‘দ. আফ্রিকায় হাথুরুসিংহের কৌশল কাজে দিয়েছে?’-প্রশ্ন সহকারীর
যেন মাঝ দরিয়ায় নৌকা রেখে সটকে পড়েছেন মাঝি। চন্দিকা হাথুরুসিংহে আচমকা দায়িত্ব ছাড়ায় অনেকের কণ্ঠে এমনই হাহাকার। বাংলাদেশের ক্রিকেটার ভালো-মন্দ, শক্তি-দূর্বলতা সবই যার নখদর্পনে, তিনিই এখন প্রতিপক্ষ কোচ। অনেকের কণ্ঠে তাই শঙ্কা। তবে সেসব শঙ্কা উড়িয়ে দিলেন বাংলাদেশ দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসল।
যখন এক শিবিরে ছিলেন, দুজনের ঘনিষ্ঠতা ছিল বহুল আলোচিত। হাথুরুসিংহের খুব কাছের জন ছিলেন হ্যালসল। সেই হাথুরুসিংহে এখন প্রতিপক্ষ। বদলে গেছে হ্যালসলের সুরও।
“হাথুরুসিংহের মুখোমুখি হওয়াটা কেমন হবে?” প্রশ্নটি শেষ করতেও দিলেন না হ্যালসল, মুখের কথা কেড়ে নিয়ে বললেন, “প্রতিপক্ষ সে নয়, আমরা খেলব শ্রীলঙ্কান ক্রিকেটারদের সঙ্গে…।”
মাঠের লড়াইয়ে অবশ্যই হাথুরুসিংহে থাকবেন না। তবে সেই লড়াইয়ের জন্য লঙ্কান ক্রিকেটারদের তৈরি করে দেবেন তিনিই। বাংলাদেশের ক্রিকেটারদের খুঁটিনাটি জানা থাকায় সেভাবেই কৌশল নির্ধারণ করবেন হাথুরুসিংহে।
এই প্রসঙ্গেও পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন হ্যালসল। পাশাপাশি উড়িয়ে দিতে চাইলেন শঙ্কার মেঘটুকু।
“কৌশলের কথা যদি বলেন, দক্ষিণ আফ্রিকায় কেমন ছিল? তার কৌশল কাজে দিয়েছে? কৌশল হলো খুব ক্ষুদ্র অংশ। ক্রিকেট ম্যাচ জেতায় ভালো ক্রিকেটাররা। ভালো ক্রিকেটাররা যদি ভালো খেলে, দল জেতে।”
“আমাদের বেশ কিছু ভালো ক্রিকেটার আছে। দক্ষিণ আফ্রিকা সফরে ওরা ভালো খেলেনি। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলেছে। আমাদের ভালো ক্রিকেটার আছে। এখন নিশ্চিত করতে হবে, ওরা যেন ভালো খেলে। প্রস্তুতি সেভাবেই নিতে হবে।”
