২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাঈম-নয়নকে দিয়ে শুরু রিভিউ কমিটির কাজ

বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বোলিং অ্যাকশন রিভিউ কমিটির কাজ। প্রথম দিনে কমিটি দেখবে দুই বাঁহাতি স্পিনার নাঈম ইসলাম জুনিয়র ও অমিত কুমার নয়নের বোলিং।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 06:10 PM

Updated : 11 Oct 2022, 08:31 PM

গত ঢাকা প্রিমিয়ার লিগে ১১ জন বোলার প্রশ্নবিদ্ধ হয়েছেন মোট ১৮ বার। নাঈম-নয়ন দুজনের অ্যাকশন নিয়েই আম্পায়াররা সংশয় জানিয়েছেন একাধিকবার।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে অভিযুক্ত বোলারদের নিয়ে কাজ করবে কমিটি। বোলিং অ্যাকশন রিভিউ কমিটির প্রধান জালাল ইউনুস জানালেন, ক্যামেরা জোগাড়সহ প্রাথমিক সব আয়োজন সম্পন্ন।

“প্রথম দিনে আমরা দুইজন বোলার নিযে কাজ শুরু করবো। ক্যামেরা যা সেটআপ করার আমার করে রাখবো। দুইজন বোলার হচ্ছে নাঈম ইসলাম জুনিয়র ও অমিতাভ নয়ন। এই দুই জনকে নিয়ে আমরা প্রথম দিন কাজ করবো।”

৬টি টুডি ক্যামেরা নিয়ে কাজ করবে কমিটি। জালাল ইউনুস জানালেন, বোলারদের অ্যাকশনের সমস্যা বুঝতে ৬টি টুডি ক্যামেরাই যথেষ্ট। প্রয়োজন হলে ভবিষ্যতে থ্রিডি ক্যামেরাসহ অন্যান্য প্রযুক্তির সহায়তা নেওয়া হবে।

নাঈম ও নয়ন ছাড়াও এবারের প্রিমিয়ার লিগে প্রশ্নবিদ্ধ হয়েছে শেখ জামালের বাঁহাতি স্পিনার আরাফাত সানি, ব্রাদার্সের অফ স্পিনার সঞ্জিত সাহা, গাজী গ্রুপ ক্রিকেটার্সের অফ স্পিনার মুস্তাফিজুর রহমান, বাঁহাতি স্পিনার মইনুল ইসলাম, প্রাইম দোলেশ্বরের বাঁহাতি স্পিনার রেজাউল কবির রাজিব, কলাবাগান ক্রীড়া চক্রের অফ স্পিনার শরিফুল্লাহ, লেজেন্ডস অব রূপগঞ্জের অফ স্পিনার আসিফ আহমেদ রাতুল, মোহামেডানের বাঁহাতি স্পিনার ফয়সাল হোসেন ডিকেন্স ও সিসিএসের ডানহাতি পেসার মোহাম্মদ সাইফুদ্দিনের অ্যাকশন।

এদের মধ্যে সানি অবৈধ অ্যাকশনের কারণে নিষিদ্ধ আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তাকে নিয়ে কাজ চলছে জাতীয় দলের ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে। বাকি ১০ বোলারকে নিয়ে কাজ করবে রিভিউ কমিটি।

জালাল ইউনুসের সঙ্গে কমিটিতে আছেন তিন সাবেক ক্রিকেটার দিপু রায় চৌধুরী, ওমর খালেদ রুমি ও গোলাম ফারুক সুরু।