২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদমানের ব্যাটিংয়ে মুগ্ধ তামিম

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে তখন লাঞ্চ বিরতি। কিন্তু খেলা দারুণ জমে উঠেছে পাশেই একাডেমি মাঠে। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা তামিম ইকবাল নেট সেশন শুরু করেছেন পুরোদমে। ব্যাটিং করলেন আধ ঘণ্টা মতো। ব্যাটিংয়ে ফিরতে পারায় স্বস্তি পাচ্ছেন তামিম। পাশাপাশি জানালেন আরেকজনকে নিয়ে মুগ্ধতার কথা। নিজে থেকেই বললেন, ‘সাদমান তো দারুণ ব্যাট করল!’

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2018, 02:25 PM

Updated : 08 Apr 2022, 07:25 PM

তামিমের সার্টিফিকেট এখানে যথেষ্টই মূল্যবান। দেশের সফলতম ব্যাটসম্যান বলেই শুধু নয়, সম্ভাব্য সঙ্গী হিসেবেও। তামিমের একজন উপযুক্ত সঙ্গীই তো খুঁজছে বাংলাদেশ। ওপেনারদের একের পর এক ব্যর্থতার গুমোট পরিবেশে এক ঝলক মুক্ত বাতাস হয়ে এসেছেন যেন সাদমান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে অভিষিক্ত সাদমান প্রথম ইনিংসে খেলেছেন ৭৬ রানের ইনিংস। রানের চেয়েও বেশি নজরকাড়া ছিল তরুণ বাঁহাতি ওপেনারের ব্যাটিংয়ের ধরন। টেস্ট ক্রিকেটে প্রথম দিনেই প্রমাণ রেখেছেন দারুণ টেম্পারামেন্টের। ব্যাট করেছেন ২২০ মিনিট। ১৯৯ বল খেলে গড়েছেন অভিষেকে বাংলাদেশের ওপেনারদের সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড।

টেস্টে তামিমের নিয়মিত সঙ্গী হয়ে উঠতে হলে সাদমানকে পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ। পাশ করতে হবে বেশ কিছু পরীক্ষায়। তবে প্রথম ইনিংসে জানান দিয়েছে, পরীক্ষায় উতরানোর উপাদান তার ব্যাটিংয়ে আছে। সম্ভাবনার সেই ঝিলিক দেখতে পাচ্ছেন তামিমও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন সেই ভালো লাগার কথা।

“সত্যি বলতে, বিপিএলের বাইরে এই প্রথম ওর ব্যাটিং দেখলাম। ওকে নিয়ে যা শুনেছিলাম, ঠিক সেরকমই ব্যাট করেছে। আমার সবচেয়ে ভালো লেগেছে দুটি ব্যাপার। প্রথমত, চাপহীন ব্যাটিং। একটুও নার্ভাস মনে হয়নি। মনে হয়নি বড় কোনো জায়গায় খেলছে। কোনো অস্বস্তি বোঝা যায়নি।”

“আরেকটি ব্যাপার হলো ওর কন্ট্রোল। একদম নিজের জোনের ভেতর ব্যাট করেছে। একবারও মনে হয়, স্টাম্পের বাইরে পোক করেনি বা ফ্ল্যাশি শট খেলেনি। নতুন বলে পেস যতটুকু খেলেছে, বেশ ভালো সামলেছে। স্পিনও পরে ভালো খেলেছে। মনে হয়েছে, নিজের ব্যাটিংটা জানে। ওকে নিয়ে আশা করা যায় ভালো কিছুর।”

আশা উজ্জ্বল হয়েছে তামিমের নিজের ফেরা নিয়েও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ দিয়ে ফেরার যে লক্ষ্য ঠিক করেছেন, সেই পথেই আছেন। নেটে ব্যাটিং শুরু করেছেন শুক্রবার থেকে। প্রথম দিন খেলেছিলেন শুধু হালকা থ্রো ডাউন ও স্পিন। শনিবার শুরু হলো পুরোদমে।

নেটে এ দিন তামিম খেললেন টেস্ট স্কোয়াডে থাকা দুই পেসার মুস্তাফিজুর রহমান ও সৈয়দ খালেদ আহমেদ, দুই লেগ স্পিনার জুবায়ের হোসেন ও রিশাদ হোসেনকে। থ্রো ডাউন করলেন ফিল্ডিং কোচ রায়ান কুক। নেটে এসেছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। তামিমকে দেখিয়ে দিলেন টুকটাক দুয়েকটি দিক।

নেটে ছিলেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও স্পিন কোচ সুনীল যোশিও। ফেরার পথে তামিমকে ‘থামস আপ’ দেখিয়ে গেলেন ওয়ালশ। সবকিছু মিলিয়ে তামিমের অগ্রগতি আছে ঠিক পথেই।