২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায় বেলায় উন্নতির পথ বলে গেলেন হ্যালসল

দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন আরও প্রায় দেড় মাস আগে। আর আগে কিছুদিন ছিলেন ছুটিতে, যে ছুটি বাধ্যতামূলক বলে ছিল জোর গুঞ্জন। সেই রিচার্ড হ্যালসলকে সোমবার দেখা গেল বিসিবিতে। তবে নতুন করে কিছুর সূচনা নয়, এসেছিলেন বিদায়ের আনুষ্ঠানিকতা সারতে। সম্পর্ক চুকেবুকে যাওয়ার দিনে বলে গেলেন বাংলাদেশ ক্রিকেটের আরও সামনে এগিয়ে চলার উপায়ও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2018, 08:47 PM

Updated : 08 Apr 2022, 06:18 PM

২০১৪ সালে বাংলাদেশের ফিল্ডিং কোচ হয়ে এসেছিলেন হ্যালসল। পরে তাকে সহকারী কোচের দায়িত্ব দেয় বিসিবি। চন্দিকা হাথুরুসিংহের বিদায়ের পর গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজে হ্যালসল ও খালেদ মাহমুদ মিলে প্রধান কোচের ভূমিকায় সামলেছেন দল।

তবে এই সিরিজই হয়ে যায় হ্যালসলের শেষ। শ্রীলঙ্কা সফরের সময় ছিলেন ছুটিতে। সিরিজের সময় ছুটিতে থাকা নিয়ে উঠেছিল প্রশ্ন। আনুষ্ঠানিক কারণটা ‘পারিবারিক’ বলা হলেও নানা সূত্র থেকে জানা গিয়েছিল, সিনিয়র ক্রিকেটারদের নিয়ে তার কিছু কর্মকাণ্ডে বিরক্ত হয়ে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বাধ্যতামূলক ছুটি দিয়েছিল বোর্ড।

পরে গত ২০ মার্চ জানানো হয়, পারিবারিক কারণে দায়িত্ব ছেড়েছেন হ্যালসল। এবারও মূল কারণ রয়ে যায় আড়ালেই। জানা যায়, তার আচরণে বিরক্ত বিসিবি তাকে রাখতে আগ্রহী ছিল না আর।

আনুষ্ঠানিক বিদায়ের দিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হ্যালসল অবশ্য নিজের চাওয়ার কথাই আবার বললেন জোর দিয়ে।

“কারণটি পুরোপুরিই পারিবারিক। আমার কাঁচা পরিবার। আন্তর্জাতিক ক্রিকেট অনেকটাই সময় কেড়ে নেয়। পরিবার থেকে দূরে থাকতে হয়। এটিই দায়িত্ব ছাড়ার কারণ।”

“এবার এসেছি ধন্যবাদ জানাতে। প্রধান নির্বাহীর সঙ্গে কথা হয়েছে, বোর্ডের অন্যদেরও ধন্যবাদ জানালাম এখানকার সময়টুকুর জন্য। আমি যে কাজটি করতে ভালোবাসি, সেই কাজ করতে তারা আমাকে সাহায্য করেছে।”

অপ্রিয় প্রসঙ্গটির মুখোমুখি অবশ্য হতেই হয়েছে হ্যালসলকে। তবে এড়িয়ে যেতে চাইলেন সিনিয়র ক্রিকেটারদের প্রসঙ্গ।

“সিনিয়র ক্রিকেটারদের অবশ্যই নিজস্ব মতামত আছে। আমি সব সময় চেষ্টা করেছি বাংলাদেশ দলকে সেরাটা দিতে। সিনিয়র ক্রিকেটারদের কারও সঙ্গে আমি কোনো সমস্যা দেখিনি। এসব নিয়ে কিছু জানা নেই আমার।”

প্রায় চার বছর বাংলাদেশের ক্রিকেটকে দেখেছেন কাছ থেকে। এখানকার বাস্তবতা তার জানা আছে ভালো করেই। বিদায় বেলায় এই ৪৯ বছর বয়সী কোচের পরামর্শ, সিনিয়রের পাশাপাশি যে যত্ন করে গড়ে তোলা হয় পরের ধাপের ক্রিকেটারদের।

“আপনারা নিশ্চয়ই অনেক আন্তর্জাতিক দলকেই দেখেছেন। ক্রিকেটাররা যতক্ষণ পর্যন্ত নিজেদের নিরাপদ ভাবছে, নিরাপদ বলতে শারীরিক দিকটা বোঝাচ্ছি না, বলছি তাদেরকে পর্যাপ্ত সুযোগ দেওয়া ও দেখভাল করা, সমর্থন করা - ততক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে সর্বোচ্চটা পাওয়া যাবে না। যে ক্রিকেটাররা দলে নিজেদের প্রতিষ্ঠা করতে লড়ছে, তারা খুব গুরুত্বপূর্ণ।”

“এই দলে ভালো এক ঝাঁক সিনিয়র ক্রিকেটের আছে। কিন্তু শুধু তাদের দিয়েই আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে ম্যাচ জেতা যাবে না। আরও ক্রিকেটার তুলে আনতে হবে। সেটিই পরামর্শ থাকবে। সিনিয়রদের পাশাপাশি উঠতিদের সামর্থ্যটা বের করে আনতে হবে।”

এক সময় ইংল্যান্ড জাতীয় দলের ফিল্ডিং ও পরে সহকারী কোচ ছিলেন হ্যালসল। সেই অভিজ্ঞতা থেকে বললেন, অনেক সময় ‘এ’ দল বা ডেভেলপমেন্ট প্রোগ্রামের চেয়েও বেশি প্রয়োজন উঠতি ক্রিকেটারদের সমর্থন জোগানো।

“আরও অনেক বড় দলের খুব ভালো ‘এ’ দল ও ইমার্জিং প্লেয়ার্স প্রোগ্রাম থাকে। তার পরও অনেক সময় প্লেয়ার উঠে আসে না সেভাবে। এক দিক থেকে ভাবলে বাংলাদেশের জন্য এটি সুবিধাও যে দ্রুত সরাসরি প্রতিভাবানরা জাতীয় দলে উঠে আসছে। কিন্তু তার পর তাদেরকে উপযুক্ত সমর্থন দিতে হবে।”