২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মিথের শতকে অস্ট্রেলিয়ার লিড

মাত্র তিন রানের জন্য শতক পাননি উসমান খাওয়াজা। তবে তিন অঙ্ক ছুঁয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে লিড এনে দিয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 12:49 PM

Updated : 12 Apr 2022, 03:37 AM

ড্রয়ের পথে রয়েছে মেলবোর্ন টেস্ট। বৃষ্টির বাধায় চার দিনেও দুই দলের একটি করে ইনিংস শেষ হয়নি। খুব নাটকীয় কিছু না হলে ফল হওয়ার সম্ভাবনা নেই।

মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ৪৬৫ রান। সপ্তম টেস্ট শতক পাওয়া স্মিথ ১০০ ও মিচেল স্টার্ক ৭ রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে স্বাগতিকরা এগিয়ে ২২ রানে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এমসিজিতে ২ উইকেটে ২৭৮ রান নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়া। ৯৫ রান নিয়ে শুরু করা খাওয়াজা ফিরে যান ২ রান যোগ করেই।

১০ রান নিয়ে দিন শুরু করা স্মিথ সেই ভুল করেননি। দৃঢ়তা ভরা ইনিংসে চা-বিরতির আগেই শতকে পৌছান এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। তার ১৬৮ বলের ইনিংসটি গড়া ৯টি চারে।

স্মিথের সঙ্গে ৯২ রানের চমৎকার এক জুটি উপহার দেন পিটার হ্যান্ডসকম। অর্ধশতকে পৌঁছানোর পর সোহেল খানের বলে সামি আসলামকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

নিক ম্যাডিনসন আবার সুযোগ হাতছাড়া করেছেন, ফিরেছেন ২২ রান করে। দুই অঙ্কেই যেতে পারেননি ম্যাথু ওয়েড।

বৃষ্টির দাপটে চা-বিরতির পর চতুর্থ দিন আর খেলা সম্ভব হয়নি।

ব্রিজবেনে দিবা-রাত্রির টেস্ট ৩৯ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৩/৯ ইনিংস ঘোষণা

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১১৩.৫ ওভারে ৪৬৫/৬ (রেনশ ১০, ওয়ার্নার ১৪৪, খাওয়াজা ৯৭, স্মিথ ১০০*, হ্যান্ডসকম ৫৪, ম্যাডিনসন ২২, ওয়েড ৯, স্টার্ক ৭*; আমির ০/৭৪, সোহেল ২/৮৬, ইয়াসির ২/১৫০, ওয়াহাব ২/১৩৫, আজহার ০/১১)