২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের টি-টোয়েন্টি দল থেকে যুবরাজ, রায়না বাদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভারত দলে জায়গা হয়নি যুবরাজ সিং ও সুরেশ রায়নার। দুই জনই ছিলেন এই সংস্করণে হয়ে যাওয়া বিশ্বকাপ দলে। দলে ফিরেছেন পেসার ভুবনেশ্বর কুমার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2016, 10:48 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

জিম্বাবুয়ের বিপক্ষে পরীক্ষা-নিরীক্ষার সিরিজে ভালো খেলে টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন উদ্বোধনী ব্যাটসম্যান লোকেশ রাহুল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা অফ স্পিনার হরভজন সিং ও পেসার আশিষ নেহরাদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের রাখা হয়নি ফ্লোরিডায় হতে যাওয়া সিরিজের দলে। তাদের মতোই বাদ পড়েছেন হার্দিক পান্ডিয়া, পবন নেগি, মনিশ পান্ডে।

পেসার উমেশ যাদব, লেগ স্পিনার অমিত মিশ্র ও অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি ফিরেছেন টি-টোয়েন্টি দলে।

২৭ ও ২৮ অগাস্টের দুই ম্যাচে দলকে যথারীতি নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। ১৪ সদস্যের মধ্যে কেবল তিনি ও পেসার জাসপ্রিত বুমরাহই ওয়েস্ট ইন্ডিজে চলমান টেস্ট সিরিজের দলে নেই।

টেস্ট সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে যাবেন মুরালি বিজয়, চেতেশ্বর পুজারা, শার্দুল ঠাকুর, ইশান্ত শর্মা ও ঋদ্ধিমান সাহা।

ভারতের টি-টোয়েন্টি দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, অমিত মিশ্র, স্টুয়ার্ট বিনি।