২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদউল্লাহর সেঞ্চুরির পর সাকিব-মিরাজের ছোবল

লড়িয়ে এক সেঞ্চুরিতে দলকে পথ দেখালেন মাহমুদউল্লাহ। প্রথম ইনিংসে বাংলাদেশ পেল পাঁচশ ছাড়ানো সংগ্রহ। শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের স্পিনে ভুগেছে ওয়েস্ট ইন্ডিজ। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান দ্রুত ফিরিয়ে দিয়েছেন প্রথম পাঁচ ব্যাটসম্যানকে।

অনীক মিশকাত অনীক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2018, 09:40 AM

Updated : 11 Oct 2022, 12:48 PM

বিপদে ওয়েস্ট ইন্ডিজ

মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের স্পিনে দ্বিতীয় দিন শেষে বিপদে ওয়েস্ট ইন্ডিজ। 

২৯ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারানো সফরকারীরা দিন শেষ করেছে ৫ উইকেটে ৭৫ রানে। শিমরন হেটমায়ার ৩২ ও শেন ডাওরিচ ১৭ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে গড়েছেন ৪৬ রানের জুটি।

অফ স্পিনার মিরাজ নেন ৩ উইকেট, বাঁহাতি স্পিনার সাকিব দুটি। প্রথম ইনিংসে বড় লিডের আশা জাগিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে আছে ৪৩৩ রানে। স্বাগতিকদের আবার ব্যাটিংয়ে পাঠাতে তাদের চাই আরও ২৩৪ রান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন শেষে ২৫৯/৫) ১৫৪ ওভারে ৫০৮ (সাকিব ৮০, মাহমুদউল্লাহ ১৩৬, লিটন ৫৪, মিরাজ ১৮, তাইজুল ২৬, নাঈম ১২*; রোচ ২৫-৪-৬১-২, লুইস ২০-২-৬৯-১, চেইস ২৮-০-১১১-১, ওয়ারিক্যান ৩৮-৫-৯১-২, বিশু ২৮-১-১০৯-২, ব্র্যাথওয়েট ১৫-০-৫৭-২)

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪ ওভারে ৭৫/৫ (ব্র্যাথওয়েট ০, পাওয়েল ৪, হোপ ১০, আমব্রিস ৭, চেইস ০, হেটমায়ার ৩২*, ডাওরিচ ১৭*; সাকিব ৯-৩-১৫-২, মিরাজ ১০-১-৩৬-৩, নাঈম ৩-০-৯-০, তাইজুল ১-০-১০-০, মাহমুদউল্লাহ ১-১-০-০)

রিভিউ নিয়ে বাঁচলেন হেটমায়ার আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচলেন শিমরন হেটমায়ার।  সাকিব আল হাসানের জায়গায় বোলিংয়ে আসা নাঈম হাসানের তৃতীয় বল ব্যাটে খেলতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া দিলে রিভিউ নেন হেটমায়ার।

মিরাজের তৃতীয় শিকার হোপ
 
শেই হোপকে বেশিক্ষণ টিকতে দিলেন না মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যানকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট নিলেন এই অফ স্পিনার। 
 
পিছিয়ে গিয়ে মিরাজকে সামলাতে চেয়েছিলেন হোপ। স্টাম্পে থাকা নিচু বল খেলতে পারেননি ব্যাটে, ফিরে যান বোল্ড হয়ে। 
 
৩০ বলে ১০ রান করেন হোপ। ২৯ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে শিমরন হেটমায়ারের সঙ্গী শেন ডাওরিচ। 
 
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে পাঁচ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে কম রানে প্রথম ৫ উইকেট হারানোর নজির ছিল সেটাই। পরের ইনিংসেই পিছনে পড়ে গেল সেটা।  
 
টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো প্রথম পাঁচ ব্যাটসম্যান ফিরলেন বোল্ড হয়ে। ১২৮ বছরের মধ্যে প্রথমবারের মতো এই চিত্র দেখল ক্রিকেট বিশ্ব।

