লড়লেন কেবল রাজিন
ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে লড়লেন কেবল রাজিন সালেহ। দুই সেশনের মধ্যে সিলেটের শেষ ৯ উইকেট তুলে নিয়ে ১৫১ রানের দারুণ এক জয় পেল রাজশাহী।
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে ফরহাদ হোসেনের শতকে জয়ের আশা জায়গায় রাজশাহী। জয়ের জন্য শেষ দিন ৯ উইকেট প্রয়োজন ছিল তাদের। প্রথম ইনিংসে লিড নেওয়া সিলেটের দরকার ছিল আরও ৩০২ রান। ব্যাটিং ব্যর্থতায় তার ধারে কাছে যেতে পারেনি দলটি। অলআউট হয়েছে ১৭৮ রানে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুক্রবার ১ উইকেটে ২৮ রান নিয়ে খেলা শুরু করে সিলেট। প্রথম সেশনেই তাদের ৫ উইকেট নিয়ে জয়ের পথে এগিয়ে যায় রাজশাহী।
ইমতিয়াজ হোসেন ও জাকির হাসান দলকে নিয়ে যান ১ উইকেটে ৬১ রানে। এরপর ৫ রান যোগ করতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। অলক কাপালী ও রুমান আহমেদ এক অঙ্কের ঘরেই ফিরলে জয়ের আশা শেষ হয়ে যায় তাদের।
ম্যাচ বাঁচাতে রাজিন ও শাহানুরের দিকে তাকিয়ে ছিল সিলেট। রাজিন টিকে ছিলেন কিন্তু ২১ রান করেই ফিরেছেন শাহানুর। এরপর একাই খেলতে হয়েছে রাজিনকে। আবুল হাসান, আবু জায়েদ, খালেদ আহমেদদের কাছ থেকে খুব একটা সহায়তা পাননি তিনি।
৭৫ রানে অপরাজিত থাকেন রাজিন। তার ১২৬ বলের ইনিংসটি গড়া ১২টি চারে।
রাজশাহীর দুই বাঁহাতি স্পিনার সানজামুল ও সাকলাইন সজীব নেন তিনটি করে উইকেট।
প্রথম ইনিংসে ৩৫ ও দ্বিতীয় ইনিংসে ১৩২ রানের দুটি চমৎকার ইনিংস খেলা ফরহাদ জিতেন ম্যাচ সেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী ১ম ইনিংস: ২০৪
সিলেট ১ম ইনিংস: ২১৯
রাজশাহী ২য় ইনিংস: ৩৪৪
সিলেট ২য় ইনিংস: ৬১ ওভারে ১৭৮ (ইমতিয়াজ ৩২, সায়েম ৪, জাকির ২৪, রাহাতুল ২, রাজিন ৭৫*, কাপালী ৭, রুমান ৫, শাহানুর ২১, হাসান ০, জায়েদ ০, খালেদ ৫; রেজা ২/৬০, মুক্তার ১/২৫, মামুন ১/৩১, সাকলাইন ৩/৪৫, সানজামুল ৩/১৫)
ফল: রাজশাহী ১৫১ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ফরহাদ হোসেন।
