২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে হারিয়ে কোহলির ভারতের দারুণ সূচনা

ওয়ানডে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির সূচনাটা হলো এককথায় অসাধারণ। বিশাল রান তাড়ার শুরুতে খেই হারানো দলকে ব্যাট হাতে পথ দেখালেন সামনে থেকে, তাকে যোগ্য সঙ্গ দিলেন কেদার যাদব। তাদের গড়ে দেওয়া মজবুত ভিতের উপর দাঁড়িয়ে দলকে জয় পাইয়ে দেন হার্দিক পান্ডিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2017, 10:17 PM

Updated : 11 Oct 2022, 01:20 PM

পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সাত উইকেটে ৩৫০ রান করে ইংল্যান্ড। জবাবে কোহলি ও যাদবের শতকে ৪৮.১ ওভারে লক্ষ্যে পোঁছায় ভারত।

এই জয়ে তিন ম্যাচেরওয়ানডে সিরিজে ১-০ এ এগিয়ে গেল ভারত।

বিশাল রান তাড়ায় শুরুতেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা, ৬৩ রানের মধ্যে হারিয়ে বসে চার উইকেট। ওখান থেকে ২০০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথ দেখান কোহলি ও যাদব।

পঞ্চম উইকেটে ওভারপ্রতি ৮.১৬ গড়ে রান তোলেন তারা। স্টোকসের করা ৩৭তম ওভারের দ্বিতীয় বলে ডেভিড উইলির হাতে কোহলি ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে ২৪.৩ ওভার স্থায়ী জুটি। ২৭তম ওয়ানডে শতক হাঁকানো কোহলি ১২২ রান করেন। তার ১০৫ বলের ইনিংসটি আটটি চার ও পাঁচটি ছক্কায় গড়া।

কিছুক্ষণ পর জেক বলের বলে স্টোকসকে ক্যাচ দেন ক্যারিয়ারে দ্বিতীয় ওয়ানডে শতক করা যাদব। তার ৭৬ বলের বিধ্বংসী ইনিংসটি ১২টি চার ও ৪টি ছক্কায় গড়া।

রবিন্দ্র জাজেদার দ্রুত বিদায়ে কিছুটা চাপে পড়েছিল স্বাগতিকরা। তবে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ৩৭ বলে ৪০ রানের দৃঢ় দায়িত্বশীল ইনিংসে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। 

৬৭ রান খরচায় ৩ উইকেট নেওযা জেক বল ইংল্যান্ডের সফলতম বোলার।    

এর আগে জেসন রয়, জো রুট ও বেন স্টোকসের অর্ধশতকে সাড়ে তিনশ স্পর্শ করে ইংলিশদের ইনিংস।

ওপেনার রয় ৬১ বলে ১২টি চারের সাহায্যে ৭৩ রান করেন। তিন নম্বরে নামা রুট খেলেন কিছুটা ধীর গতিতে, ৯৫ বলে চারটি চার ও এক ছক্কায় করেন সর্বোচ্চ ৭৮ রান।

প্রতিপক্ষকে বড় লক্ষ্য দেওয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ষষ্ঠ উইকেটে স্টোকস (৬২) ও মইন আলির (২৮) ঝড়ো গতির ব্যাটিং। দুজনে মিলে ৫.৩ ওভারে ১৩.২৭ রান রেটে সর্বোচ্চ ৭৩ রানের জুটি গড়েন।

স্টোকসের ৪০ বলের ইনিংসটি দুটি চার ও পাঁচটি ছক্কায় গড়া। আর মইন ১৭ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছয়।

দুটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও বুমরাহ।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৫০/৭ (জেসন ৭৩, হেলস ৯, রুট ৭৮, মর্গ্যান ২৮, বাটলার ৩১, স্টোকস ৬২, মইন ২৮, ওকস ৯, উইলি ১০; পান্ডিয়া ২/৪৬, বুমরাহ ২/৭৯, জাদেজা ১/৫০, যাদব ১/৬৩)

ভারত: ৪৮.১ ওভারে ৩৫৬/৭ (রাহুল ৮, ধাওয়ান ১, কোহলি ১২২, যুবরাজ ১৫, ধোনি ৬, যাদব ১২০, পান্ডিয়া ৪০*, জাদেজা ১৩, অশ্বিন ১৫; বল ৩/৬৭, উইলি ২/৪৭, স্টোকস ২/৭৩)

ফল: ভারত ৩ উইকেটে জয়ী