চেইসকে গোল্ডেন ডাকের স্বাদ দিলেন মিরাজ

ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডারের অন্যতম ভরসা রোস্টন চেইস টিকলেন মাত্র এক বল। ডানহাতি ব্যাটসম্যানকে গোল্ডেন ডাকের স্বাদ দিলেন মেহেদী হাসান মিরাজ।

স্টাম্পে থাকা আপাত নিরীহ বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান চেইস। স্পিনে ধুঁকতে থাকা সফরকারীরা ২০ রানে হারায় চতুর্থ উইকেট। ক্রিজে শেই হোপের সঙ্গী চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসেই পাল্টা আক্রমণে দ্রুত রান তোলা শিমরন হেটমায়ার।

সাকিবের দ্বিতীয় শিকার আমব্রিস
 
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ গড়া সুনিল আমব্রিস আউট হলেন দৃষ্টিকটুভাবে। ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানকে বোল্ড করে নিজের দ্বিতীয় উইকেট নিলেন সাকিব আল হাসান। 
 
সাকিবের স্টাম্প সোজা বল বেরিয়ে এসে উড়াতে চেয়েছিলেন আমব্রিস। বলে-ব্যাটে করতে পারেননি, এলোমেলো হয়ে যায় স্টাম্পস। 
 
১২ বলে ৭ রান করে ফিরেন আমব্রিস। ১৭ রানে তৃতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে শেই হোপের সঙ্গী রোস্টন চেইস।

পাওয়েলকে ফেরালেন মিরাজ

দারুণ এক ডেলিভারিতে কাইরন পাওয়েলকে ফেরালেন মেহেদী হাসান মিরাজ।  

অফ স্পিনারের বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন বাঁহাতি ওপেনার। অ্যাঙ্গেলে ভেতরে ঢোকা বল ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত হানে স্টাম্পে।

১৫ বলে ৪ রান করেন পাওয়েল। ৬ রানে দ্বিতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে শেই হোপের সঙ্গী সুনিল আমব্রিস।

প্রথম ওভারেই সাকিবের উইকেট

ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশ পেল সাফল্য। অসাধারণ এক ডেলিভারিতে সাকিব আল হাসান বোল্ড করে দিলেন ক্রেইগ ব্র্যাথওয়েটকে।

ফুল লেংথ বলটি পিচ করে বেরিয়ে যাওয়ার বদলে ঢুকল ভেতরে। ডানহাতি ব্র্যাথওয়েট টার্ন করবে ভেবে ড্রাইভ করতে গিয়ে বিশাল ফাঁক রেখে দিলেন ব্যাট-প্যাডে। বল নাড়িয়ে দিল স্টাম্পস।

শূন্য রানে আউট হলেন ক্যারিবিয়ান অধিনায়ক। প্রথম ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে শূন্য।

৫০৮ রানে থামল বাংলাদেশ

মাহমুদউল্লাহকে বোল্ড করে প্রথম ইনিংসে বাংলাদেশকে ৫০৮ রানে থামালেন জোমেল ওয়ারিক্যান।

বাঁহাতি স্পিনারকে ড্রাইভ করতে গিয়ে বলে-ব্যাটে করতে পারেননি মাহমুদউল্লাহ। স্পিন করে বেরিয়ে যাওয়া বল আঘাত হানে অফ স্টাম্পে।

ক্যারিয়ার সেরা ইনিংস খেলা মাহমুদউল্লাহ থামেন ১৩৬ রানে। ২৪২ বলে খেলা মিডল অর্ডার এই ব্যাটসম্যানের লড়াকু ইনিংস গড়া ১০ চারে। ২০১০ সালে হ্যামিল্টনে নিউ জিল্যান্ডের বিপক্ষে করা ১১৫ মাহমুদউল্লাহর আগের সেরা।

বাংলাদেশের পাঁচশ

১৯০ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম আউট হওয়ার সময় বাংলাদেশ পাঁচশ রান করবে ভাবা কঠিন ছিল। সপ্তম ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা মাহমুদউল্লাহর লড়াকু সেঞ্চুরিতে সেই রানে পৌঁছে গেল বাংলাদেশ।

