২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলরাউন্ডারের জন্য টি-টোয়েন্টি চ্যালেঞ্জ: সাকিব

টি-টোয়েন্টিকে একজন অলরাউন্ডারের জন্য চ্যালেঞ্জ বলে মনে করেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই তারকা ক্রিকেটার অবশ্য সেই চ্যালেঞ্জ ভালোবাসেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2016, 12:12 AM

Updated : 12 Apr 2022, 02:26 AM

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব এখন জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলছেন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি টুর্নামেন্টে। সিপিএলটি-টোয়েন্টি ডটকমকে তিনি জানান, টুর্নামেন্ট তারা যেভাবে এগোচ্ছেন তাতে তিনি খুশি।

“একজন অলরাউন্ডারের জন্য টি-টোয়েন্টি ক্রিকেট চ্যালেঞ্জ। তবে এই ধরনের চ্যালেঞ্জ আমি ভালোবাসি। অবশ্যই আমি আরও বেশি অবদান রাখতে চাই। তবে এই মুহূর্তে যা হচ্ছে তাতে আমি খুশি। তবে দল হিসেবে বা আমার নিজেরও উন্নতির অনেক সুযোগ রয়েছে।”

সিপিএলে তিন ম্যাচের দুটিতে জিতেছে জ্যামাইকা; অন্যটি হেরেছে সাকিবের দল। তিন ম্যাচে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার, দুই ইনিংসে করেছেন ৩২ রান।

কেনসিংটন ওভালে বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে খেলবে জ্যামাইকা। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে জিতে নিজেদের এগিয়ে রাখতে চান সাকিব।

সিপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব। এই বাঁহাতি অলরাউন্ডারের বিশ্বাস টুর্নামেন্টে দেশবাসীর সমর্থন পাবেন তিনি।

“বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের। বাংলাদেশের সব মানুষ ক্রিকেট ভক্ত আর তারা খেলাটিতে ভালোবাসে। তাই, তারা আমাকে সিপিএলে সমর্থন করবে।”

বিশ্বের বিভিন্ন দেশে টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিয়মিত খেলেন সাকিব। সিপিএলে খেলছেন এ নিয়ে দ্বিতীয়বার। তিনি মনে করেন, উপভোগ্য হবে এই টুর্নামেন্ট।

“এখন পর্যন্ত সিপিএল খুব ভালো এগোচ্ছে। আশা করি, এটা দিন দিন আরও ভালো হবে। আশা করি, অনেক রান হবে, অনেক ছক্কা হবে, অনেক উইকেট পড়বে, যা দর্শকরা উপভোগ করবে। সিপিএলে ঘরের মাঠে প্রতি ম্যাচে প্রচুর দর্শক হয়। আশা করি, অন্য যে সব ভেন্যুতে খেলব সেখানেও তাই থাকবে।”