ইংলিশ বোলারদের সামলানোর উপায় জানালেন মজিদ
টেস্টে ইংল্যান্ডের বোলিং কিভাবে সামলাতে হবে দারুণ এক শতকে তার বার্তাই যেন দিলেন আব্দুল মজিদ। এই তরুণ উদ্বোধনী ব্যাটসম্যান জানালেন, ইতিবাচক ব্যাটিং করলে ততটা চেপে বসার সুযোগ পাবে না ইংলিশ বোলাররা।
রোববার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে প্রথম ইনিংসে বিসিবি একাদশের ২৯৪ রানে মজিদের অবদান ১০৬ রান। প্রথম দিনের খেলা শেষে এই ডানহাতি ব্যাটসম্যান জানান, বাজে বলের জন্য অপেক্ষা করাই হবে বুদ্ধিমানের কাজ।
“ইংল্যান্ডের বোলাররা ভালো বোলিং করে। ওরা এক জায়গায় বোলিং করে যেতে থাকে। আপনাকে ইতিবাচক ব্যাটিং করতে হবে। অহেতুক ঝুঁকি নেওয়ার দরকার নেই, অপেক্ষা করবেন বাজে বলের জন্য।”
প্রথম সেশনে ৯২ রান তুলে নেওয়া মজিদ ক্রাম্পের জন্য দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নামেননি। তৃতীয় সেশনে নেমে পূর্ণ করেন শতক। অতিথিদের বোলিং দেখে তার মনে হয়, সারা দিনে একবারের জন্য নিজেদের পরিকল্পনা থেকে সরেছেন অতিথি বোলাররা।
“সারা দিন ওরা একভাবেই বোলিং করে গেছে। তবে আপনি যদি ওদের পরিকল্পনা ব্যর্থ করে দেন তাহলে খেলাটা খুব সহজ হবে। ওরা আরেকটা পরিকল্পনায় যাওয়ার সময়টাতে খুব সহজে খেলতে পারবেন।”
