চাঁদের সেঞ্চুরিতে আবাহনীকে হারাল শেখ জামাল
টানা দুই ম্যাচে সেঞ্চুরি করলেন উন্মুক্ত চাঁদ; টানা দুই জয়ে শিরোপা লড়াইয়ে চলে এলো শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। আগের ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জকে হারানো নুরুল হাসানের দল এবার হারাল পয়েন্ট তালিকার শীর্ষ দল আবাহনীকে।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্সের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ২৬ রানে জিতেছে শেখ জামাল। ২৫৭ রানের লক্ষ্য তাড়ায় ২৩০ রানে গুটিয়ে গেছে আবাহনী। শেখ জামালের এই জয়ে বড় অবদান রয়েছে দুই পেসার আবু জায়েদ ও রবিউল হকের।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে সৈকত আলীর সঙ্গে ৯০ রানের জুটিতে দলকে ভালো শুরু এনে দেন শেখ জামালের ভারতীয় ওপেনার চাঁদ।
মেহেদী হাসান মিরাজের বলে সৈকত স্টাম্পড হলে ভাঙে ১৯ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি। ৫৫ বলে ৬ চার আর ২ ছক্কায় ৫৬ রান করে ফিরে যান সৈকত।
তৃতীয় উইকেটে তানবীর হায়দারের সঙ্গে ৮১ রানের আরেকটি চমৎকার জুটি গড়েন চাঁদ। এবারের আসরে দুই ম্যাচে তার টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ৩ উইকেটে ২১১ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড়ায় শেখ জামাল।
ফিরতি ক্যাচ নিয়ে ১০১ রান করা চাঁদকে বিদায় করেন মাশরাফি বিন মুর্তজা। চাঁদের ১৩৮ বলের ইনিংস গড়া ৮ চার ও ৩ ছক্কায়।
শেষের দিকে নিয়মিত উইকেট হারানোয় দ্রুত রান তুলতে পারেনি শেখ জামাল। ইলিয়াস সানির অপরাজিত ১৯ রানে আড়াইশ ছাড়ায় দলটির সংগ্রহ।
৪৬ রানে ৩ উইকেট নিয়ে আবাহনীর সেরা বোলার মাশরাফি। দুটি করে উইকেট নেন মিরাজ ও তাসকিন আহমেদ।
কাজে লাগেনি আবাহনীর ফাটকা। ওপেনিংয়ে নেমে এক চারে ৭ রান করে জায়েদের বলে বোল্ড হন মাশরাফি। সেই ওভারেই শূন্য রানে ফিরেন নাজমুল হোসেন শান্ত। দুই অঙ্কে যেতে পারেননি মোহাম্মদ মিঠুন।
৫৪ রানে ৪ উইকেট হারানো আবাহনীকে টানতে পারেননি মিডল অর্ডারের ব্যাটসম্যানরা। আগের ম্যাচে সেঞ্চুরি করা হনুমা বিহারি ফিরেন ২৩ রান করে। নাসির হোসেন, মোসাদ্দেক হোসেনও বিদায় নেন বিশের ঘরে।
১৩৮ রানে ৭ উইকেট হারানো আবাহনীকে লড়াইয়ে ফেরান মিরাজ ও সানজামুল ইসলাম। অষ্টম উইকেটে দুই জনে গড়েন ৫৩ রানের জুটি। ঝড় তোলা সানজামুলকে (১৯ বলে ২৭) ফেরান রবিউল। সর্বোচ্চ ৩৫ রান করা মিরাজকে বিদায় করেন সোহাগ গাজী।
দশম উইকেটে সাকলাইন সজীবের সঙ্গে তাসকিনের ৩৯ রানের জুটি কমায় পরাজয়ের ব্যবধান। ২৮ বলে ৩১ রান করা তাসকিনকে ফিরিয়ে দলের দারুণ জয় নিশ্চিত করেন ১৮ বছর বয়সী পেসার রবিউল।
রবিউল ৩ উইকেট নেন ৩৫ রানে। জায়েদ ৫১ রানে নেন ৩টি।
দারুণ সেঞ্চুরিতে ম্যাচ সেরার পুরস্কার জিতেন চাঁদ।
এই জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এল শেখ জামাল। রান রেটে তাদের চেয়ে এগিয়ে দুই নম্বরে রূপগঞ্জ। ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে আবাহনী।
সংক্ষিপ্ত স্কোর:
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৫০ ওভারে ২৫৬/৮ (সৈকত ৫৬, চাঁদ ১০১, রাকিন ০, তানবীর ৩১, নুরুল ১৯, জিয়া ৬, সোহাগ ৩. সানি ১৯*, রবিউল ১, নাজমুল ৮*; মাশরাফি ৩/৪৬, তাসকিন ২/৫৯, সানজামুল ০/৩৮, সাকলাইন ০/৫২, মিরাজ ২/৩৭, নাসির ০/২০)
আবাহনী: ৪৭.২ ওভারে ২৩০ (এনামুল ৩৪, মাশরাফি ৭, শান্ত ০, বিহারি ২৩, মিঠুন ৫, নাসির ২৮, মোসাদ্দেক ২৭, মিরাজ ৩৫, সানজামুল ২৭, তাসকিন ৩১, সাকলাইন ৭*; সোহাগ ১/৪১, জায়েদ ৩/৫১, নাজমুল ১/৫০, সানি ১/৩৮, রবিউল ৩/৩৫, জিয়া ১/১৪)
ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ২৬ রানে জয়ী
