২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার লোয়ার অর্ডারে সাকিব

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আবার আট নম্বরে ব্যাটিংয়ে নামিয়েছে জ্যামাইকা তালাওয়াহস। আবার সেন্ট লুসিয়া জুকসের কাছে হেরেছে তারা। ১৯৫ রানের বড় লক্ষ্য দেওয়া ড্যারেন স্যামির দলের জয় ১৭ রানের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 06:28 AM

Updated : 12 Apr 2022, 02:34 AM

আগের ম্যাচে সাকিব যখন ক্রিজে আসেন ততক্ষণে ম্যাচ মুঠোয় নিয়ে ফেলেছে জুকস।  ১১ বলে তখন প্রয়োজন ছিল ৬৮ রান। টি-টোয়েন্টিতে টপ অর্ডারে ব্যাটিং করতে পছন্দ করা সাকিব ফিরেন প্রথম বলেই বোল্ড হয়ে।

রোববার যখন সাকিব ক্রিজে আসেন তখনও সম্ভাবনা বেঁচে ছিল তার দলের, ২১ বলে প্রয়োজন ছিল ৪৯ রান। কিন্তু ব্যাট হাতে কাঙ্ক্ষিত ঝড় তুলতে পারেননি বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।  মেটাতে পারেননি পরিস্থিতির দাবি, ৯ বলে অপরাজিত থাকেন ৯ রানে।

রোববার রাতের ম্যাচে সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওন্যাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৯৪ রানের বিশাল সংগহ গড়ে সেন্ট লুসিয়া। 

জনসন চার্লসের সঙ্গে আন্দ্রে ফ্লেচারের ১১.২ ওভার স্থায়ী ১০৪ রানের জুটি উড়ন্ত সূচনা এনে দেয় সেন্ট লুসিয়াকে।  এই জুটিতে চার্লসের অবদান ৬৪ রান। তার ৩৫ বলের ঝড়ো ইনিংস ৯টি চার ও দুটি ছক্কায় গড়া। ফ্লেচার ৫৪ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় খেলেন ৭০ রানের আরেকটি আক্রমণাত্মক ইনিংস। 

শেষের দিকে ৫টি ছক্কায় ১৭ বলে অপরাজিত ৪২ রানের বিধ্বংসী ইনিংসে সেন্ট লুসিয়াকে দুইশ’ রানের কাছাকাছি নিয়ে যান শেন ওয়াটসন। বল হাতে তিন ওভারে ২১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব।

জবাবে ৬ উইকেটে ১৭৭ রান করে জ্যামাইকা।

ঝড় তুলেই ফিরে যান ক্রিস গেইল (৩০), কুমার সাঙ্গাকারা (২৪), আন্দ্রে রাসেল (২১)। জ্যামাইকার কোনো ব্যাটসম্যান নিজের ইনিংস খুব একটা বড় করতে পারেননি।  তেমন কোনো জুটিও গড়তে পারেনি দলটি। সর্বোচ্চ ৪৩ রানের জুটি গড়ে উঠে গেইল ও চ্যাডউইক ওয়ালটনের মধ্যে।