১৫৩তম ওভারের প্রথম বলে পাঁচশ স্পর্শ করে স্বাগতিকদের স্কোর। সেই ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে দুই অঙ্কে যান একাদশ ব্যাটসম্যান নাঈম হাসান। ঢাকা টেস্টে বাংলাদেশের সব ব্যাটসম্যান ছুঁলেন দুই অঙ্ক।

১৫৩ ওভার শেষে স্বাগতিকদের স্কোর ৫০৭/৯। মাহমুদউল্লাহ ১৩৬ ও নাঈম ১১ রানে ব্যাট করছেন।

তাইজুলকে ফেরালেন ব্র্যাথওয়েট

তৃতীয় সেশনের শুরুতেই সাফল্য পেল ওয়েস্ট ইন্ডিজ। তাইজুল ইসলামকে ফিরিয়ে নবম উইকেট জুটির প্রতিরোধ ভাঙলেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।

অফ স্পিনারের অফ স্টাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন তাইজুল। সহজেই ছাড়া সম্ভব ছিল এমন বল তার ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে শেন ডাওরিচের গ্লাভসে।

৫৮ বলে তিন চারে ২৬ রান করে তাইজুলের বিদায়ে ভাঙে ৫৬ রানের জুটি। ৪৭২ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ। ক্রিজে সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহর সঙ্গী নাঈম হাসান।

বাংলাদেশের আরেকটি ভালো সেশন

দ্বিতীয় সেশনে সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ। নবম উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে পঞ্চাশ রানের জুটিতে দলকে রেখেছেন পাঁচশ ছোঁয়া সংগ্রহের পথে।

চা-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ৪৭১/৮। মাহমুদউল্লাহ ১১১ ও তাইজুল ২৬ রানে ব্যাট করছেন।

দ্বিতীয় সেশনে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের উইকেট হারিয়ে ৮৪ রান যোগ করেছে স্বাগতিকরা। লাঞ্চের পর রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান লিটন। কট বিহাইন্ডের রিভিউ নিয়ে মিরাজকে ফেরায় ওয়েস্ট ইন্ডিজ।

সাবধানী ব্যাটিংয়ে দলকে টানছেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পাওয়া মাহমুদউল্লাহ। ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানকে দারুণ সঙ্গ দিচ্ছেন তাইজুল। এরই মধ্যে ৫০ বল খেলেছেন ১০ নম্বরে নামা বাঁহাতি এই ব্যাটসম্যান।

মাহমুদউল্লাহ-তাইজুল জুটিতে পঞ্চাশ

লাঞ্চের পর দ্রুত দুই উইকেট হারানো বাংলাদেশ প্রতিরোধ গড়েছে মাহমুদউল্লাহ ও তাইজুল ইসলামের ব্যাটে। নবম উইকেটে হয়েছে পঞ্চাশ রানের জুটি।

শারমন লুইসকে স্ট্রোইট ড্রাইভে চার হাঁকিয়ে ১০২ বলে জুটির রান পঞ্চাশে নিয়ে যান তাইজুল। চট্টগ্রাম টেস্টেও প্রথম ইনিংসে নবম উইকেটে অর্ধশত রানের জুটি গড়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সেবার তার সঙ্গী ছিলেন নাঈম হাসান।

১৪১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪৬৮/৮। মাহমুদউল্লাহ ১০৮, তাইজুল ২৬ রানে ব্যাট করছেন।

মাহমুদউল্লাহর তৃতীয় সেঞ্চুরি

ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করতে পারেননি সাদমান ইসলাম, সাকিব আল হাসান ও লিটন দাস। তবে চোয়ালবন্ধ প্রতিজ্ঞায় তিন অঙ্ক ছুঁয়েছেন মাহমুদউল্লাহ। তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

দ্বিতীয় সেঞ্চুরির জন্য সাড়ে আট বছরের বেশি সময় অপেক্ষা করতে হয়েছিল মাহমুদউল্লাহকে। ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান পরের সেঞ্চুরি পেয়ে গেলেন তিন সপ্তাহের মধ্যে। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরেই গত মাসে করেছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

