২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রসন্ন ঝড়ে সিরিজ শ্রীলঙ্কার

চোট কাটিয়ে ফেরার ম্যাচে এবি ডি ভিলিয়ার্স ব্যাট হাতে ঝড় তুললেও বিজয়ীর বেশে মাঠ ছাড়তে পারেননি। শেষ দিকে সিকুগে প্রসন্নর বিধ্বংসী ব্যাটিংয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটের দারুণ জয় পেয়েছে শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 02:34 AM

Updated : 19 Aug 2022, 03:35 PM

এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে অতিথিরা।

বুধবার কেপ টাউনের নিউল্যান্ডসে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা।

বড় লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কাকে উড়ন্ত সূচনা এনে দেন উপুল থারাঙ্গা। অ্যাঞ্জেলো ম্যাথিউসের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া দিনেশ চান্দিমালকে ফিরিয়ে অতিথিদের চাপে ফেলেন ইমরান তাহির। ৭১ রানের জুটিতে ধাক্কা সামাল দেন নিরোশান ডিকভেলা ও ধনাঞ্জয়া ডি সিলভা।

১৬তম ওভারে ফিরে জোড়া আঘাতে এই দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে সুবিধাজনক জায়গায় নিয়ে যান লেগ স্পিনার তাহির। ৫১ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৬৮ রান করেন ডিকভেলা। এই তরুণ উদ্বোধনী ব্যাটসম্যান জেতেন ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার।

তবে প্রসন্নর তাণ্ডবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি স্বাগতিকরা। দলকে জয় এনে দেওয়ার পথে ১৬ বলে তিনটি করে ছক্কা-চারে ৩৭ রানে অপরাজিত থাকেন লঙ্কান অলরাউন্ডার। ৬ বলে অপরাজিত ১১ রানের কার্যকর ইনিংস খেলেন আসেলা গুনারত্নে।

১৮ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার তাহির। ২ ওভার বল করা লুনগি নগিদি চোট পাওয়ায় কোটা শেষ করতে পারেননি। এই পেসারের অভাব পুরোপুরি অনুভব করেছে স্বাগতিকরা। পাঁচ-পাঁচটি ক্যাচ মিসও তাদের ম্যাচ হাতছাড়া হওয়ার বড় কারণ।

এর আগে জন-জন স্মাটসের সঙ্গে ৩৬ ও ও ডি ভিলিয়ার্সের সঙ্গে ৭৩ রানের দুটি জুটিতে দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন রিজা হেনড্রিকস। ৩৪ বলে চারটি চারে ৪১ রান করে ফিরেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।

ডেভিড মিলার ও ফারহান বেহারডিনের দ্রুত বিদায়ে ভালো শুরুর সুবিধা হারাতে বসে দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে ফিরে যান ডি ভিলিয়ার্স। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ৩২ বছর বয়সী বিস্ফোরক ব্যাটসম্যান ৪৪ বলে দুটি চার ও তিনটি ছক্কায় করেন ৬৩ রান।

শেষের দিকে মাঙ্গালিসো মোসেহলের ঝড়ো ব্যাটিয়ে ১৬০ ছাড়ায় স্বাগতিকদের সংগ্রহ। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান ১৫ বলে তিনটি ছক্কা ও একটি চারে করেন ৩২ রান।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৯/৫ (স্মাটস ১৯, হেনড্রিকস ৪১, ডি ভিলিয়ার্স ৬৩, মিলার ১, বেহারডিন ৬, মোসেহলে ৩২*, পার্নেল ৩; ধনাঞ্জয়া ০/১০, কুলাসেকারা ১/৩০, উদানা ০/৪৯, প্রসন্ন ১/২১, সান্দাকান ১/২৩, গুনারত্নে ১/৩৪)

শ্রীলঙ্কা: ১৯.৫ ওভারে ১৭০/৫ (ডিকভেলা ৬৮, থারাঙ্গা ২০, চান্দিমাল ৫, ধনাঞ্জয়া ১৯, প্রসন্ন ৩৭*, মেন্ডিস ২, গুনারত্নে ১১*; নগিদি ০/১৩, প্যাটারসন ০/৩৮, পার্নেল ১/৪২, তাহির ৩/১৮, ফেহলুকয়ায়ো ০/৩২, স্মাটস ০/২২)