হার দিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টি শেষ রুমানাদের
ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে মহিলা এশিয়া কাপ টি-টোয়েন্টিতে খেলতে যাওয়া বাংলাদেশ টুর্নামেন্ট শেষ করেছে চতুর্থ স্থানে থেকে। ভারত, পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও বড় ব্যবধানে হেরেছে রুমানা আহমদের দল।
ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে শনিবার নিজেদের শেষ ম্যাচে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৯৩ রান করে বাংলাদেশ। ১ ওভার বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
ষষ্ঠ ওভারে নিপুনি হানসিককাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন অধিনায়ক রুমানা। দ্বিতীয় উইকেটে যোসোদা মেন্ডিসের সঙ্গে চামারি আতাপাত্তুর ৫৮ রানের জুটিতে জয়ের পথে এগিয়ে যায় শ্রীলঙ্কা।
মেন্ডিসের (২৪) রান আউটে ভাঙে জুটি। একই রানে আতাপাত্তুকেও (২৫ বলে ৩৯) ফিরিয়ে দেন রুমানা। এরপর আর কোনো সাফল্য মেলেনি, দিলানি মানোদারা (৯*) ও হাসিনি পেরেরা (৯*) বাকিটুকু সহজেই সারেন।
৭ রানে দুই উইকেট নেন রুমানা। বাংলাদেশের বাকি ছয় বোলার ছিলেন উইকেটশূন্য।
এর আগে শারমিন সুলতানার সঙ্গে সানজিদা ইসলামের ৪৩ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালো হয় বাংলাদেশের। তবে এরপর রানের গতি বাড়ানোর কাজটা করতে পারেনি সানজিদা ও শায়লা শারমিন।
৪৯ বলে তিনটি চারে ৩৫ রান করে ফিরেন সানজিদা। ৩৮ বলে দুটি চারে ২৫ রানে অপরাজিত থাকেন শায়লা। শেষে রানে গতি বাড়াতে না পারায় একশ’ ছাড়ায়নি বাংলাদেশের সংগ্রহ।
শ্রীলঙ্কার আতাপাত্তু ২৪ রানে নেন দুই উইকেট।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬৪ রানে হারে বাংলাদেশ। স্বাগতিক থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে প্রথম জয় পায় রুমানার দল। পরের ম্যাচে নেপালকে হারায় ৯২ রানে। চতুর্থ ম্যাচে পাকিস্তানের কাছে বাংলাদেশ হারে ৯ উইকেটে। ছয় দলের এই টুর্নামেন্টের সেরা দুই দল খেলবে ফাইনালে।