১৬৩তম বলে দুই রান নিয়ে নব্বইয়ের ঘরে গিয়েছিলেন মাহমুদউল্লাহ। মাটি কামড়ে উইকেটে পড়ে থেকে ২০৩তম বলে পৌঁছান সেঞ্চুরিতে।

৯০ এর ঘরে লম্বা সময় অপেক্ষা করা মাহমুদউল্লাহ ৯৯ রান থেকে সেঞ্চুরিতে যেতে খেলেন এক বল। রোস্টন চেইসকে কাট করে বাউন্ডারিতে পৌঁছান তিন অঙ্কে। ৮৮ বলে ছুঁয়েছিলেন পঞ্চাশ। পরের পঞ্চাশ এলো ১১৫ বলে।

১৪০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪৫৭/৮। মাহমুদউল্লাহ ১০৩ ও তাকে দারুণ সঙ্গ দেওয়া তাইজুল ইসলাম ২১ রানে ব্যাট করছেন।

রিভিউ নিয়ে মিরাজকে ফেরাল উইন্ডিজ

মেহেদী হাসান মিরাজকে বেশিক্ষণ বেশিক্ষণ টিকতে দিলেন না জোমেল ওয়ারিক্যান। তরুণ অফ স্পিনিং অলরাউন্ডারকে রিভিউ নিয়ে ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বাঁহাতি স্পিনারের লেংথ বল পা বাড়িয়ে পুশ করতে চেয়েছিলেন মিরাজ। ঠিক মতো শট খেলতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপার শেন ডাওরিচের গ্লাভসে।

আম্পায়ার কট বিহাইন্ডের আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন ক্রেইগ ব্র্যাথওয়েট। আল্ট্রাএজে মিলে ব্যাটে বল স্পর্শের প্রমাণ। পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত, ১৮ রান করে ফিরে যান মিরাজ।

৪১৬ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। ক্রিজে শতকের অপেক্ষায় থাকা মাহমুদউল্লাহর সঙ্গী তাইজুল ইসলাম।

বাজে শটে ফিরলেন লিটন

দ্বিতীয় সেশনের শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ। দারুণ ব্যাটিং করা লিটন দাস দৃষ্টিকটু শটে ছুড়ে এলেন উইকেট।

অফ স্পিনার ক্রেইগ ব্র্যাথওয়েটের লেগ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকা বল রিভার্স সুইপ করতে চেয়েছিলেন লিটন। ব্যাটে-বলে করতে পারেননি, ফিরে যান বোল্ড হয়ে।

৬২ বলে ৮ চার ও এক ছক্কায় ৫৪ রান করেন  ডানহাতি এই ব্যাটসম্যান। ৩৯৩ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গী মেহেদী হাসান মিরাজ।  

বাংলাদেশের দারুণ সেশন

দ্বিতীয় দিনের পিচ রিপোর্ট দেওয়ার সময় টিনো মায়োয়ো বলেছিলেন, উইকেটের যা অবস্থা তাতে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৮০ রান করা সম্ভব। স্বাগতিকরা দিনের প্রথম সেশনে কেবল সাকিব আল হাসানের উইকেট হারিয়ে সেই রান ছাড়িয়ে গেল।

দ্বিতীয় দিনের লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ৩৮৭/৬। মাহমুদউল্লাহ ৭৫ ও লিটন দাস ৫৩ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে গড়েছেন ৮৬ রানের জুটি।

প্রথম সেশনে ২৫ ওভারে ১২৮ রান তোলে বাংলাদেশ। প্রথম ঘণ্টায় এসেছিল ৫৪ রান, দ্বিতীয় ঘণ্টায় স্বাগতিকরা যোগ করে আরও ৭৪ রান।

প্রথম সেশনে উইকেটে বোলারদের জন্য তেমন একটা সহায়তা ছিল না। ওঠা-নামা ছিল না খুব একটা। তীক্ষ্ণ টার্ন পাননি স্পিনাররা। ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার কেমার রোচ ও শারমন লুইস কিছুটা ভাবাতে পেরেছেন ব্যাটসম্যানদের। স্পিনারদের অনায়াসে খেলেছে স্বাগতিকরা।  

