২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইলিয়ামসনের পর রান উৎসবে টেলর-ওয়াটলিং

দিনের শুরুতে তিন অঙ্কের আবেশে মাখামাখি হলেন কেন উইলিয়ামসন। পরে সেই সুবাস গায়ে মাখলেন রস টেলর। কাছাকাছি গেলেন বিজে ওয়াটলিং। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও দীর্ঘায়িত হলো নিউ জিল্যান্ডের রান উৎসব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 10:14 PM

Updated : 11 Oct 2022, 08:35 PM

বুলাওয়ায়ো টেস্টের দ্বিতীয় দিনে চা বিরতিতে ৪ উইকেটে ৫৮২ রান তুলে ইনিংস ঘোষণা করেছে নিউ জিল্যান্ড। বোলিংয়ে আগের চেয়েও বিবর্ণ জিম্বাবুয়ে এবার আর শুরু থেকেই ভেঙে পড়েনি ব্যাটিংয়ে। দিন শেষ করেছেন বিনা উইকেটে ৫৫ রানে।

৯৫ রান নিয়ে দিন শুরু করেছিলেন উইলিয়ামসন। ডোনাল্ড টিরিপানোকে চার মেরে সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন দিনের দ্বিতীয় ওভারেই। ৫০ টেস্টে স্টাইলিস ব্যাটসম্যানের এটি ১৪তম সেঞ্চুরি।

এই সেঞ্চুরিতেই কিউই অধিনায়ক পূর্ণ করলেন উজ্জ্বল এক বৃত্ত। সেঞ্চুরির স্বাদ পেলেন টেস্ট খেলুড়ে সবকটি দেশের বিপক্ষেই!

সেঞ্চুরির পর অবশ্য আর বেশি দূর যেতে পারেননি উইলিয়ামসন। নবীন হেনরি নিকোলস হাতছাড়া করেছেন কিছু অনায়াস রানের সুযোগ। তবে টেলর ও ওয়াটলিং ছাড়েননি ব্যাটিং গড় আরেকটু সমৃদ্ধ করার সুযোগ।

জুটিতে ওভারপ্রতি চারের বেশি রান তুলেছেন দুজন। ১৪২ বলে টেলর স্পর্শ করেছেন ১৫তম টেস্ট সেঞ্চুরি। আগের টেস্টে সেঞ্চুরি করা ওয়াটলিংও ছিলেন তিন অঙ্কের পথে। অপরাজিত ৮৩ রান নিয়ে গিয়েছিলেন চা-বিরতিতে। কিন্তু সুযোগটা পাননি, বিরতির সময়ই ইনিংস ঘোষণা করেন উইলিয়ামসন।

জিম্বাবুয়ের বিপক্ষে এটিই নিউ জিল্যান্ডের সর্বোচ্চ ইনিংস। আগের সর্বোচ্চ ছিল আগের টেস্টেই ৬ উইকেটে ৫৭৬।

১২৪ রানে অপরাজিত থেকে যান টেলর। জিম্বাবুয়ের বিপক্ষে তার ব্যাটিং গড় দাঁড়িয়েছে অতি মানবীয়, ২৮৫.৫০! ৪ টেস্ট খেলে ৫ ইনিংসে ব্যাট করেছেন, স্কোর ৭৬, ৭৬, ১২২*, ১৭৩*, ১২৪*!

রান পাহাড়ে চাপায় আগের টেস্টে জিম্বাবুয়ের টপ অর্ডার দাঁড়াতেই পারেনি। এবার দাঁতে দাঁত চেয়ে লড়াই করেন টিনো মায়োয়ো ও চামু চিবাবা। প্রথম ১৫ ওভারে রান আসে মাত্র ১৫। পরে একটু গতি বাড়িয়েছেন দুই ওপেনার। দলের জন্য সবচেয়ে বড় স্বস্তি, অপরাজিত থেকে দিন শেষ করেছেন দুজনই।

তবে লড়াইয়ের কেবলই শুরু। ফলো অন এড়াতেও পাড়ি দিতে হবে এখন বহু পথ!

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ৩২৯/২) ১৫০ ওভারে ৫৮২/৪ (ডি.) (গাপটিল ৮৭, ল্যাথাম ১৩৬, উইলিয়ামসন ১১৩, টেলর ১২৪*, নিকোলস ১৫, ওয়াটলিং ৮৩*; টিরিপানো ১/১০২, চিনুউইয়া ১/৬৪, চিবাবা ০/৪৫, ক্রেমার ১/১৪৭, নিয়ুম্বু ০/১০৭, উইলিয়ামস ১/৬২, রাজা ০/১৭, মাসভাউরে ০/২৩)।

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩০ ওভারে ৫৫/০ (মায়োয়ো ২০*, চিবাবা ৩১*; সাউদি ০/৪, বোল্ট ০/৬, স্যান্টনার ০/২৮, ওয়াগনার ০/৮, সোধি ০/৫)।