২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদউল্লাহদের হারাল সাকিবের দল

স্পিনে দ্যুতি ছড়ালেন রায়হান উদ্দিন। ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরলেন জাকির হাসান। বিশেষভাবে আয়োজিত টি-টোয়েন্টি ম্যাচে মাহমুদউল্লাহর সবুজ দলকে সহজেই হারাল সাকিব আল হাসানের লাল দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2018, 09:23 PM

Updated : 08 Apr 2022, 06:08 PM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তিন দল মোহামেডান স্পোর্টিং ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ক্রিকেটারদের নিয়ে গড়া দুই দলের ম্যাচে ৬ উইকেটে জিতেছে লাল দল। ৯৭ রানের লক্ষ্য ২৩ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সবুজ দলের। ১৭ রানের মধ্যে তারা হারায় প্রথম চার ব্যাটসম্যানকে। তাদের কেউ যেতে পারেননি দুই অঙ্কে।

আরিফুল হক, মাহমুদউল্লাহ বিদায় নেন দুই অঙ্ক ছুঁয়ে। নাহিদুল ইসলামের ১৮ ও দেলোয়ার হোসেনের অপরাজিত ২০ রানে একশ রানের কাছাকাছি যায় সবুজ দলের সংগ্রহ।

২০ রানে ৩ উইকেট নিয়ে পান বাঁহাতি স্পিনার রায়হান। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন ২ উইকেট নেন ১৩ রানে।

রান তাড়ায় দলকে পথ দেখান ওপেনার জাকির হাসান। ছোট ছোট জুটি গড়ে দলকে এনে দেন জয়।

তিনটি চারে ১৫ রান করে ফিরে যান ইনিংস উদ্বোধন করতে নামা সাকিব। এক চার আর দুই ছক্কায় ১২ বলে ১৯ রান করে বিদায় নেন সাব্বির হোসেন।

সুবিধা করতে পারেননি দুই তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ও আফিফ হোসেন। জনি তালুকদারকে নিয়ে ম্যাচ শেষ করেন জাকির। অপরাজিত থাকেন ৩৭ রানে। তার ৩৫ রানের ইনিংসে তিনটি চারের পাশে একটি ছক্কা।

আঁটসাঁট বোলিংয়ে ১৪ রান দিয়ে ১ উইকেট নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। লম্বা সময় পর মাঠে নামার সুযোগ পেয়ে খারাপ করেননি জুবায়ের হোসেন। তরুণ এই লেগ স্পিনার ১৫ রান দিয়ে নেন ১ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

সবুজ দল: ১৭.৩ ওভারে ৯৬ (মারুফ ৭, রনি ২, সাদমান ৫, আল আমিন জুনিয়র ১, আরিফুল ১২, নাহিদুল ১৮, মাহমুদউল্লাহ ১১, তাইজুল ৪, দেলোয়ার ২০*, সাঈদ ৪, শুভাশিস ৭; সাইফ ২/১৩, শরিফুল ১/১০, অনীক ১/৬, সাকিব ১/১৮, আজিম ১/১৭, আফিফ ০/১১, রায়হান ৩/২০)

লাল দল: ১৬.১ ওভারে ৯৭/৪ (সাকিব ১৫, জাকির ৩৭*, সাব্বির ১৯, হৃদয় ৬, আফিফ ৪, জনি ১২*; দেলোয়ার ০/১৪, শুভাশিস ০/২৫, আল আমিন জুনিয়র ০/২, নাহিদুল ১/২০, জুবায়ের ১/১৫, তাইজুল ১/১৪, মাহমুদউল্লাহ ০/৬)

ফল: লাল দল ৬ উইকেটে জয়ী