২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের জয়ে ছেলেদের উল্লাস

এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের নারী দলের জয়ে নেচে-গেয়ে উল্লাস করলেন টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইওয়াশ হয়ে আসা জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2018, 05:58 PM

Updated : 19 Aug 2022, 02:09 PM

রোববার মালয়েশিয়ায় কুয়ালা লামপুরের মাঠে ছয় বারের টানা চ্যাম্পিয়ন ভারতকে তিন উইকেটে হারায় বাংলাদেশের মেয়েরা।

ইতিহাস গড়া এই ম্যাচের বাংলাদেশের নারীরা যখন বিজয়ের পথে, তখন ছেলেদের জাতীয় ক্রিকেট দল ঢাকায় ব্যস্ত আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের অনুশীলনে।

মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ওয়ার্ম-আপ চলা অবস্থায় খবর আসে ফাইনালে ভালো অবস্থানে মেয়েরা; অনুশীলন রেখেই ড্রেসিং রুমের টেলিভিশন সেটের সামনে হাজির তামিম-সৌম্য-মুশফিকরা।

টানটান উত্তেজনা মধ্যে ম্যাচ জেতার পর নিজেদের ফেইসবুক পাতা থেকে সেই উল্লাসের ভিডিও শেয়ার করতে থাকেন ক্রিকেট দলের সদস্যরা; মুহূর্তে সেটা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ফাইনাল ম্যাচে ১১২ রান তাড়া করে জিততে বাংলাদেশের যখন দরকার ১ বলে ২ রান, তখন থেকে কুয়ালা লামপুরের মাঠে ব্যাট হাতে জাহানারা আলম।

আর এদিকে মিরপুরের ড্রেসিং রুমের টিভি সেটের সামনে ‘২ রান ২ রান’ করে চিৎকার করছিলেন তামিম-মুশফিকরা। ডাউন দা উইকেটে খেলে পড়িমরি করে দুই রানই নেন জাহানারা আর সালমা।

ব্যাটে-বলে দারুণ নৈপুণ্যে আন্তর্জাতিক আসরে প্রথমবারের শিরোপা হাতে তোলে বাংলাদেশের কোনো দল। নিজেরা কয়েকবার শেষ মুহূর্তে গিয়ে ব্যর্থ হলেও নারীদের এই অর্জনে উল্লাসে ফেটে পড়ে তামিমরা।

পুরনো খবর:

ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা