২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সুপার স্টার্সের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকে পিছু ছাড়ছে না ক্রিকেটারদের পাওনা বকেয়া থাকার বিষয়টি। তিনটি আসর হয়ে গেলেও এই সমস্যার সুষ্ঠু সমাধান করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ইস্যুতে এবার সিলেট সুপার স্টার্সের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 09:26 PM

Updated : 12 Apr 2022, 02:18 AM

খেলোয়াড়দের টাকা পরিশোধ না করা, বোর্ডের পাওনা না দেওয়ার মতো বিষয়গুলো নিয়ে আগেও বিসিবি আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল। তবে সে সবের এক রকম সমাধান করেই তৃতীয় আসর বসে গত নভেম্বর-ডিসেম্বরে।

সেই আসরে ঢেলে সাজানো হয় টুর্নামেন্টটিকে। সর্বশেষ আসরে অংশ নেয় ছয়টি ফ্র্যাঞ্চাইজি। তার একটি সিলেট সুপার স্টার্স এখনও খেলোয়াড়দের পাওনা পুরো পরিশোধ করেনি। তাদের কাছে পাওনা আছে বিসিবিরও। টাকার অঙ্ক সব মিলিয়ে তিন-চার কোটি।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সভা শেষে বোর্ড প্রধান নাজমুল হাসান আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়ে বলেন, “সিলেট সুপার স্টার্স থেকে পেমেন্ট বকেয়া আছে, বিসিবিরও পাওনা আছে।”

প্রথম দুই আসরের তিক্ত অভিজ্ঞতা থেকে তৃতীয় আসরের জন্য নতুন মালিক বেছে নেয় বিসিবি। তবে আগের দুই আসরের সিলেট রয়্যালস ও বরিশাল বার্নার্স পাওনা পরিশোধ করে তৃতীয় আসরে দুটি দল নেয়।

সিলেট রয়্যালসের মালিক কেনেন নতুন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যারা সেই আসরে শিরোপা জেতে। আর বরিশাল বার্নার্সের মালিক কেনেন সিলেট সুপার স্টার্সকে, যারা টুর্নামেন্ট শেষ করে পাঁচে থেকে।

নতুন দল নিলেও পুরনো অভ্যাস ছাড়েনি সিলেট সুপার স্টার্সের মালিক আলিফ গ্রুপ। এমন কিছুর শঙ্কা থেকেই আর্থিক নিরাপত্তার জন্য ব্যাংক গ্যারান্টি নিয়ে রেখেছিল বিসিবি। সেখান থেকেও তারা টাকা তুলতে পারেননি তারা।

“তারা অন্য জায়গায় গিয়ে আটকিয়েছে। ওরা একটা জটিলতা তৈরি করছে। আমরা এই বিষয়টির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওদের বিরুদ্ধে লিগ্যালি যা করা দরকার আমরা সেটা করব।”

পুরনো খবর:

ক্লাবগুলোকে বিসিবির ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন রুবেল
আবাহনী-দোলেশ্বর ম্যাচে কি হয়েছিল জানতে কমিটি