২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিনারদের বোলিংয়ে অসন্তুষ্ট বাংলাদেশের স্পিন কোচ

আরও ধৈর্য ধরা, আরও ডট বল করা। একই জায়গায় বল করে যাওয়া, আরেকটু ধারাবাহিকতা। বাংলাদেশের স্পিনারদের বোলিংয়ে এসবের ঘাটতি দেখেছেন সুনীল যোশী। চট্টগ্রাম টেস্টে নিজেদের স্পিনারদের বোলিং সন্তুষ্ট করতে পারেনি বাংলাদেশের স্পিন কোচকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2018, 07:28 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

তিন জন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। কোনো প্রভাব ফেলতে পারেননি একজনও। তাইজুল ইসলাম ৪ উইকেট নিলেও বাংলাদেশের প্রথম বোলার হিসেবে করেছেন রান দেওয়ার ডাবল সেঞ্চুরি। ৩ উইকেটের জন্য মেহেদী হাসান মিরাজকে ৪৯ ওভারে খরচ করতে হয়েছে ১৭৪ রান। অভিষেকে বাংলাদেশের হয়ে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন সানজামুল।

হাত গোনা দু-একটি সময় ভালো বোলিং করলেও চাপটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। স্পিনাররা আলগা বল করেছেন অনেক, বাউন্ডারি মারার সুযোগও দিয়েছেন প্রচুর। লঙ্কান ব্যাটসম্যানরা খেলেছেন অনায়াসে।

উইকেট ব্যাটিং সহায়ক। বোলারদের জন্য খুব বেশি কিছু ছিল না। তবে ভালো বোলিংয়ের উপায় আছে এই ২২ গজেও। চতুর্থ দিন শেষে স্পিন কোচ সুনীল যোশী জানালেন, স্পিনারদের সেই মন্ত্র তিনি বলে দিয়েছিলেন।

“একজন স্পিনারের জন্য গুরুত্বপূর্ণ হলো আঁটসাঁট লাইন-লেংথে বল করা। টেস্ট ক্রিকেট মানে ধৈর্যের পরীক্ষা। যার ধৈর্য সবচেয়ে বেশি, সে ঠিকই ফল পায়।”

স্পিন কোচ অসন্তুষ্ট স্পিনাররা পরামর্শ মতো বল করতে না পারায়।

“আমার মতে, ওদের আরও ভালো করা উচিত ছিল। আরও ধারাবাহিক হতে পারত ওরা। প্রথম সেশনে উইকেট না পেলে দ্বিতীয়-তৃতীয় সেশন তো আসবেই। সেই ধৈর্যটা রাখতে হবে। বাংলাদেশের তরুণ স্পিনারদের বুঝতে হবে, টেস্টে সাফল্যের পথ এটিই।”

“স্পিনারদের এটা বোঝা জরুরি যে ডট বল কতটা গুরুত্বপূর্ণ। একটি জায়গায় বল করতে হবে। ধারাবাহিকতাই টেস্ট ক্রিকেটের মূল ব্যাপার। আশা করি, সময়ে ওরা এসব শিখতে পারবে।”

যোশীর মতে, অভিজ্ঞ সাকিব আল হাসানের অভাবও অনুভব করেছে দল।

“এই উইকেটে সাকিবকে না পাওয়া বাংলাদেশের জন্য ছিল বড় ক্ষতি। একজন স্পিনারের অভিষেক হয়েছে, তাইজুল-মিরাজের অনভিজ্ঞতাও এখানে ফুটে উঠেছে। আশা করি, ওরা ধারাবাহিকতার মূল্য বুঝতে শিখবে।”