২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের পক্ষে এটা লেখা সম্ভব না, পাগল ছাড়া: মুশফিক

দলের ক্রিকেটারদের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ তোলায় বরিশাল বুলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও গায়ক আসিফ আকবরকে এক হাত নিয়েছেন মুশফিকুর রহিম। বরিশাল অধিনায়কের কাছে অভিযোগটি বিরক্তিকর ও লজ্জাজনক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 06:28 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

বরিশালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আসিফ সোমবার দুপুরে ফেইসবুকে লিখেন, “সব নির্মল অনুভূতিগুলোতে পানি ঢেলে দিয়েছে সন্দেহ। ১৭, ১৮, ১৯ এবং ২০ নম্বর ওভারগুলোতে ব্যাটসম্যানরা হয়ে যায় প্রতিবন্ধী আর বোলাররা হয়ে যায় বাঘ। টি-টোয়েন্টি ক্রিকেট জুয়ার অপর নাম। দর্শক হিসেবে মাঠে যাই খেলা দেখতে আর আমাদের নিয়ে খেলা হয় টেবিলে। অন্য কোন দলের কথা বলব না। আমার দল বরিশাল বুলসের বিদেশি এবং দেশি খেলোয়াড়দের একটা অংশ ম্যাচ ফিক্সিংয়ে জড়িত আমি নিশ্চিত, প্রমাণ নেই। তবে বিসিবি এবং আকসু যদি তীক্ষ্ণ দৃষ্টি দেয়, তাহলে অবশ্যই তারা প্রমান খুঁজে পাবেন আমার বিশ্বাস।”

এই লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দ্রুতই। ক্রিকেটাঙ্গনে এ নিয়ে ছিল নানা আলোচনা। মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এটা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন মুশফিক।

“কী আর বলব.. শোনার পর এবং দেখার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। উনি আমাদের দেশে প্রায় সেলিব্রেটি এবং এত শিক্ষিত একজন মানুষ; তার মুখ থেকে এ রকম কথা আসবে বা লিখবেন এরকম, এটা বিরক্তিকর ও লজ্জাজনক। কারণ খেলোয়াড় হিসেবে আমি যে দলেই খেলি না কেন, এই দলেও দেশি-বিদেশি সবাই এত কষ্ট করে খেলছে, এত পেশাদারিত্ব, এটাই আমাদের রুটি-রোজগার, এটার সঙ্গে যদি কেউ বেইমানি করে, এর চেয়ে বড় কিছু আর হতে পারে না।”

“উনি যেটা লিখেছেন, খুব কষ্ট লাগছে। উনি এটা মাথা ঠিক অবস্থায় লিখেছেন নাকি বেঠিক অবস্থায়, নিজেও জানি না। আমার প্রশ্ন করতে ইচ্ছে করছে উনাকে, সামনে পেলে প্রশ্ন করব, কোন পরিস্থিতি দেখে আপনার মনে হয়েছে বা কোন দেশি বা বিদেশি খেলোয়াড় জড়িত। উনি লিখেছেন যে উনি নিশ্চিত, কিন্তু প্রমাণ নেই। এটা কোন ধরণের ভাষা! এটাই বলে দেয় উনি কোন সেন্সে ছিলেন।”

ক্রিকেটের বাইরের লোককে ক্রিকেটে সম্পৃক্ত করা নিয়ে প্রশ্ন ওঠে প্রায়ই। মুশফিকও বললেন, এসব ক্ষেত্রে সমস্যাটি হয়ই।