আস্থার সঙ্গে খেলে চলেছেন মাহমুদউল্লাহ। ১২৯ বলের ইনিংসে হাঁকিয়েছেন ৫টি চার। দলে ফেরা লিটন খুব বেশি ঝুঁকি না নিয়েও এগোচ্ছেন দ্রুত। ৫৪ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৩ রান করেছেন এই তরুণ।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে লিটনের ফিফটি

মুশফিকুর রহিমের চোটে হঠাৎ সুযোগ পাওয়া লিটন তুলে নিয়েছেন ফিফটি। টেস্টে এই কিপার ব্যাটসম্যানের এটি চতুর্থ ফিফটি।

রোস্টন চেইসকে বেরিয়ে এসে ডিপ মিডউইকেট দিয়ে লিটন ওড়ান ছক্কায়, বাংলাদেশের ইনিংসের প্রথম। এক বল পরে দারুণ কাভার ড্রাইভে তুলে নেন বাউন্ডারি। ৫০ বলে ডানহানি এই ব্যাটসম্যান পৌঁছান অর্ধশতকে।

১১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩৮৪/৬। মাহমুদউল্লাহ ৭২ ও লিটন ৫৩ রানে ব্যাট করছেন।

মাহমুদউল্লাহ-লিটন জুটিতে পঞ্চাশ

সাকিব আল হাসানের বিদায়ের কোনো প্রভাব পড়তে দেননি লিটন দাস। দৃষ্টিনন্দন সব শট খেলা কিপার ব্যাটসম্যান মাহমুদউল্লাহর সঙ্গে সপ্তম উইকেটে গড়েছেন পঞ্চাশ রানের জুটি।

৬৪ বলে ফিফটিতে যায় দুই ডানহাতি ব্যাটসম্যানের জুটি। সাবধানী ব্যাটিংয়ে এগোচ্ছেন মাহমুদউল্লাহ। পঞ্চাশ ছোঁয়া এই ব্যাটসম্যান খেলছেন ঝুঁকিহীন ক্রিকেট।

মিডল অর্ডারে রানে থাকা লিটন ওপেনিংয়ে ব্যর্থতায় দলে জায়গা হারিয়েছিলেন। মুশফিকুর রহিমের চোটে ডাক পান ‘ব্যাক আপ’ হিসেবে। একাদশেও ঢুকে পড়া লিটন খেলছেন দারুণ। দারুণ সব শটে রান তুলছেন দ্রুত।

১০৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩৫২/৬। মাহমুদউল্লাহ ৬৪ ও লিটন ২৯ রানে ব্যাট করছেন।

সাবধানী ব্যাটিংয়ে মাহমুদউল্লাহর ফিফটি

সতর্ক ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ। ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ক্যারিয়ারের এটি ষোড়শ ফিফটি।

জোমেল ওয়ারিক্যানের বলে সিঙ্গেল নিয়ে ৮৮ বলে পঞ্চাশে পৌঁছান মাহমুদউল্লাহ। কেমার রোচ ও দেবেন্দ্র বিশুকে দুটি করে বাউন্ডারি হাঁকান ডানহাতি এই ব্যাটসম্যান।

১০১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩১৩/৬। মাহমুদউল্লাহ ৫০ ও লিটন দাস ৫ রানে ব্যাট করছেন।

সাকিবকে ফেরালেন রোচ

দলকে তিনশ রানে নিয়ে ফিরে গেলেন সাকিব আল হাসান। কেমার রোচের বলে বাংলাদেশ অধিনায়ক ধরা পড়েছেন গালিতে।

দ্বিতীয় দিনের শুরু থেকে শট খেলছিলেন সাকিব। বেশি শট খেলাই কাল হল তার। পেসার রোচের অফ স্টাম্পের বাইরের বল ঠিক মতো ড্রাইভ করতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। ধরা পড়েন গালিতে শেই হোপের হাতে।

১৩৯ বলে ৬ চারে ৮০ রান করেন সাকিব। অধিনায়কের বিদায়ে ভাঙে ১১১ রানের জুটি।  

৩০১ রানে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গী দলে ফেরা লিটন দাস।

