২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ রানের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া

ইংল্যান্ডের দ্বিতীয় সেরা দল লায়ন্সের হয়ে মাঠে ঝড় তুলেছেন বেন ডাকেট ও ড্যানিয়েল বেল-ড্রামন্ড। দলকে বিশাল সংগ্রহ এনে দেওয়া এই দুই তরুণ মাত্র ৫ রানের জন্য বিশ্ব রেকর্ড স্পর্শ করতে পারেননি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2016, 04:45 PM

Updated : 12 Apr 2022, 02:32 AM

সোমবার সেন্ট লরেন্স গ্রাউন্ডে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৪২৫ রান করে ইংল্যান্ড লায়ন্স। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটাই লায়ন্সের সর্বোচ্চ রান।

দ্বাদশ ওভারে ক্রিজে আসা বাঁহাতি ব্যাটসম্যান ডাকেট অপরাজিত থাকেন ২২০ রানে। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের প্রথম শতক পাওয়া বেল-ড্রামন্ড খেলেন অপরাজিত ১৭১ রানের আরেকটি চমৎকার ইনিংস। ১৪০ রানে জেতা ম্যাচে অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে এই দুই জনে ২৩২ বলে গড়েন ৩৬৭ রানের দারুণ এক জুটি।

মাত্র ৫ রানের জন্য ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসের যেকোনো জুটিতে সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করতে পারেননি লায়ন্সের এই দুই ব্যাটসম্যান। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের গেইল-স্যামুয়েলসের ৩৭২ লিস্ট ‘এ’ ক্রিকেটে এখনও সর্বোচ্চ রানের জুটি। এই ধরনের ক্রিকেটে অপরাজিত ৩৬৭ রানের জুটি আরেকটি আছে। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে নাইটসের বিপক্ষে পুরো ৫০ ওভার ব্যাট করে এই রান করেছিলেন ডলফিনের মর্নে ফন উইক ও ক্যামেরন ডেলপোর্ট।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম উইকেট হারিয়ে চারশ’ রানের কৃতিত্ব এখন লায়ন্সের। এর আগে সবচেয়ে কম উইকেট হারিয়ে চারশ’ রান করেছিল দক্ষিণ আফ্রিকা (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩৯/২) ও নিউ জিল্যান্ড (আয়ারল্যান্ডের বিপক্ষে ৪০২/২)।

স্বাগতিকদের ব্যাটসম্যানদের ঝড়টা বেশি গেছে পেসার থিসারা পেরেরার ওপর দিয়ে। ১০ ওভারে ১০১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে কোনো বোলারের এক ম্যাচে শতরান দেওয়ার এটা চতুর্দশ নজির।

বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে ৪৭ ওভার ৩ বলে ২৮৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা ‘এ’। তিন জাতি ‘এ’ দলের সিরিজে এটি স্বাগতিকদের চার ম্যাচে চতুর্থ জয়। প্রতিযোগিতার তৃতীয় দল পাকিস্তান।