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ জিতে আগেই কাজ এগিয়ে রেখেছে গাজী গ্রুপ। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় এই ম্যাচে প্রাইম দোলেশ্বরকে জিততে হবে ভালো রান রেট রেখে।
গ্রুপের প্রথম ম্যাচে বিকেএসপির কাছে সুপার ওভারে হেরেছিল প্রাইম দোলেশ্বর। পরের ম্যাচে বিকেএসপিকেই হারিয়েছিল গাজী গ্রুপ।
এই গ্রুপের শীর্ষ দল শুক্রবার দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠা প্রাইম ব্যাংকের। একই দিন প্রথম সেমি-ফাইনালে খেলবে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
