লন্ডনের ‘সামার’ উপভোগ করছেন মুস্তাফিজ
কাঁধে অস্ত্রোপচারের আগে লন্ডনে বেশ ফুরফুরে মেজাজেই আছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান।
লন্ডনের বিত্তবানদের এলাকা হিসেবে পরিচিত কেনসিংটন ও চেলসি কাউন্সিলের ক্রমওয়েল হাসপাতালে বৃহস্পতিবার মুস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার হতে যাচ্ছে। কাঁধের অস্ত্রোপচারে পারদর্শী অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস বেলা সাড়ে ১১টায় অস্ত্রোপচার করবেন।
লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের কাছে এই ক্রমওয়েল হাসপাতালেই প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান চিকিৎসা করিয়েছিলেন। বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদও ক্রমওয়েল হাসতাপালে চিকিৎসা নেন। যতটুকু মনে পড়ে, ২০০১ সালে প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদও ক্রমওয়েল হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন।
অস্ত্রোপচারের সময় মুস্তাফিজের পাশে থাকার জন্য বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী লন্ডনে এরই মধ্যে এসেছেন। বুধবার সকালে বিসিবি সভাপতি নাজমুল হাসানও লন্ডনে পৌঁছান। এই প্রতিবেদককে তিনি জানান, মুস্তাফিজের অস্ত্রোপচার হবে বলে তিনি লন্ডনে এসেছেন তাকে সাহস দেওয়া জন্য। অপারেশনের সময় তিনি ক্রমওয়েল হাসপাতালে থাকবেন।
“আমাদের একটি দায়িত্ববোধ রয়েছে। এই ধরনের একটি অপারেশন লন্ডনে হচ্ছে, তার বাবা-মা এখানে আসেনি। এজন্যই বোর্ডের পক্ষ থেকে আমি এসেছি তার পাশে থেকে তাকে সাহস দেওয়ার জন্য।”
সাব্বির জানান, গত মঙ্গলবার মুস্তাফিজ বেশ তৃপ্তি করে ইলিশ মাছ এবং হাঁসের মাংস ভুনা দিয়ে ভাত খেয়েছেন। মুস্তাফিজ সাব্বিরের সঙ্গে তার ব্যবসা প্রতিষ্ঠানেও চলে যাচ্ছেন সময় কাটাতে। মাঝেমাঝে দুপুরে মুস্তাফিজ তার কর্মস্থলেই দুপুরের খাবার সেরে নিচ্ছেন।
সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট এবং রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলার জন্য মুস্তাফিজ ইংল্যান্ডে এসেছিলেন। আইপিএল মাতানো এই জাদুকরী বোলার লন্ডন পৌঁছার ২৪ ঘণ্টার মধ্যেই মাঠে নেমে মাত্র ২৩ রানের বিনিময়ে এসেক্সের চারটি উইকেট নিয়েছিলেন। কোনো বিশ্রাম না নিয়েই পরের দিন ওভালে সারের বিরুদ্ধে খেলতে গিয়ে উইকেট পাননি মুস্তাফিজ। কাঁধের পুরানো ব্যথা মাথাচাড়া দিয়ে উঠায় তিনি আর মাঠে নামতে পারেননি। সাসেক্স ক্লাব মুস্তাফিজের অনুপস্থিতিতে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের কোয়ার্টার-ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয়। আর আমরা ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা মুস্তাফিজের জাদুকরী বোলিং দেখা থেকে বঞ্চিত হলাম।
অস্ট্রেলিয়ার সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্বিবিদ্যালয়ের মেডিক্যাল স্কুল থেকে ১৯৮৭ সালে ডিগ্রি নিয়ে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা অ্যান্ড্রু ওয়ালেস সিডনিতে ফিরে গিয়ে অর্থোপেডিক বিষয়ে প্রশিক্ষণ নেন। এই প্রশিক্ষণ নেয়ার পর তিনি কাঁধের অস্ত্রোপচারের বিষয়ে সিডনি এবং কানাডার ক্যালগ্যারিতে কাঁধের অস্ত্রোপচারের ফেলোশিপ লাভ করেন।
ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকারসহ প্রিমিয়ার লিগ ফুটবল ক্লাবগুলো, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, ব্রিটিশ জুডো অ্যাসোসিয়েশন এবং ইংলিশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টসের অনেক ক্রীড়াবিদদের চিকিৎসা করেছেন অভিজ্ঞ সার্জন অ্যান্ড্রু ওয়ালেস।
লন্ডন, ১০ অগাস্ট, ২০১৬
(লেখক আবু মুসা হাসান সাবেক কূটনীতিক ও সাংবাদিক)
