২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুয়াড়িদের দ্রুততম সময়ে শাস্তির উদ্যোগ বিসিবির

জুয়াড়িদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, জুয়াড়িদের দ্রুততম সময়ে শাস্তি দিতে করণীয় নিয়ে আলোচনা চলছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2018, 07:01 PM

Updated : 08 Apr 2022, 05:41 PM

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলেন নিজাম জানান, জুয়াড়িদের ব্যাপারে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

“বিদ্যমান আইনে কিছু সীমাবদ্ধতা আছে। জুয়াড়িদের শাস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে কিছু করা যায় কিনা, সে বিষয়ে আলোচনা চলছে। সরকারের উচ্চমহলে আলোচনা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

দেশের মাটিতে বাংলাদেশের শেষ কয়েকটি সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে রকেট। এবারের টুর্নামেন্টের আনুষ্ঠানিক নাম ‘রকেট বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ২০১৮’।       

টুর্নামেন্টের সব ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। অস্ট্রেলিয়া টেস্টে বাজে আউটফিল্ডের জন্য দুটি ডিমেরিট পয়েন্ট পেয়েছে ‘হোম অব ক্রিকেট’ নামে পরিচিত এই মাঠ। সেই ম্যাচের পর ১৫ জানুয়ারি প্রথম আন্তর্জাতিক ম্যাচ হবে মিরপুরে। নিজাম মনে করেন, অস্ট্রেলিয়া টেস্টের চেয়ে ভালো অবস্থায় আছে শের-ই-বাংলার আউটফিল্ড।  

“সংশ্লিষ্ট যারা আছে, তাদের সঙ্গে কথা হয়েছে। আউটফিল্ড অস্ট্রেলিয়া সিরিজের সময় যেমন ছিলো, এখন তার চেয়ে ভালো আছে। আমরা মনে করি, সামনে যত দিন যাবে, আউটফিল্ড ততো ভালো হয়ে উঠবে।”

“আসলে অনেক কিছু মাথায় রেখে আমাদের কাজ করতে হয়। আমরা মিরপুরে বিশ্বকাপ, এশিয়া কাপের মতো আসর আয়োজন করেছি। যে কোনো বড় আয়োজনের জন্য আমরা সবার আগে মিরপুর স্টেডিয়ামকে গুরুত্ব দিই।”