২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের একটি ওয়ানডে সিলেটে

বিপিএলের গত আসর শুরু হয়েছিল সিলেটে। তার পর হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচও। এবার ওয়ানডে ক্রিকেটের স্বাদও পেতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আগামী নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে তৃতীয় ওয়ানডে হবে এই মাঠে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 09:06 PM

Updated : 08 Apr 2022, 06:45 PM

পূর্নাঙ্গ সিরিজ খেলতে আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। দুই দল খেলবে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজে।
 
বাংলাদেশে এসেই ওয়েস্ট ইন্ডিজ দল চলে যাবে চট্টগ্রামে। ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনের প্রস্তুতি ম্যাচ এমএ আজিজ স্টেডিয়ামে। ক্যারিবিয়ানদের প্রতিপক্ষ বিসিবি একাদশ।
 
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট ২২ নভেম্বর থেকে। ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
 
ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচও মিরপুরে, ৯ ও ১১ ডিসেম্বর। দুটি ম্যাচই দিন-রাতের। তার আগে ৬ ডিসেম্বর একদিনের প্রস্তুতি ম্যাচ ফতুল্লায়।
 
১২ ডিসেম্বর দু্ই দল ঢাকা থেকে যাবে সিলেটে। সেখানে সিরিজের তৃতীয় ওয়ানডে ১৪ ডিসেম্বর। এটিও দিন-রাতের ম্যাচ। অক্টোবরে সম্ভাব্য জিম্বাবুয়ে সিরিজের কোনো ওয়ানডে যদি এই মাঠে না রাখা হয়, তাহলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ওয়ানডে দিয়েই সিলেটের ওয়ানডে অভিষেক।
 
সিলেট আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম স্বাদ পেয়েছিল ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে এরপর সংস্কারের জন্য দীর্ঘদিন হয়নি খেলা।
 
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিও হবে সিলেটে, ১৭ ডিসেম্বর। ২০ ও ২২ ডিসেম্বর শেষ দুটি টি-টোয়েন্টি আবার মিরপুরে।