২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার টানা তৃতীয় হার

হারের বৃত্ত থেকে বের হতে পারছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিন ম্যাচে টানা তৃতীয় হারের তিক্ত স্বাদ পেয়েছে শিরোপাধারীরা। পেসারদের দারুণ বোলিংয়ে মাশরাফি বিন মুর্তজার দলকে ১৩ রানে হারিয়েছে খুলনা টাইটানস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 08:47 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

প্রথম ১০ ওভারে ঝড় তোলা খুলনা দিক হারায় শেষ ১০ ওভারে। মাশরাফি বিন মুর্তজা-তানভির হায়দারের দারুণ বোলিংয়ে লক্ষ্যটা থাকে ধরা ছোঁয়ার মধ্যে। কিন্তু ব্যাটসম্যানরা উইকেট ছুড়ে আসায় শেষরক্ষা হয়নি কুমিল্লার।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৪ রান করে খুলনা। জবাবে ৯ উইকেটে ১৩১ রানে থেমে যায় কুমিল্লার ইনিংস।

ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া সৈকত আলী ইনিংস উদ্বোধন করতে পারেননি। তাই এক ম্যাচ পর ওপেনিংয়ে ফিরেন লিটন দাস। শুভাগত হোম চৌধুরীর বলে দুটি চার হাঁকিয়ে ফিরেন প্রথম ওভারেই।

আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস বিদায় নেন ঝড় তুলেই। দুটি ছক্কা ও একটি চারে ১৬ বলে ২১ রান করে জুনায়েদ খানের বলে হন বোল্ড। দুই অঙ্কে গিয়েই ফিরেন নাজমুল হোসেন শান্ত ও আসহার জাইদি।

কুমিল্লার ব্যাটিং ভরসা মারলন স্যামুয়েলস শফিউল ইসলামের একটু নীচু হওয়া বলে বোল্ড হন। স্যামুয়েলসের বিদায়ের সময় কুমিল্লার স্কোর ৫ উইকেটে ৮৬।   

দলকে টানতে পারেননি মাশরাফিও। তার দ্রুত বিদায়ের পর তানভির-রশিদ খানের ব্যাটে আশা জাগায় কুমিল্লা। মাহমুদউল্লাহর এক ওভারে তারা নেয় ১৬ রান। কিন্তু রশিদ রান আউটে ফিরে গেলে আর পেরে উঠেনি কুমিল্লা। তানভিরকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। খুঁড়িয়ে খুঁড়িয়ে ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে নামা সৈকত হন রান আউট।

উদ্বোধনী জুটিতে পরিবর্তন এনে কুমিল্লা সাফল্য না পেলেও পেয়েছে খুলনা। হাসানুজ্জামানের সঙ্গে খুলনাকে উড়ন্ত সূচনা এনে দেন প্রথমবারের মতো খেলতে নামা আন্দ্রে ফ্লেচার। ১৭ বলে তিনটি চার ও একটি ছক্কায় ২৩ রান করা ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যানকে ফেরান মাশরাফি।

৪.৪ ওভার স্থায়ী ৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙলেও দ্রুত এগোতে থাকে খুলনা। কুমিল্লার বাজে ফিল্ডিংয়েরও এতে বড় দায় রয়েছে। দ্বিতীয় উইকেটে হাসানুজ্জামানের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন শুভাগত হোম চৌধুরী। তাতে ১০ ওভারে ১ উইকেটে ৯২ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড়ায় খুলনা।

দিক হারানোর শুরু একাদশ ওভারের প্রথম বল থেকে। শুভাগতকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন মাশরাফি। অধিনায়ক পরের ওভারে ফিরে তুলে নেন ৬টি চারে ৩৭ রান করা হাসানুজ্জামানকেও।

প্রথম ওভারে ২ ওভারে ২২ রান দিয়ে ১ রান নেওয়া মাশরাফি শেষ পর্যন্ত ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের উইকেট।

অধিনায়কের দারুণ বোলিংয়ে উজ্জ্বীবিত কুমিল্লা রান নেওয়াই কঠিন করে তুলে। বাজে শট খেলে নিয়মিত উইকেট হারিয়ে নিজেরাই কাজটা কঠিন করে তুলেন খুলনার ব্যাটসম্যানরা।

অনিয়মিত অফ স্পিনার নাজমুল হোসেন শান্তকে উইকেট দেন মাহমুদউল্লাহ ও অলক কাপালী। সোহেল তানভিরের বলে বাজে শট খেলে ফিরেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিকোলাস পুরান। শেষের দিকে মোশাররফ হোসেন ও কেভন কুপারের উইকেটও নেন তানভির।

কুমিল্লার শেষের আঁটসাঁট বোলিংয়ে শেষ ১০ ওভারে ৫২ রানের বেশি পারেনি খুলনা। তারপরও জয় পেতে সমস্যা হয়নি দলটির।    

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা টাইটান্স: ২০ ওভারে ১৪৪/৯  (ফ্লেচার ২৩, হাসানুজ্জামান ৩৭, শুভাগত ১৬, মাহমুদউল্লাহ ১১, পুরান ১২, কাপালী ৩, আরিফুল ৭, কুপার ১১, মোশাররফ ২, জুনায়েদ ০*; মাশরাফি ৩/২৬, নাবিল ০/২৮, তানভির ৩/১৯, রশিদ ১/২৫, জাইদি ০/১০, নাজমুল ২/৯, সাইফুদ্দিন ০/৭)

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৩১/৯ (লিটন ৮, ইমরুল ২১, স্যামুয়েলস ৩০, নাজমুল ১০, জাইদি ১০, তানভির ২১*, মাশরাফি ৫, রশিদ ১০, সাইফুদ্দিন ৪, সৈকত ০, নাবিল ০*; শুভাগত ১/২০, জুনায়েদ ২/২৪, কুপার ১/১৬, মাহমুদউল্লাহ ০/২৮, মোশাররফ ১/২১, শফিউল ২/১৯)

ফল: খুলনা টাইটান্স ১৩ রানে জয়ী