২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুট, বাটলারের ব্যাটে ইংল্যান্ডের বড় জয়

জো রুট, জস বাটলারের ব্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। স্বাগতিকদের ১২২ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ডেভিড উইলি ও লিয়াম প্লানকেটেরও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2016, 12:40 AM

Updated : 11 Oct 2022, 08:27 PM

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে ঘরে তুলেছে ওয়েন মর্গ্যানের দল। একটি ম্যাচ টাই হয়, পরিত্যক্ত হয় অন্যটি। এনিয়ে চতুর্থবার পাঁচ বা তার বেশি ম্যাচের দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজে কোনো ম্যাচ হারল না ইংল্যান্ড।

শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩২৪ রান করে ইংল্যান্ড। জবাবে ৪২ ওভার ৪ বলে ২০২ রানে অলআউট  হয়ে যায় শ্রীলঙ্কা।

লক্ষ্য তাড়ায় শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো শ্রীলঙ্কা কখনও সেভাবে জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি। ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিলে প্রতিরোধ গড়েন কেবল দানুসকা গুনাথিলাকা ও দিনেশ চান্দিমাল।

৪৫ বলে ৪৮ রান করে ফিরেন গুনাথিলাকা। দ্বি-পাক্ষিক সিরিজে শ্রীলঙ্কার প্রথম ব্যাটসম্যান হিসেবে চার নম্বরে চারটি অর্ধশতক করা চান্দিমাল ফিরে যান ৫৩ রান করে।

৩৪ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার উইলি। এই প্রথম ওয়ানডেতে চার উইকেট পেলেন এই বাঁহাতি পেসার। আরেক পেসার প্লানকেট ৩ উইকেট নেন ৪৪ রানে।

এর আগে জেসন রয়ের সঙ্গে জেমস ভিন্সের ৬৭ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালো হয় ইংল্যান্ডের। অর্ধশতকে পৌঁছানোর পর ভিন্স, আর থিতু হয়ে মর্গ্যান ও জনি বেয়ারস্টো ফিরে গেলে ভালো শুরুর সুবিধা হারাতে বসে স্বাগতিকরা।

৩৩তম ওভারে ১৮২ রানে চার উইকেট হারানো ইংল্যান্ডকে পথ দেখান রুট ও বাটলার। পঞ্চম উইকেটে ১৪.২ ওভারে এই দুই জনে গড়েন ১০৯ রানের জুটি। এতে বাটলারের অবদান ৭০ রান।

৪৫ বলের ইনিংসে প্রথম ২৫ বলে ২৫ রান করেন বাটলার। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের শেষ ২০ বলে আসে ৪৫ রান। তার এবং রুটের দাপুটে ব্যাটিংয়ে শেষ ৭ ওভারে ৭৯ রান যোগ করে ইংল্যান্ড।

দলকে সোয়া তিনশ’ রানের সংগ্রহ এনে দেওয়া রুটকে ফিরতে হয় ৭ রানের জন্য শতক না পাওয়ার হতাশা নিয়ে। ১০৬ বলে ৬টি চারের সাহায্যে ৯৩ রান করেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

৪৮ রানে তিন উইকেট নিয়ে দানুসকা গুনাথিলাকা শ্রীলঙ্কার সেরা বোলার।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৫০ ওভারে ৩২৪/৭ (রয় ৩৪, ভিন্স ৫১, রুট ৯৩, মর্গ্যান ২০, বেয়ারস্টো ২২, বাটলার ৭০, ওকস ১৭*, প্লানকেট ৯; গুনাথিলাকা ৩/৪৮, প্রদিপ ১/৫৯, লাকমল ১/৬৫, বান্দারা ১/৮৩)

শ্রীলঙ্কা: ৪২.৪ ওভারে ২০২ (পেরেরা ৬, গুনাথিলাকা ৪৮, মেন্ডিস ২২, চান্দিমাল ৫৩, ম্যাথিউস ১৩, থারাঙ্গা ০, শানাকা ২২, প্রসন্ন ৫, লাকমল ১০, প্রদিপ ৭, বান্দারা ১*; উইলি ৪/৩৪, প্লানকেট ৩/৪৪, রশিদ ২/৪১)

ফল: ইংল্যান্ড ১২২ রানে জয়ী