পারলেন না ধোনি, জিম্বাবুয়ের রোমাঞ্চকর জয়
ওয়ানডের মতো একপেশে হবে না টি-টোয়েন্টি সিরিজ; হুঙ্কারটা আগেই জানিয়ে রেখেছিল জিম্বাবুয়ে। পেরেছে স্বাগতিকরা, ১১ মাস আগের কীর্তির পুনরাবৃত্তি করে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়েছে তারা।
রোমাঞ্চকর ম্যাচে জিম্বাবুয়ের ২ রানের জয়ে বড় অবদান বিধ্বংসী ইনিংস খেলা এল্টন চিগুম্বুরার। তবে দারুণ এক শেষ ওভারে নায়ক নেভিল মাডজিভা।
গত বছর হারারেতেই দুই দলের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ১০ রানে হারিয়েছিল জিম্বাবুয়ে।
শনিবার পাঁচ খেলোয়াড়ের অভিষেকের ম্যাচে শেষ বলে একটি চার দরকার ছিল ভারতের। পারেননি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে এক রান নিতে পারেন তিনি।
শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭০ রান করে জিম্বাবুয়ে। জবাবে ৬ উইকেটে ১৬৮ রানের বেশি করতে পারেনি ভারত।
লক্ষ্য তাড়ায় প্রথম বলেই লোকেশ রাহুলকে হারায় ভারত। এই প্রথম টি-টোয়েন্টিতে কোনো ম্যাচে প্রথম বলে উইকেট হারাল দলটি। ওয়ানডেতে অভিষেকে শতক করেছিলেন রাহুল, এবার দেখলেন মুদ্রার উল্টো পিঠটাও।
আরেক অভিষিক্ত মানদিপ সিং ৭ রানে জীবন পাওয়ার সুযোগ কাজে লাগাতে পারেননি। ২৭ বলে ৩১ রান করে ফিরে যান এই উদ্বোধনী ব্যাটসম্যান। অম্বাতি রাইডু ও কেদার যাদবের দ্রুত বিদায়ে ম্যাচে চালকের আসনে বসে জিম্বাবুয়ে।
তিন ওয়ানডেতে যথাক্রমে ৯, ৮ ও ১০ উইকেটে জেতায় কোনোটাতেই ব্যাট করতে হয়নি ধোনিকে। জিম্বাবুয়ে সফরে প্রথমবারের মতো ব্যাটিংয়ে যখন আসেন অধিনায়ক, দল তখন বিপদে- ত্রয়োদশ ওভারে ৯০ রানে নেই চার উইকেট।
সেখান থেকে মনিশ পান্ডের ৪৮ আর অক্ষর প্যাটেলের ১৮ রানের সুবাদে শেষ ওভারে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৮ রান। মাডজিভার দারুণ বোলিংয়ে সেই ওভারে ৫ রানের বেশি নিতে পারেনি অতিথিরা।
লড়াইয়ের পুঁজির জন্য তাদের প্রচেষ্টা যথেষ্ট ছিল না। ওয়ানডে সিরিজে যথাক্রমে ১৬৮, ১২৬ ও ১২৩ রানে অলআউট হওয়া স্বাগতিকদের বড় সংগ্রহ এনে দিতে শেষে ঝড় তোলেন চিগুম্বুরা।
শেষ দুই ওয়ানডেতে ‘গোল্ডেন ডাক’ পাওয়া চিগুম্বুরার তাণ্ডবে শেষ ৬ ওভারে ৭০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ২৬ বলে ম্যাচ সেরা চিগুম্বুরা একটি চার ও সাতটি বিশাল ছক্কায় অপরাজিত থাকেন ৫৪ রানে, এটি তার তৃতীয় অর্ধশতক।
অভিষেকে ৪ ওভারে ৪৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন জয়দেব উনাদকাত। আরেক অভিষিক্ত রিশি ধাওয়ান ৪২ রানে নেন এক উইকেট। তাদের মতোই নিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সুবিধা করতে পারেননি উজবেন্দ্র চাহালও। ৩৮ রানে এক উইকেট পান এই লেগ স্পিনার।
তিন ম্যাচের সিরিজের পরের ম্যাচটি আগামী সোমবার।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৭০/৬ (চিবাবা ২০, মাসাকাদজা ২৫, মুতুমবামি ০* রাজা ২০, ওয়ালার ৩০, মুতমবডজি ৩, চিগুম্বুরা ৫৪*, ক্রেমার ৪, মাডজিভা ৫*; বুমরাহ ২/২৪, প্যাটেল ১/১৮, চাহাল ১/৩৮, ধাওয়ান ১/৪২)
ভারত: ২০ ওভারে ১৬৮/৬ (রাহুল ০, মানদিপ ৩১, রাইডু ১৯, পান্ডে ৪৮, যাদব ১৯, ধোনি ১৯*, প্যাটেল ১৮, ধাওয়ান ১*; চিবাবা ২/১৩, মুজারাবানি ২/৩১, মাডজিভা ১/৩৪, টিরিপানো ১/৩৫)
ফল: জিম্বাবুয়ে ২ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: এল্টন চিগুম্বুরা।