সাকিব-মাহমুদউল্লাহর শতরানের জুটি

অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাটে ইনিংসে নিজেদের প্রথম শতরানের জুটি পেয়েছে বাংলাদেশ।

কেমার রোচের বলে ফ্লিক করে মাহমুদউল্লাহর বাউন্ডারিতে তিন অঙ্কে যায় ষষ্ঠ উইকেট জুটির রান। ১০১ বলে এসেছিল তার জুটির পঞ্চাশ, একশতে গেল ১৬৬ বলে। দ্বিতীয় পঞ্চাশ এসেছে মাত্র ৬৫ বলে। 

৯৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২৯০/৫। সাকিব ৭৮ ও মাহমুদউল্লাহ ৩৮ রানে ব্যাট করছেন। এই সময়ে তাদের জুটির রান ১০০।

দিনের শুরুতে আক্রমণাত্মক সাকিব

প্রথম দিন সাবধানী ব্যাটিং করা সাকিব আল হাসান দ্বিতীয় দিন চড়াও হয়েছেন বোলারদের ওপর। তার ব্যাট থেকে দিনের প্রথম চার ওভারে এসেছে পাঁচটি বাউন্ডারি।

অফ স্পিনার রোস্টন চেইসকে বাংলাদেশ অধিনায়ক টানা তিন বলে হাঁকান বাউন্ডারি। প্রথম দুটি সুইপ, অন্যটি প্যাডেল সুইপ করে। চেইসের করা দিনের দ্বিতীয় ওভারে ব্যাটের কানায় লেগে থার্ড ম্যান দিয়ে একটি চার পেয়েছিলেন সাকিব।

কেমার রোচের করা দিনের প্রথম ওভারে ব্যাক ফুট পাঞ্চে কাভার দিয়ে বাউন্ডারি হাঁকিয়েছিলেন সাকিব।  

৯৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২৮৬/৫। সাকিব ৭৮ ও মাহমুদউল্লাহ ৩৪ রানে ব্যাট করছেন।

দ্বিতীয় নতুন বলে শুরু উইন্ডিজের

৮০ ওভার পরে নতুন বল নেওয়ার সুযোগ থাকলেও প্রথম দিনের শেষ বেলায় পুরান বলেই খেলা চালিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় নতুন বল নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছে সফরকারীরা।

দিনের প্রথম ওভার করেন কেমার রোচ। ডানহাতি এই পেসারের চতুর্থ বলে কাভার দিয়ে বাউন্ডারি হাঁকান সাকিব আল হাসান।

৯১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২৬৪/৫। সাকিব ৬০ ও মাহমুদউল্লাহ ৩১ রানে ব্যাট করছেন। 

বড় সংগ্রহের লক্ষ্য বাংলাদেশের

বড় জুটির লক্ষ্য পূরণ হয়নি প্রথম দিন। ওপেনার সাদমান ইসলামের আশা, দ্বিতীয় দিন কাঙ্ক্ষিত সেই জুটি এনে দেবেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। তাদের ব্যাটে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে আরও এগিয়ে যাবে বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ২৫৯/৫। অধিনায়ক সাকিব ৫৫ ও সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ ৩১ রানে ব্যাট করছেন।

স্বাগতিকদের ব্যাটিং গভীরতা আশা দেখাচ্ছে সাদমানকে। অভিষিক্ত বাঁহাতি এই ব্যাটসম্যান মনে করেন, পুরো দ্বিতীয় দিন ব্যাটিং করা সম্ভব।

প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৫৯/৫ (সাদমান ৭৬, সৌম্য ১৯, মুমিনুল ২৯, মিঠুন ২৯, সাকিব ৫৫*, মুশফিক ১৪, মাহমুদউল্লাহ ৩১*; রোচ ১৫-১-৩৮-১, লুইস ১২-১-৩৫-১, চেইস ২১-০-৬১-১, ওয়ারিক্যান ১৯-২-৪৬-০, বিশু ১৯-১-৬৯-২, ব্র্যাথওয়েট ৪-০-৮-০)