‘ক্রিকেটারদের পারফরম্যান্সেই র্যাঙ্কিংয়ে উন্নতি’
দশ থেকে আটে উঠতে লাগল ১৮ বছর। টেস্ট র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগোনোর জন্য দেড় যুগকে মনে হতে পারে অনেক বেশি সময়। তবে টেস্টের আঙিনায় বাংলাদেশের প্রথম দিকের পথচলায় ঝাণ্ডা ছিল যাদের হাতে, তাদের ভাবনা ভিন্ন। বাংলাদেশের প্রথম চার অধিনায়কের তিনজনই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, এখানকার বাস্তবতায় ১৮ বছর খুব বেশি সময় নয়। অবকাঠামো আর টেস্ট সংস্কৃতিতে ঘাটতি থাকলেও উন্নতিটুকু সম্ভব হয়েছে ক্রিকেটারদের পারফরম্যান্সে।
নাঈমুর রহমান
(নেতৃত্বে ৭ টেস্ট, ২০০০-২০০১)
দারুণ খুশির খবর। যে কোনো ফরম্যাটেই হোক, একটা উন্নতি তো ক্রিকেটেরই উন্নতি। আর ক্রিকেটের উন্নতি মানে দেশের অর্জন। প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে বলুন বা সাবেক ক্রিকেটার হিসেবে বা একজন বোর্ড পরিচালক হিসেবে, এমনকি এই দেশের একজন মানুষ হিসেবেও ভালো লাগার মতো ব্যাপার।
অনেকের মনে হতে পারে, দশ থেকে আটে উঠতে অনেক সময় লেগে গেল। প্রায় ১৮ বছর। কিন্তু আমি এটিকে খুব বেশি সময় মনে করি না দুটি কারণে। প্রথমত, টেস্ট ক্রিকেট অনেক কঠিন জায়গা। উন্নতি করতে সময় লাগেই। ওপরে থাকা দেশগুলো আমাদের চেয়ে অনেক বেশি সময় ধরে খেলছে।
দ্বিতীয় কারণটি চলে আসছে এখানেই। ১৮ বছর ধরে খেললেও সত্যি বলতে আমাদের অবকাঠামো বলুন বা টেস্ট সংস্কৃতি, এখনও সেভাবে গড়ে ওঠেনি। কারণ যেটিই হোক, এটি বাস্তবতা। ওপরে থাকা দেশগুলি অবকাঠামো-সংস্কৃতিতে অনেক সমৃদ্ধ। আমাদের উন্নতিটা হয়েছে স্রেফ ক্রিকেটারদের পারফরম্যান্সের কারণেই।
উইকেটগুলো ভালো করতে হবে যেন দেশের বাইরে গেলে আমাদের ধুঁকতে না হয়।
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট এখন সময়ের বাস্তবতা, এটা মানতেই হবে। কিন্তু সেটিকে দেশের সামগ্রিক ক্রিকেট উন্নয়নে কাজে লাগাতে হবে। সেই টুর্নামেন্টের আয় থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে ঢালতে হবে, তাহলেই অবকাঠামো দাঁড়াবে। খেলোয়াড় উঠে আসবে। আঞ্চলিক ক্রিকেট সংস্থা হচ্ছে, এটি কার্যকরভাবে হলেও অনেক উন্নতি সম্ভব।
খালেদ মাসুদ
(নেতৃত্বে ১২ টেস্ট, ২০০১-২০০৪)
খুব ভালো লাগার মতো খবর। তলানির দিকের র্যাঙ্কিং নিয়ে হয়তো বিশ্ব ক্রিকেটের মাথাব্যথা নেই। তবে আমাদের জন্য বড় খবর। দশ থেকে নয় হয়ে আটে উঠেছি, আমাদের উন্নতির প্রমাণ এটি।
যদিও মনে হতে পারে, উন্নতিটা খুব ধীরে হচ্ছে। তবে টেস্ট ক্রিকেটের বাস্তবতা এমনই। এখানে সত্যিকার উন্নতি করা অনেক সময়ের ব্যাপার। মনে রাখতে হবে, শুরুর সময়টায় আমরা একটু দ্রুতই এই জগতে চলে এসেছিলাম। দলের বলুন বা সার্বিকভাবে দেশের ক্রিকেটের, মানিয়ে নিতে সময় লেগেছে। শুরুর অনেক বছর তো টেস্ট খেলতে পারাই ছিল আমাদের জন্য বড় ব্যাপার। ফলাফলের চিন্তা আমরা করতাম না। শুধু অভিজ্ঞতা নেওয়া আর প্রতিপক্ষকে যতসময় আটকে রাখা যায়, এটিই ছিল ভাবনা।
হাবিবুল বাশার
(নেতৃত্বে ১৮ টেস্ট, ২০০৪-২০০৭)
খবরটা জানার পর থেকে ভালো লাগছে খুব। দশ দলের মধ্যে আটে থাকা হয়ত অনেকের কাছে তেমন কিছু মনে নাও হতে পারে। কিন্তু টেস্ট ক্রিকেটের বাস্তবতায় ও আমাদের ক্রিকেটের প্রেক্ষাপটে এটা যথেষ্টই বড় কিছু। টেস্ট ক্রিকেটের জগতটা অনেক কঠিন। এখানে এক-দুই ধাপ এগোনো সহজ নয়।
খালি চোখে দেখলে, দুই ধাপ এগোনোর জন্য প্রায় দেড় যুগ সময়কে অনেক বেশি মনে হতে পারে। হয়ত আসলেই বেশি। কিন্তু আমাদের বাস্তবতা ছিল ভিন্ন। শুরুর বেশ কিছু বছরকে আসলে হিসেবের বাইরে রাখা উচিত। কারণ আমাদের শুরু ছিল প্রায় শূন্য থেকে।
আমাদের এখানে প্রথম শ্রেণির ক্রিকেট শুরুই হলো টেস্ট খেলার মাত্র কদিন আগে। ছিল না তেমন কোনো অবকাঠামো। ২০০৬ সাল পর্যন্ত বলতে গেলে আমাদের অনুশীলনের জায়গাই ছিল না তেমন কোনো। একটু অনুশীলনের জন্য অনেক সময় অনেক জায়গায় ছুটোছুটি করতে হয়েছে আমাদের। ছিল না জিম বা আধুনিক সুযোগ-সুবিধা। একসময় ম্যাচ খেলার সুযোগও কম এসেছে। এজন্যই আমি মনে করি, অন্য দেশগুলি যদি একশ থেকে শুরু করে, আমরা শূন্য থেকে করেছি। ১৮ বছরকে তাই আমি খুব বেশি সময় মনে করি না।
এখন সময় পাল্টেছে। অবকাঠামো বা সুযোগ-সুবিধা একদম আদর্শ না হলেও বেশ ভালো। বিশ্বমানের ক্রিকেটারও আছে আমাদের। এই উন্নতি সেসব কারণেই সম্ভব হয়েছে। গত ৩-৪ বছর ধরে ছেলেরা টেস্টে ভালো খেলতে শুরু করেছে, অন্তত দেশের মাটিতে বেশ ধারাবাহিক। পরের ধাপে যাওয়ার জন্য আমি নিশ্চিত যে ১৮ বছর লাগবে না। পরের ৫ বছরে অবশ্যই আমরা আরও বেশ এগিয়ে যাব।
