২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপকে মাথায় রেখে এশিয়া কাপে যুবারা

পরবর্তী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ এখনও অনেকটা দূরে। তবে বাংলাদেশের প্রস্তুতি শুরু হয়ে গেছে আরও কয়েক মাস আগেই। চলছে অনুশীলন। নতুন এই দল এবার অংশ নেবে প্রথম কোনো টুর্নামন্টে। শ্রীলঙ্কায় যুব এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 05:05 PM

Updated : 11 Oct 2022, 09:26 PM

সাইফ হাসানের নেতৃত্বে বাংলাদেশের নতুন যুব দল শ্রীলঙ্কায় যাবে আগামী মঙ্গলবার। ওই দিনই শুরু হতে যাচ্ছে আট দলের টুর্নামেন্ট। তবে বাংলাদেশের প্রথম ম্যাচ বৃহস্পতিবার। নতুন দলের প্রথম সফরের আগে রোববার কোচ-অধিনায়ক মুখোমুখি হলেন সংবাদ মাধ্যমের।

মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে আগের অনূর্ধ্ব-১৯ দল যুব বিশ্বকাপে বাংলাদেশকে সেরা সাফল্য এনে দিয়েছে। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য সাইফ এবার অধিনায়ক। নতুন দলের ওপর ভরসাও আছে নতুন অধিনায়কের।

“আগের দলটির চেয়ে এই দল অভিজ্ঞতায় একটু পিছিয়ে। তবে মাত্রই শুরু। প্রথম টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। এশিয়া কাপ খেললেই আশা করি ঠিক হয়ে যাবে।”

“এই দলের অনেকেই আমরা অনূর্ধ্ব-১৭ থেকে একসঙ্গে খেলেছি। সবার যোগাযোগ বেশ ভালো। তিন-চার মাস ধরে একসঙ্গে ক্যাম্প করেছি। প্রস্তুতি ম্যাচ খেলেছি। আশা করি, ভালো করব। এশিয়া কাপে যত পারি অভিজ্ঞতা অর্জন করব, যেটা ভবিষ্যতে কাজে দেবে।”

অভিজ্ঞতা অর্জনের কথা উঠে এল কোচ আব্দুল করিম জুয়েলের কণ্ঠেও। ভাবনায় আগামী যুব বিশ্বকাপ।

“বিশ্বকাপকে মাথায় রেখে দলটিকে প্রাথমিক একটা দল হিসেবে ভাবা হচ্ছে। টুর্নামেন্টের জন্য আমাদের প্রস্তুতি দারুণ। গত অগাস্ট থেকে আমরা ক্যাম্প করছি। কক্সবাজারে বিভিন্ন উইকেটে খেলেছি, বিকেএসপিতে খেলেছি, মিরপুরে খেলেছি। আশা করি, ভালো করব।”

২০১৮ সালে যুব বিশ্বকাপ হবে নিউ জিল্যান্ডে। সেই টুর্নামেন্টের জন্যই গড়ে তোলা হচ্ছে দল। এই নতুন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার অধিনায়ক সাইফ। ৩৩টি যুব ওয়ানডে খেলেছেন সদ্য ১৮ পেরুনো ব্যাটসম্যান। খেলেছেন ১২টি প্রথম শ্রেণির ম্যাচ।

গত যুব দল থেকে সাইফ ছাড়া আছেন আর একজনই, পেস বোলার আব্দুল হালিম। নতুন হলেও বিপিএল খেলে ও অভিষেকে ৫ উইকেট নিয়ে অনেকটা পরিচিতি পেয়ে গেছেন দলের সহ-অধিনায়ক, অলরাউন্ডার আফিফ হোসেন।

এবারের দলটি গঠন করার প্রেক্ষাপট জানালেন কোচ আব্দুল করিম।

“অনেক ক্রিকেটারদের মধ্যে কজনকে বেছে নিয়েছি। খুব ভালোভাবে দেখে দেখে, সময় নিয়ে আমরা বাছাই করেছি। ওদের সবাই অনূর্ধ্ব-১৩, ১৫, ১৭, এই বয়সভিত্তিক পর্যায়গুলো পেরিয়ে এসেছে।”

বিসিবির যুব দলের অন্যতম নির্বাচক ও এই টুর্নামেন্টের ম্যানেজার এহসানুল হক সেজানও বললেন, বিশ্বকাপকে মাথায় রেখেই গোছানো হচ্ছে দল।

“বিশ্বকাপকে ফোকাস করেই আমরা এগোচ্ছি। অনুশীলন চলছে নিয়মিত। এবার প্রথম কোনো টুর্নামেন্ট খেলব আমরা। খুব ভালো একটি অভিজ্ঞতা হবে আশা করি।”

‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, আফগানিস্তান ও সিঙ্গাপুর। এই গ্রুপের খেলা হবে গল ও মাতারায়। ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গী শ্রীলঙ্কা, নেপাল ও মালয়েশিয়া। এই গ্রুপের খেলা হবে কলম্বোয়।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুটি সেমি-ফাইনাল ও ফাইনাল দিবারাত্রির। শেষের কদিন তাই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে কৃত্রিম আলোয় অনুশীলন করেছে বাংলাদেশের যুবারা। রোববার খেলছে দিবারাত্রির প্রস্ততি ম্যাচ।

টুর্নামেন্টের ফাইনাল আগামী ২৩ ডিসেম্বর।

এশিয়া কাপের বাংলাদেশ যুব দল: সাইফ হাসান (অধিনায়ক), সজিব হোসেন, নাজমুল আলম, আফিফ হোসেন (সহ-অধিনায়ক), আমিনুল ইসলাম বিপ্লব, রায়ান রাফসান রহমান, হাবিবুর রহমান, মোহাম্মদ রাকিব, মাহিদুল ইসলাম ভুইয়া অঙ্কন, নাইম হাসান, শাখা্ওয়াত হোসেন, কাজি অনিক ইসলাম, ইয়াসিন আরাফাত, মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল হালিম।

স্ট্যান্ড বাই: হাসান মাহমুদ, শাহাদাত হোসেন হৃদয়, আব্বাস মুসা আলভি, আকবর আলি।