‘হাথুরুসিংহেকে নিয়ে চিন্তা নেতিবাচক হয়েছে’
বাংলাদেশ দল তো বটেই, গোটা দেশই ভেবেছে চন্দিকা হাথুরুসিংহেকে নিয়ে। খালেদ মাহমুদের মতে, সেই নেতিবাচক ভাবনাই গ্রাস করেছে দলকে। যেটি প্রভাব ফেলেছে দলের ব্যর্থতায়।
বাংলাদেশের কোচের দায়িত্ব ছেড়ে শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়ার পর প্রথম সফরেই দল নিয়ে হাথুরুসিংহে এসেছেন বাংলাদেশ সফরে। সদ্য সাবেক কোচই প্রতিপক্ষ দলের কোচ, তাই সিরিজ শুরুর বেশ আগে থেকেই এটি নিয়ে আলোচনা ছিল তুমুল।
হাথুরুসিংহে চলে যাওয়ার পর টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন খালেদ মাহমুদ। তার দায়িত্বে থাকার এই সময়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হেরেছে বাংলাদেশ। হেরেছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে।
টেকনিক্যাল ডিরেক্টরের মতে, হাথুরুসিংহেকে নিয়ে অতি ভাবনাই দলের জন্য কাল হয়েছে।
“হাথুরুকে নিয়ে মনে হয় বড় চিন্তা ছিল আমাদের মাথায়। এটা নেতিবাচক হয় গেছে। পুরো জাতি হিসেবে এটা হয়ে গেছে গেছে...। চন্দিকা আসবে শ্রীলঙ্কা দলের সঙ্গে, আমাদের বিপক্ষে খেলবে, চন্দিকার সঙ্গে লড়াই... এসব বলা হয়েছে।”
“ওর সঙ্গে তো লড়াই ছিল না। লড়াই ছিল শ্রীলঙ্কার সঙ্গে। ১১টা ছেলে খেলবে ১১টা ছেলের বিপক্ষে। চন্দিকা মনে হয় বেশি ছিল মাথায়। ওর আমলে কী করেছে না করেছে, এটা নিয়ে যদি আমরা বসে থাকি... সেটাই হয়েছে। নেতিবাচক মানসিকতা ছিল একটা।”
খালেদ মাহমুদের দাবি, সেই মানসিকতা থেকে দলকে উদ্ধারের চেষ্টায় কমতি রাখেননি তারা।
“আমরা অনেকভাবে চেষ্টা করেছি। স্বাধীনতার কথা এসেছে, আমরা দিয়েছি। সবই ছিল। আসলে ম্যানেজমেন্ট তো ক্রিকেট খেলে না, খেলবে খেলোয়াড়েরা। মাঠে বাস্তবায়ন তো খেলোয়াড়েরা করবে। তারা যদি না করতে পারে তাহলে কঠিন।”
“এমন হতো যে বুঝতাম ছেলেদের সামর্থ্য নেই, তাহলে মন খারাপের কিছু থাকত না। কিন্তু ওদের তো সামর্থ্য আছে। সামর্থ্য থাকার পরও না পারলে বলতে হবে মানসিকতার সমস্যা। অন্যকিছু নয়। আমাদের ধরন, মাঠে আচরণ, মাঠে চিন্তা—সবকিছুই ওদের থেকে পিছিয়ে আমরা ছিলাম।”
