২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা ৫ জনের দল নই: বাংলাদেশ কোচ

মেহেদী হাসান মিরাজ হয়ে উঠেছেন দলের অবিচ্ছেদ্য অংশ। সৌম্য সরকার ফিরতে শুরু করছেন আপন ছন্দে। মুস্তাফিজুর রহমান তো বরাবরই গুরুত্বপূর্ণ। আগের সিরিজে ইমরুল কায়েস ছিলেন দুর্দান্ত। অবদান রাখতে শুরু করেছেন লিটন দাস, মোহাম্মদ মিঠুনরা। বাংলাদেশ কোচ স্টিভ রোডসের কণ্ঠে তাই উচ্ছ্বাস, এই দল শুধু পাঁচ সিনিয়রের ওপর নির্ভরশীল নয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2018, 09:13 PM

Updated : 08 Apr 2022, 07:29 PM

পাঁচ সিনিয়রের বাইরে নিয়মিত পারফর্মার নেই, জেতানোর মতো বা ধারাবাহিক নন কেউ, দেশের ক্রিকেটে এই হাহাকার ছিল কিছুদিন আগেও। সাম্প্রতিক সময়ে সেই চিত্র বদলেছে কিছুটা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পরদিন বাংলাদেশ কোচ তুলে ধরলেন সেই বদলে যাওয়া চিত্র। সংবাদমাধ্যমসহ সবাইকে অনুধাবন করতে বললেন সময়ের বাস্তবতা।

“এটা দারুণ (অন্যদের পারফর্ম করা)। আমি জানি লোকে কেন বিগ ফাইভের কথা বলে। কিন্তু আমরা তো একটি দল, একটি স্কোয়াড। মিরাজের ফর্ম অবিশ্বাস্য। সব ফরম্যাটে ভালো করছে। নিজেকে মেলে ধরার দারুণ এক উদাহরণ সে। মনে করে দেখুন, এশিয়া কাপের ফাইনালে ওপেন করে ভালো করেছিল। সৌম্য ফিরে খুব ভালো করেছে। লিটন বিপজ্জনক ব্যাটসম্যান, বড় ম্যাচে ভালো করেছে।”

“আরও অনেকে অবদান রাখছে। ফিজের (মুস্তাফিজ) কথা কেউ বলে না। কিন্তু ওয়ানডেতে কী দুর্দান্ত সে! বিশ্বের সেরা ডেথ বোলারদের একজন। সে কি বিগ ফাইভের অংশ? আমি নিশ্চিত নই। এজন্যই মিডিয়ারও এটা বোঝা জরুরি যে আমরা ১১ জনের দল। ১৫-১৬ জনের স্কোয়াড। এতে তরুণ ও সিনিয়র, সব ক্রিকেটারের ওপর থেকে চাপও সরে যাবে। আমরা স্রেফ ৫ জন নই, আমরা ১১ বা এমনকি ১৫-২০ জন। মূল ব্যাপার হলো, আমাদের গভীরতা বাড়ছে। এটাই দেশের বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সাহায্য করবে।”